চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন অধ্যাপক আনোয়ারুল আজিম। তাঁর এই নিয়োগের ফলে উপাচার্য, রেজিস্ট্রার, হিসাব নিয়ামকসহ এই বিশ্ববিদ্যালয়ের যে নয়টি গুরুত্বপূর্ণ পদে এত দিন ভারপ্রাপ্তরা দায়িত্ব পালন করছিলেন, তার অন্তত একটি (এবং শীর্ষ পদটি) ভারমুক্ত হলো। এর আগে অধ্যাপক আবু ইউসুফের মৃত্যুর পর সাড়ে ছয় মাস ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন উপ-উপাচার্য মো. আলাউদ্দিন। ‘ভারপ্রাপ্ত’ শব্দটির সঙ্গে একটি সিদ্ধান্তহীনতার সম্পর্ক থাকে। সিদ্ধান্তহীনতা আসলে খারাপ সিদ্ধান্তের চেয়েও খারাপ—এই আপ্তবাক্য মনে রাখলে নতুন উপাচার্য নিয়োগ একটি ইতিবাচক পদক্ষেপ। নতুন উপাচার্যকে আমরা অভিনন্দন জানাই, তাঁর সাফল্য কামনা করি। তবে অতীতের অভিজ্ঞতা থেকে জানি, এ যাত্রা কুসুমাস্তীর্ণ নয়, বরং পথে পথে কাঁটা ছড়ানো। সাবেক উপাচার্য আবু ইউসুফ সহকর্মীদের একাংশের অসহযোগিতা এবং ছাত্র নেতৃত্বের (বিশেষত ছাত্রলীগ) সঙ্গে সম্পর্কের অবনতি ইত্যাদি কারণে দায়িত্ব পালনের শেষদিকে খুবই অসুবিধায় পড়েছিলেন। স্থানীয় গ্রামবাসীর সঙ্গে ছাত্রদের সংঘর্ষ ও ছাত্রমৃত্যুর ঘটনার পর ছাত্র নেতৃত্বের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয় উপাচার্যের। এ ছাড়া ক্যাম্পাসে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ ও আবাসিক হলগুলোতে আসন বরাদ্দ নিয়ে ছাত্রলীগ নেতাদের সঙ্গে বিরোধ চরমে ওঠে তাঁর। ছাত্রলীগের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়লেও অনমনীয় ও দৃঢ় মনোভাব দেখিয়ে অনেকটা সাফল্যই পেয়েছিলেন ড. ইউসুফ। কিন্তু উপাচার্য হিসেবে সবচেয়ে বড় ধাক্কাটি খেলেন তিনি ছাত্র-বেতন বৃদ্ধি নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনের মুখে। এ সময় বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতৃত্বে বেতন বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন দানা বাঁধে এবং তা রীতিমতো সহিংসতায় গড়ায়। প্রায় সপ্তাহব্যাপী এই আন্দোলনে একদিকে ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের হামলা-নির্যাতন, অন্যদিকে নিজেদের প্রতিষ্ঠানের সম্পদ ভাঙচুর ও ধ্বংস করার ক্ষেত্রে শিক্ষার্থীদের অন্ধ-উন্মত্ততা এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় সংযোজন করেছে। এ ঘটনা সামাল দেওয়ার জন্য উপাচার্য যেমন পাশে পাননি ছাত্রলীগকে, তেমনি তাঁর বিরুদ্ধবাদী শিক্ষকেরাও নানাভাবে ছাত্রদের ইন্ধন দিয়েছেন। আবু ইউসুফ অসুস্থ ছিলেন আগে থেকেই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ঘটনাপ্রবাহের জের শারীরিক ও মানসিক চাপ তাঁর মৃত্যুকে ত্বরান্বিত করেছিল বলে মনে করেন অনেকে।আবু ইউসুফের মৃত্যুর পর কোন্দলের উত্তরাধিকার নিয়ে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে কাজ শুরু করেছিলেন উপ-উপাচার্য মো. আলাউদ্দিন। এত দিন যাঁরা আবু ইউসুফের পক্ষে ছিলেন, এবার তাঁরা দাঁড়ালেন আলাউদ্দিনের বিপক্ষে। ড. আলাউদ্দিন দায়িত্ব পাওয়ার পরপরই দুজন সিন্ডিকেট সদস্য তাঁর দায়িত্বের ব্যাখ্যা চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি লিখেছিলেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, নিয়মিত উপাচার্য যা যা করেন, তিনি তার সবই করতে পারবেন। কিন্তু প্রতি মাসে সিন্ডিকেট বৈঠকের নিয়ম থাকলেও ড. আলাউদ্দিন প্রথম বৈঠকটি করতে পেরেছিলেন প্রায় তিন মাস পরে। শুরু থেকেই শিক্ষক সমিতির বিরোধের মুখে পড়েন তিনি। এ বছরের একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিতে গিয়ে ছাত্রছাত্রীদের সামনেই উত্তপ্ত বাক্যবিনিময় হয় ভারপ্রাপ্ত উপাচার্য ও শিক্ষক সমিতির নেতাদের মধ্যে। ভারপ্রাপ্ত থেকে নিয়মিত উপাচার্য পদে তাঁর নিয়োগপ্রাপ্তির সম্ভাবনার অপমৃত্যুও ঘটে শিক্ষক সমিতির হাতেই। এখন নবনিযুক্ত উপাচার্যের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হলো, ২০ হাজার শিক্ষার্থীর উচ্চশিক্ষার সম্ভাবনাকে সফল করে তোলা এবং সাত শ শিক্ষকের পাঠদান ও উচ্চতর গবেষণার উদ্যোগকে নির্বিঘ্ন করা।অতীতে বিভিন্ন সময়ে ছাত্র-আন্দোলন বা উটকো কিছু ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। প্রতিটি ঘটনার পেছনেই কোনো না কোনোভাবে শিক্ষকদের একাংশের দলাদলি, কোন্দল ও স্বার্থ হাসিলের সম্পর্ক আছে। শিক্ষকদের মধ্যে ঘৃণা, বিভেদ, দলাদলি কোন পর্যায়ে পৌঁছেছে, তা বুঝতে গবেষক হওয়ার প্রয়োজন নেই। পরস্পরের চরিত্র হনন, কুৎসা রটনা, প্রচারপত্র বিলি, মামলা দায়ের, বিভিন্ন পত্রপত্রিকায় পরস্পরের বিরুদ্ধে লেখালেখি, আবার লেখালেখির অপরাধে সমিতির সদস্যপদ স্থগিত করাসহ হেন কোনো কাজ নেই, শিক্ষকেরা করছেন না। নৈতিক স্খলন, পরীক্ষায় দুর্নীতি, অর্থ আত্মসাৎসহ হেন কোনো অভিযোগ নেই শিক্ষকদের নামে ওঠেনি। সবই চলছে পূর্ণোদ্যমে, শুধু নিয়মিত পাঠদান কার্যক্রমটি হয়ে পড়েছে গৌণ, নিয়ম রক্ষার খাতিরেই যেন এখনো তা টিকে আছে। জানি, শিক্ষকদের নামে গড়পড়তা এ ধরনের কথা সরলীকরণের দায়ে অভিযুক্ত হবে। এ কথাও জানি, এ বিশ্ববিদ্যালয়ে এখনো সৎ ও শ্রদ্ধেয় শিক্ষকের সংখ্যাই বেশি। তবু মূল শহর থেকে ১৪ মাইল দূরে যাতায়াতের নানা অসুবিধা পেরিয়ে মেধাবী শিক্ষার্থীরা যে স্বপ্ন নিয়ে ছুটে যায়, তাদের বা তাদের অভিভাবকদের জন্য যে কতটা আশার আলো জ্বালাতে পারছে এ প্রতিষ্ঠান, তা ভেবে দেখার সময় এসেছে। সরেজমিনে দেখেছি, কলা অনুষদের বেশ কিছু বিভাগের শিক্ষকদের বসার ঘরগুলো তালাবদ্ধ, শ্রেণীকক্ষ খালি, এমনকি করিডরে ছাত্রদের আনাগোনাও কম। ছাত্র ও শিক্ষকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ছুটির দিন ছাড়াও পারস্পরিক বোঝাপড়ায় সপ্তাহে আরও দু-একদিন অফ-ডে নেন অনেক শিক্ষক। ছুটির দিন, বাড়তি অফ-ডে—এসব কাটিয়েও বাকি দিনগুলোতে ক্লাসে নিয়মিত হতে পারেন না এই শিক্ষকেরা। বাণিজ্য অনুষদেও মূল কর্মক্ষেত্রের চেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন চাকরির প্রতি অনেক শিক্ষকের আকর্ষণ বেশি। এঁদের জবাবদিহি নিশ্চিত করবে কে? তবে এত অনিয়মের মধ্যেও বিজ্ঞান অনুষদের গণিত বিভাগ, ফলিত পদার্থবিদ্যা, জীববিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা, অণুজীববিদ্যা, মৃত্তিকাবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, আইন