নতুন উপদ্রব ককটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে ১৪ দলের সমাবেশে ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন ১৯ জন নেতা-কর্মী। গত রোববার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মনে হচ্ছে, পেট্রলবোমা বিয়োগ না হলেও যোগ হয়েছে নতুন উপদ্রব। নাশকতার ধরনে যতই অদল-বদল ঘটুক, রাজনীতির ময়দান থেকে সন্ত্রাস-সংঘাত চলে যায়নি। জনজীবনের উদ্বেগ-আশঙ্কা-ভয় দূর হবে কীভাবে, সেই প্রশ্নই আজ জ্বলন্ত।
টানা অবরোধের ৩৯তম দিনে রাজধানীতেও ককটেলে গুরুতর আহত হয়েছেন এক ছাত্রী। সিলেটে ট্রেন লক্ষ্য করেও ককটেল নিক্ষিপ্ত হয়েছে। এর মধ্যে জয়পুরহাটে একটি ট্রাকও পেট্রলবোমা হামলার শিকার হয়। পাশাপাশি প্রতিদিনই চলছে বন্দুকযুদ্ধ। ২২ ফেব্রুয়ারি রাতে মিরপুরে গাড়িতে অগ্নিসংযোগের সময় ধৃত তিনজন কথিত গণপিটুনিতে নিহত হন।
মিরপুরে গণপিটুনি ও ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহতগত ৪৯ দিনে পেট্রলবোমায় নিহত ব্যক্তিদের অধিকাংশই সাধারণ ও নিরীহ মানুষ। সহস্রাধিক আহত ব্যক্তির অধিকাংশও তা-ই। এ ছাড়া ককটেলে আহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগ আওয়ামী লীগের নেতা-কর্মী এবং ক্রসফায়ারে নিহত ব্যক্তিদের তালিকায় উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তিরা হলেন বিএনপিপন্থী নেতা-কর্মী। দৃশ্যত, রাজনৈতিক সংঘাত পরিণত হয়েছে সবার সঙ্গে সবার যুদ্ধে, যার প্রধান শিকার দেশের শান্তি ও ভবিষ্যৎ।
সহিংসতা আরও সহিংসতাকেই ডেকে আনে। সরকারের আক্রমণাত্মক পদক্ষেপ নাশকতার মাত্রা তেমন কমাতে পারেনি। মানুষের জীবন যখন চলে যায় বেঘোরে, তার ভয়াবহ পরিস্থিতি আর কী হতে পারে? মারো কিংবা মরো নীতির জায়গায় বাঁচো এবং বাঁচতে দাও নীতির প্রতিষ্ঠা ছাড়া এ অবস্থা থেকে বেরিয়ে আসার পথ আছে বলে মনে হয় না।
নাশকতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ক্রমেই দৃশ্যমান হচ্ছে। যারাই করুক, জনগণ রাজনীতিতে সহিংসতার কলাকৌশলকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। এ থেকে রাজনীতিবিদেরা শিক্ষা নিতে পারেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত হবে দলমত–নির্বিশেষে সন্ত্রাস-নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং সেটি করতে হবে আইন মেনেই।