নতুন নামে জঙ্গিদের আবির্ভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে জঙ্গিদের তৎপরতা অনেকটাই স্তিমিত—এটা কার্যত সত্যি এবং এমন ধারণা থেকে আমরা অনেকটাই স্বস্তিতেই রয়েছি। কিন্তু দেখা যাচ্ছে, এ ব্যাপারে একেবারেই নিশ্চিত হয়ে বসে থাকার সুযোগ নেই। নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বা জেএমবি এখন সংগঠিত হওয়ার চেষ্টা করছে জামাআতুল আরাকান নামে। ফলে তাদের দমনে আরও শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা জরুরি।পুলিশ সূত্রে পাওয়া তথ্যে জানা যাচ্ছে, বান্দরবান জেলার আলীকদমে দুর্গম পাহাড়ে ঘাঁটি গেড়ে জেএমবির একাংশ মিয়ানমারের রোহিঙ্গা গোষ্ঠীদের একত্র করার চেষ্টা চালাচ্ছে। এই জঙ্গিগোষ্ঠীর কিছু সদস্য পাকিস্তান হয়ে আফগানিস্তান যাওয়ার চেষ্টা করছিল বলেও জানা গেছে। স্বস্তির বিষয় হচ্ছে, পুলিশ বিষয়টি টের পেয়েছে ও শনিবার গভীর রাতে এই সংগঠনের চারজন সদস্যকে আটক করেছে। তাদের কাছ থেকে জামাআতুল আরাকানের সাংগঠনিক কাগজপত্র ও পুস্তিকাসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে।পুলিশের প্রাথমিক তদন্তে ও আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা কাগজপত্র ও পুস্তিকা সূত্রে জানা গেছে, এই সংগঠনটির আত-তাহরীদ নামের একটি মাসিক পত্রিকা রয়েছে। পত্রিকাটিতে সদস্যদের উজ্জীবিত করতে আল-কায়েদাসহ বিদেশি জঙ্গিদের লেখা ও সাক্ষাৎকারের বাংলা অনুবাদ ছাপা হয়েছে। বোঝা যাচ্ছে, তাদের শিকড় বেশ বিস্তৃত ও গভীর, তাদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিদের যোগসাজশের বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।জঙ্গিবাদী তৎপরতা এমনই বিপজ্জনক বিষয় যে, এই শক্তিকে নির্মূল বা অকার্যকর করার উদ্যোগে শৈথিল্যের কোনো সুযোগ নেই। এটা ঠিক যে, জঙ্গিবাদীদের তৎপরতা অতীতের তুলনায় এখন দৃশ্যত নেই বললেই চলে। কিন্তু ভিন্নভাবে ও ভিন্নরূপে যে এই শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া কঠিন। তাই এ ধরনের অপশক্তির বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রবল তৎপরতা অব্যাহত রাখতে হবে। গ্রেপ্তার হওয়া জঙ্গিদের সূত্রে তাদের মূল শক্তির উৎস শনাক্ত করে তাদের সম্পূর্ণভাবে নির্মূল করা প্রয়োজন।