অনুষদের আইন বিভাগ, সমাজবিজ্ঞান অনুষদের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটে পাঠদান ও অন্যান্য একাডেমিক কর্মকাণ্ড সন্তোষজনক। পাঠদান-প্রক্রিয়া শুধু শিক্ষকদের অবহেলা ও অনিয়মের কারণে ব্যাহত হচ্ছে, তা-ও নয়। শিক্ষকের স্বল্পতা, শিক্ষা ছুটিতে থাকা শিক্ষকের সংখ্যাধিক্য, উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে শিক্ষকদের ফিরে না আসার প্রবণতা ইত্যাদিও অনেকাংশে দায়ী। শিক্ষা ছুটি শেষে কাজে যোগ না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অব্যাহতি পাওয়া ৭৩ জন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের পাওনা টাকা পরিশোধ করেননি। এর পরিমাণ সব মিলিয়ে প্রায় তিন কোটি টাকা। শিক্ষকেরা কি তা পরিশোধ করবেন? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই বা এই পাওনা টাকা আদায়ের জন্য কী ব্যবস্থা নেবে? পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে মূলত নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছেলেমেয়েরা, এই শিক্ষার্থীদের যে প্রাপ্য শিক্ষাসেবা থেকে বঞ্চিত করে গেলেন এ শিক্ষকেরা, সেই ঋণ কি কখনো শোধ হবে? সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে পরিচালিত একটি গবেষণা থেকে বেরিয়ে এসেছে, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অন্তত ২৮ ভাগের শিক্ষা দেওয়ার মান নিচু। এর মধ্যে ১৬ ভাগ অত্যন্ত নিচু মানের। আশার কথা, গবেষণা বলছে, ৭২ ভাগ শিক্ষকের মান খারাপ নয়, তার মধ্যে ৩০ শতাংশ খুব ভালো। যে ২৮ ভাগ ও ১৬ ভাগের নিম্নমানের কথা বলা হলো, তাঁরা কীভাবে সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন, তার অনুসন্ধানও কিন্তু জটিল কোনো প্রক্রিয়া নয়। পত্রপত্রিকার প্রতিবেদনে আমরা দেখেছি, গত জোট সরকারের আমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ১৮৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ১৬০ জনই ছিলেন জামায়াত-শিবিরের সমর্থক। এসব নিয়োগ হয়েছে সাবেক উপাচার্য নুরুদ্দীন চৌধুরীর সময়কালে। দলীয় পরিচয়ে (জামায়াত) শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগের সব রেকর্ডই ভঙ্গ হয়েছিল তাঁর হাতে। এ কারণে খোদ তখনকার ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রদলও উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন করে তাঁর পদত্যাগ চেয়েছিল। ক্ষমতাসীন দলের প্রভাবে শিক্ষক নিয়োগের এই ধারা এ সরকারের আমলেও পুরোপুরি বন্ধ হয়নি বলে মনে করেন ছাত্র-শিক্ষকেরা। সদ্য নিযুক্ত উপাচার্যের ওপর সেই চাপ অব্যাহত থাকবে না, এ রকম আশা করার কোনো কারণ নেই। ক্ষমতাসীন দলের সমর্থক শিক্ষকদের প্রভাব, উপদলে বিভক্তদের নানামুখী চাপ এবং বিরোধী দলের সমর্থকদের ক্রমাগত বিরোধিতা—সব মিলিয়ে একটা ত্রিশঙ্কু অবস্থা সৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে। উপাচার্যের পদটি তাই সেই ‘মণিহার’টির মতো, যেটি ‘পরতে গেলে লাগে, ছিঁড়তে গেলে বাজে।’আমরা নবনিযুক্ত উপাচার্যের সাফল্য কামনা করি। বিশ্বজিৎ চৌধুরী: কবি, লেখক ও সাংবাদিক।[email protected]