নতুন আইন বা সংশোধনী জরুরি হয়ে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বর্তমান পরিবেশ আদালত আইন দিয়ে যে দেশের পরিবেশ রক্ষা করা যাবে না, সেটা দীর্ঘ সময়ের অভিজ্ঞতার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) উদ্যোগে অনুষ্ঠিত এক কর্মশালায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক নিজেও পরিবেশ আদালত আইনের বিভিন্ন সীমাবদ্ধতা মেনে নিয়েছেন। ওই কর্মশালায় বক্তারা পরিবেশ আইনকে কার্যকর করে তুলতে এর সংশোধন বা নতুন আইন প্রণয়নের কথা বলেছেন। আমরাও মনে করি, এই আইনের সংশোধন প্রয়োজন। এ প্রসঙ্গে আমরা সুনির্দিষ্টভাবে কিছু দিক তুলে ধরা জরুরি বলে মনে করছি।
এটা মানতেই হবে যে যাদের দ্বারা পরিবেশের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে বা যারা পরিবেশের ক্ষতির জন্য দায়ী, তারা খুবই শক্তিশালী। এ কারণে বর্তমান পরিবেশ আদালত আইন অনুযায়ী নিম্ন আদালত দিয়ে পরিবেশ রক্ষার কাজটি সম্ভব নয়। এর জন্য উচ্চ আদালত লাগবে। দ্বিতীয়ত, আদালতের জন্য পরিবেশ-সংক্রান্ত টেকনিক্যাল বা বিশেষজ্ঞ কমিটি লাগবে, যারা প্রয়োজনে আদালতকে সহায়তা করবে বা আদালত তাদের কাছে পরামর্শ চাইতে পারবেন। তৃতীয়ত, প্রচলিত দেওয়ানি এবং ফৌজদারি কার্যবিধি ও সাক্ষ্য আইন দিয়ে পরিবেশ আদালত চলবে না। স্বাভাবিক ন্যায়বিচারের নীতিকে বিবেচনায় নিতে হবে এবং আদালতের এখতিয়ার সুস্পষ্ট ও ব্যাপক করতে হবে।
একটি কার্যকর পরিবেশ আইন করার ক্ষেত্রে আমরা বিভিন্ন দেশের অভিজ্ঞতাকে বিবেচনায় নিতে পারি। বিশেষ করে ভারত, ফিলিপাইন ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর পরিবেশ-সংক্রান্ত আইনকে বিবেচনায় নেওয়া যায়। কারণ, এসব দেশে পরিবেশ-সংক্রান্ত আইন যথেষ্ট কার্যকর হিসেবে বিবেচিত।
বেলার কর্মশালায় উপস্থিত আইনমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছেন, পরিবেশ আইনের সীমাবদ্ধতা নিয়ে তিনি পরিবেশ ও বনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। আমরা আশা করব, আইন মন্ত্রণালয় বর্তমান আইনের সীমাবদ্ধতার বিষয়টি সরকারের নীতিনির্ধারক মহলকে বোঝাতে সক্ষম হবে এবং এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেবে।