নতুন ইসি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠাতে হবে। সুতরাং অনধিক পাঁচ সদস্যের নতুন ইসি পুনর্গঠনের বল এখন রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর কোর্টে নয়। ২২ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে কমিটির কাছে এই দায়িত্ব হস্তান্তর করেছে। আশা করব, প্রধান বিচারপতি আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ থেকে যে দুজনের নাম মনোনয়ন করবেন তাঁদের ঘিরে যেন বিতর্ক সৃষ্টির অবকাশ না থাকে। বাংলাদেশে অনুসন্ধান কমিটির অভিজ্ঞতা সুখকর বলা যাবে না। তবে দুর্নীতি দমন কমিশন (দুদক), তথ্য কমিশন ও মানবাধিকার কমিশন গঠন নিয়ে বিরোধী দল ছিল নীরব। তারা সরকারকে ওয়াকওভার দিয়েছে। এর কারণ সম্ভবত ক্ষমতার রাজনীতিতে এসব নিয়ে তাদের মাথা না ঘামালেও চলে। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে প্রধান বিরোধী দল অনাগ্রহ দেখিয়ে চলেছে। তাদের দাবি, অনুসন্ধান কমিটির মাধ্যমে ইসি গঠনের প্রক্রিয়ায় তারা অংশ নিতে পারে না। অথচ সংবিধানের ১১৮ অনুচ্ছেদের আওতায় ইসি পুনর্গঠনের বিষয়টি একটি সাংবিধানিক রুটিন কাজ। সংবিধান অনুযায়ী নিয়োগপ্রাপ্ত সিইসি ও কমিশনাররা পাঁচ বছর মেয়াদে দায়িত্ব পালনের শপথ নেবেন। সুতরাং বিএনপির সামনে এখনো উপযুক্ত ব্যক্তিদের নাম প্রেরণের সুযোগ রয়েছে। বিএনপি সরাসরি সম্পৃক্ত হতে না চাইলে তাদের কোনো মিত্র সংস্থা বা দলের মাধ্যমেও বাছাই-প্রক্রিয়ায় তারা অংশ নিতে পারে। গণতান্ত্রিক রীতিনীতি বিশ্বাস করলে তাদের সেটাই করা উচিত। ইসি পুনর্গঠন প্রশ্নে বিএনপির অবস্থান সমর্থনযোগ্য নয়। কারণ এই প্রক্রিয়ায় অংশ নিলেই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবি পরিত্যাজ্য হয়ে যাবে না। আমরা আশা করব, অনুসন্ধান-প্রক্রিয়াকে যাতে সাফল্যমণ্ডিত করা সম্ভব হয়, সে জন্য সংশ্লিষ্ট সব মহলকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ এত দিন অনধিক চার সদস্যের কমিশন প্রত্যক্ষ করেছে। এবারই প্রথম আইন করে অনধিক পাঁচ সদস্য নিয়োগের সীমা নির্দিষ্ট করা হয়েছে। আমরা আশা করব, অনুসন্ধান কমিটি সর্বতোভাবে গোপনীয়তা পরিহার করবে। রাষ্ট্রপতির কাছে নাম পাঠানোর আগে তারা গণমাধ্যমে প্রস্তাবিত নাম প্রকাশ করবে। তাদের অনুসন্ধান যাতে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীসহ কোনো মহলের ইচ্ছা-অনিচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। দেশবাসী কমিটির স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া প্রত্যক্ষ করতে আগ্রহী। এ পর্যন্ত গঠিত অনুসন্ধান কমিটিগুলো চুপিসারে দায়িত্ব পালন করেছে। এর পুনরাবৃত্তি কাম্য নয়। প্রতিটি শূন্য পদের বিপরীতে দুটি নাম পাঠাতে হলে ১০টি নামের দরকার পড়বে। ১০ কার্যদিবসের মধ্যে ১০ জন উপযুক্ত ব্যক্তির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে সুপারিশ পাঠানো সহজ কথা নয়। তবে সদিচ্ছা ও নিষ্ঠা থাকলে এ কাজে কমিটি সফল হবে বলেই আমাদের বিশ্বাস।