নতুন গভর্নরের চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির যথার্থভাবেই রিজার্ভ থেকে চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলার ফেরত আনাকে তাঁর এক নম্বর অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছেন। গত রোববার দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। কিন্তু কীভাবে একে বাস্তবে রূপ দেওয়া যাবে, সেটাই এখন বড় প্রশ্ন।
এ ক্ষেত্রে প্রথমেই যে কাজটি করতে হবে, তা হলো কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির সঙ্গে জড়িত দেশি ও বিদেশি চক্রকে চিহ্নিত করা। ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ ফিলিপাইনের কোন ব্যাংকের কোন কোন হিসাবে স্থানান্তরিত এবং সেখান থেকে কীভাবে সেই অর্থ দেশীয় মুদ্রায় রূপান্তরিত হয়েছে, সেসব ফিলিপাইন সরকারের তদন্তে এসেছে। অনেকে সেখানে সন্দেহভাজনদের তালিকায় এসেছেন। কিন্তু বাংলাদেশ থেকে কীভাবে উল্লিখিত অর্থ চুরি হলো, কিংবা সেই চুরির সঙ্গে কারা জড়িত, তা এখনো অনুদ্ঘাটিত।
তদন্তের কাজটি দুরূহ ও চ্যালেঞ্জিং: ফরাসউদ্দিন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। মোহাম্মদ ফরাসউদ্দিন কাজটিকে দুরূহ বললেও দেশের স্বার্থে সেই দায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছেন বলে মন্তব্য করেছেন। তাঁর এই বক্তব্য আশাব্যঞ্জক। এ ছাড়া সিআইডি আলাদা তদন্ত করছে এবং প্রয়োজনে বিদেশি সংস্থার সহায়তা নেওয়ার কথা বলেছে। প্রত্যাশা থাকবে, সংশ্লিষ্ট কমিটি ও সংস্থা নির্ধারিত সময়ে তদন্তকাজ শেষ করবে এবং সত্য উদ্ঘাটিত হবে।
এ ছাড়া গভর্নর ফজলে কবির ভবিষ্যতে চুরি বন্ধ এবং কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মনোবল ফিরিয়ে আনার ওপর জোর দিয়েছেন। চুরি বন্ধ করার ক্ষেত্রে দুটি বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। ব্যাংকিং ব্যবস্থার প্রযুক্তিগত ত্রুটি বা দুর্বলতাগুলো অবিলম্বে কাটিয়ে ওঠা এবং সেই প্রযুক্তি ব্যবহারের জন্য দক্ষ ও অভিজ্ঞ জনবল তৈরি করা।
বাংলাদেশ ব্যাংকে গভর্নর বর্ণিত ‘ওয়েক আপ কল’ তখনই সার্থক হবে, যখন দেশের ব্যাংকিং ব্যবস্থায় নিশ্ছিদ্র নিরাপত্তা গড়ে তোলা যাবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েই এগোতে হবে।