কৃষি গবেষণায় আমাদের বিজ্ঞানী-গবেষকদের বড় সাফল্যের আরও একটি খবর পাওয়া গেল: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীরা এবার জিংকসমৃদ্ধ ধানের একটি জাত উদ্ভাবন ও অবমুক্ত করেছেন, যেটি মানবদেহে জিংক ও প্রোটিনের চাহিদা পূরণে অনন্য ভূমিকা রাখবে।বিরি-৬২ নামের এই সদ্য-অবমুক্ত জাতের ধান উদ্ভাবন করা হয়েছে দেশি ধানের সঙ্গে পরাগায়নের মাধ্যমে; এটি একান্তই বাংলাদেশের ধান এবং বিশ্বে এমন বৈশিষ্ট্যপূর্ণ ধানের উদ্ভাবন এটাই প্রথম। আমন মৌসুমের এই ধান উৎপাদিত হবে সবচেয়ে কম সময়ে—সর্বমোট ১০৫ দিনে, এবং এর ফলনও অন্যান্য জাতের ধানের চেয়ে বেশি হবে। বাংলাদেশের জন্য এমন জাতের ধান উদ্ভাবন নিঃসন্দেহে এক বিরাট সুসংবাদ। এই সাফল্যের জন্য বিজ্ঞানী-গবেষকদের যেমন প্রাণঢালা অভিনন্দন প্রাপ্য, তেমনই ধন্যবাদ দিতে হয় সরকারের সংশ্লিষ্ট বিভাগকে, যারা বিজ্ঞানীদের গবেষণাকাজে সব ধরনের সমর্থন জুগিয়েছে।এই প্রসঙ্গে আরও একটি সুখবরের কথা উল্লেখযোগ্য: বিজ্ঞানী-গবেষকদের অবসর গ্রহণের বয়সসীমা আট বছর বাড়িয়ে ৫৯ থেকে ৬৭ বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ মর্মে একটি আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বিজ্ঞানী-গবেষকদের বিশেষজ্ঞ জ্ঞান ও উদ্যম আরও আট বছর কাজে লাগানোর এই সুযোগ নিঃসন্দেহে আমাদের গবেষণাক্ষেত্রকে আরও সমৃদ্ধ ও কর্মমুখর করে তুলবে। কিন্তু এটি করা হয়েছে শুধু বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে কর্মরতদের জন্য, কৃষিবিজ্ঞানী ও কৃষি গবেষকদের ক্ষেত্রে নয়। অথচ কৃষিক্ষেত্রে কর্মরত বিজ্ঞানী ও গবেষকদের ক্ষেত্রেই এটা করা বিশেষভাবে প্রয়োজন। সার্বিকভাবে উচ্চশিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তির অঙ্গনে গবেষণায় আরও বেশি প্রণোদনা প্রয়োজন। এটা ছাড়া এই স্বল্পোন্নত জনবহুল দেশে একুশ শতকের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করা অত্যন্ত দুরূহ হয়ে উঠতে পারে। বিশেষত জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রুত হারে কৃষিজমির পরিমাণ কমে আসার ফলে খাদ্যচাহিদা মেটানোর যে সংকট দেখা দেবে, তা মোকাবিলা করতে হলে অপেক্ষাকৃত কম জমিতে, স্বল্প সময়ে অধিক পরিমাণ খাদ্য উৎপাদনের প্রয়াস অব্যাহতভাবে চালিয়ে যেতে হবে।নতুন উদ্ভাবিত বিরি-৬২ জাতের ধানটির বীজ আগামী আমন মৌসুমেই কৃষক পর্যায়ে সরবরাহ করা হবে বলে কৃষিমন্ত্রী জানিয়েছেন। এই আশ্বাস যেন পূরণ করা হয়, সেটা নিশ্চিত করা জরুরি।