নতুন নির্বাচন কমিশন আজ শপথ নিচ্ছে। দায়িত্ব নেওয়ার পাশাপাশি নতুন কমিশনকে চ্যালেঞ্জটিও নিতে হবে একেবারে শুরু থেকেই। আগামী ৬ মার্চ ১৮টি উপজেলার বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৭ ফেব্রুয়ারি যেহেতু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, তাই বলা যায় শপথ নেওয়ার পরপরই কাজে নেমে পড়তে হবে কমিশনকে।
সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় সরকার নির্বাচন পর্যায়ের নির্বাচনগুলো নিয়ে যে অভিজ্ঞতা হয়েছে তাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আস্থা নষ্ট হয়ে যাওয়ারই কথা। আগের রকিব কমিশনের ধারাবাহিক ব্যর্থতায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সে ক্ষেত্রে নতুন নির্বাচন কমিশনের জন্য আগামী ৬ মার্চের উপজেলা পর্যায়ের নির্বাচনগুলো খুবই গুরুত্বপূর্ণ। সংবিধান নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দিয়েছে তার যথাযথ প্রয়োগ করতে কমিশন কতটা সক্ষম ও নিজেদের যোগ্যতা ও দক্ষতার বিষয়টি এই নির্বাচনের মধ্য দিয়ে পরিষ্কার হবে।
নতুন নির্বাচন কমিশন গঠনের পর থেকে এ ব্যাপারে বিএনপির মতো বিরোধী রাজনৈতিক পক্ষগুলো ধারাবাহিকভাবে যে প্রতিক্রিয়া জানিয়ে আসছে, তাতে এটা স্পষ্ট যে নতুন কমিশনের প্রতি তারা পুরো আস্থাশীল নয়। রাজনৈতিক দল নানা বিবেচনায় নানা কৌশল নেয়। ফলে এসবের ঊর্ধ্বে উঠে নির্বাচন কমিশনের উচিত উপজেলা পর্যায়ের এই নির্বাচনগুলোকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের সর্বোচ্চ উদ্যোগ নেওয়া।
শুধু রাজনৈতিক দল নয়, জনগণ ও গণমাধ্যমেরও বাড়তি নজর থাকবে নতুন নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠেয় এই নির্বাচনের প্রতি। ফলে কাজ দিয়েই নতুন নির্বাচন কমিশনকে তার যোগ্যতা, দক্ষতা ও নিরপেক্ষ অবস্থানের প্রমাণ
রাখতে হবে। আমরা দেখছি যে স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলেও জাতীয় নির্বাচন ও সংসদের বিভিন্ন আসনের উপনির্বাচনে অংশগ্রহণ থেকে দলটি বিরত রয়েছে। স্থানীয় সরকার পর্যায়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে কমিশন যদি একটি আস্থার পরিবেশ তৈরি করতে পারে তবে সামনে জাতীয় পর্যায়ের সব নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার মতো একটি পরিস্থিতি তৈরি হবে।
আমরা আশা করব, নতুন নির্বাচন কমিশন তাদের দায়িত্ব গ্রহণের শুরুতেই যে পরীক্ষার মুখোমুখি হয়েছে, তাতে সাফল্যের সঙ্গে পাস করবে। নির্বাচনী ব্যবস্থা ও প্রক্রিয়ায় আস্থা ফিরিয়ে আনতে হলে এ ক্ষেত্রে ফেল করার কোনো সুযোগ নেই।