নতুন নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া কার্যত শুরু হয়েছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের মধ্য দিয়ে। এর ধারাবাহিকতায় রাষ্ট্রপতি একটি অনুসন্ধান কমিটি গঠন করেছেন এবং অনুসন্ধান কমিটির প্রস্তাব করা ১০টি নাম থেকে রাষ্ট্রপতি পাঁচজনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন। নতুন এই নির্বাচন কমিশনের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সব রাজনৈতিক দলের আস্থা অর্জন করা। এবং নিজেদের কাজ দিয়েই সেটা করতে হবে।

তবে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে কিছু অপ্রাপ্তি ও অস্বস্তি থেকেই গেছে। এটা প্রত্যাশিত ছিল যে রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে অনুসন্ধান কমিটি তাদের চূড়ান্ত করা নামগুলো প্রকাশ করবে। নামগুলো প্রকাশ পেলে জনমনে তাদের সম্পর্কে কী ধারণা তার একটা প্রতিফলন পাওয়া যেত। এমনকি রাষ্ট্রপতির কাছে নাম দেওয়ার পর তা প্রকাশ এবং দু–এক দিন সময় দিয়ে কমিশন গঠন করা হলেও স্বচ্ছতার বিষয়টি নিশ্চিত করা যেত। তা না করে হাতে সময় থাকার পরও অনেকটা তড়িঘড়ি করেই কমিশন ঘোষণা করা হয়েছে।

আমরা জানি যে প্রায় একই কায়দায় ও প্রক্রিয়া অনুসরণ করে আগের নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। ওই কমিশন সবার আস্থা অর্জন তো দূরে থাক বলা যায় দেশের নির্বাচনী ব্যবস্থা ও সংস্কৃতিতে যে সুবাতাসের ধারা বইতে শুরু করেছিল তাকে কার্যত ধ্বংস করেছে। নতুন নির্বাচন কমিশনকে এই বাস্তবতা বিবেচনায় নিয়েই কাজ শুরু করতে হবে। নির্বাচনী ব্যবস্থা ও কার্যক্রমের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনার কাজটি করতে হবে। এই কাজটি সহজ নয়, তবে মেরুদণ্ড সোজা রেখে এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সংবিধান কমিশনকে যে ক্ষমতা দিয়েছে, যথাযথ তা অনুশীলন করতে পারলে সেটা সম্ভব।

সবকিছু মিলিয়ে বর্তমান নির্বাচন কমিশনের ওপর জনগণের আশা ও প্রত্যাশা অনেক বেশি। আমরা আশা করব, কমিশনের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা তারা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবেন। ফলে নতুন এই কমিশনের কর্মকাণ্ডের ওপর গণমাধ্যম হিসেবে আমাদের নজর থাকবে। আমরা নতুন নির্বাচন কমিশনকে সফল দেখতে চাই।