নতুন নির্বাচন কমিশন গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে আওয়ামী লীগ, বিএনপিসহ অন্য দলগুলোর মতামত সম্পর্কে ইতিমধ্যে জানা গেছে। আওয়ামী লীগ সভাপতি বলেছেন, ‘রাষ্ট্রপতি যেরূপ উপযুক্ত বিবেচনা করবেন’, আওয়ামী লীগ সে রকম ব্যবস্থাই মেনে নেবে। বিএনপির প্রস্তাবের মধ্যে আছে নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি একটা অনুসন্ধান কমিটি গঠন করবেন এবং সেই কমিটিই নতুন নির্বাচন কমিশনারদের নিয়োগ দেবে। বিএনপি তাদের প্রস্তাবিত অনুসন্ধান কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য পাঁচ ব্যক্তির নামও রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করেছে বলে দলটির সূত্রে সংবাদ পরিবেশিত হয়েছে।

অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাবটির প্রতি সব দলেরই সমর্থন আছে বলে প্রতীয়মান হয়। কারণ, এর বিরুদ্ধে কোনো দলকে কিছু বলতে শোনা যায়নি। তবে একটা বিষয়ে বিএনপির সঙ্গে আওয়ামী লীগসহ অন্য দলগুলোর মতান্তরের খবর পাওয়া গেল। আওয়ামী লীগ বলছে, নির্বাচন কমিশন গঠন করার জন্য সংবিধান অনুযায়ী একটা আইন প্রণয়ন করা বা অধ্যাদেশ জারি করা যেতে পারে। জাতীয় পার্টিসহ অধিকাংশ দল বলছে, আইন এখনই করা উচিত। কিন্তু বিএনপি নির্বাচন কমিশন গঠনের জন্য আইন এখনই প্রণয়ন করার পক্ষে নয়। কারণ, বর্তমান সংসদে দলটির প্রতিনিধিত্ব নেই বলে এ আইন গ্রহণের প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণের সুযোগ থাকছে না।

আওয়ামী লীগ যেহেতু এখনই আইন প্রণয়নের ওপর জোর দিচ্ছে না এবং যেহেতু রাষ্ট্রপতির বিবেচনার ওপরই দলটি সম্পূর্ণ আস্থা ব্যক্ত করেছে, তাই এ মুহূর্তে আইন প্রণয়ন নিয়ে বড় মতভেদের আশঙ্কা কম। রাষ্ট্রপতি যদি অনুসন্ধান কমিটি গঠনের সিদ্ধান্ত নেন, তাহলে সেই কমিটির সর্বজনীন গ্রহণযোগ্যতা নিশ্চিত করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। তারপর সেই অনুসন্ধান কমিটির কাজ হবে এমন ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করা, যাঁদের গ্রহণযোগ্যতা হবে সর্বজনীন। একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব দলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের কোনো বিকল্প নেই—এই বাস্তবতা মেনে নিয়ে সবাইকে একটা সমঝোতায় পেঁৗছাতে হবে।