রাষ্ট্রপতি জিল্লুর রহমান আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। বঙ্গবন্ধুর আমলের বিজ্ঞ ও আদর্শবান রাজনীতিবিদেরা, যাঁরা তাঁর সান্নিধ্যে এসে মহান নেতার অধিকাংশ গুণাবলির উত্তরাধিকারত্ব পেয়েছেন, তিনি তাঁদের অন্যতম জীবিত ব্যক্তি। আমার সৌভাগ্য, ব্যক্তিগতভাবে তিনিও আমাকে অযাচিত সম্মান প্রদর্শন করেন। কয়েক দিন আগে বিজয় দিবসে তাঁর সঙ্গে মোলাকাত হলে তিনি আন্তরিকতার সঙ্গে আলিঙ্গন করে অনুযোগ করলেন, মাঝেমধ্যে তাঁর সঙ্গে দেখা করতে যাই না কেন?জিল্লুর ভাইয়ের রাজনৈতিক জীবনবৃত্তান্ত অনেকের চেয়ে আমার বেশি জানা আছে। সর্বশেষ ১/১১ পরবর্তী দুই বছরে দলের জন্য ও জাতীয় জীবনে তাঁর অবদান, রাজনৈতিক সংকট উত্তরণে অবিচল বলিষ্ঠ ভূমিকা সর্বজনবিদিত। সেই দুঃসময়ে তিনি আওয়ামী লীগের হাল ধরেছিলেন বলেই ফখরুদ্দীন-মইনউদ্দিনের ‘মাইনাস ফর্মুলা’ ব্যর্থ হয়েছিল। সেদিন তাঁর সাহসী ভূমিকা, দলীয় অস্তিত্ব বজায় রাখার ক্ষেত্রে সামান্য অবদান রাখার সংকটময় পটভূমিতে কাছাকাছি আসতে পেরেছিলাম বলে গর্ববোধ করি। এত দিন পর তাঁর ওপর আবারও একটি সম্ভাব্য জাতীয় সংকট নিরসনের দায়িত্ব অর্পণ করা হয়েছে, অথবা তিনি নিজ উদ্যোগে দায়িত্বটি নিয়েছেন। সেই দায়িত্ব পালনে তিনি নতুন নির্বাচন কমিশন গঠনের উপায় ও পদ্ধতি নির্ধারণ-প্রক্রিয়া শুরু করেছেন। এ নিয়ে তাঁর জন্য আমার দুর্ভাবনা হচ্ছে। আমি যা হওয়ার নয়, হবে না অথবা যার সাফল্য-বিফলতা তাঁর সদিচ্ছা বা আন্তরিকতার ওপর নির্ভরশীল নয়, তিনি তা করার উদ্যোগটি কেন নিলেন তা ভেবে অবাক হচ্ছি। তিনি রাষ্ট্রীয় যে উচ্চতম পদটিতে অধিষ্ঠিত আছেন, সেই পদের সংবিধান-প্রদত্ত ক্ষমতা সম্পর্কে একজন বিচারপতি-রাষ্ট্রপতি সবচেয়ে কৌতুককর ও মূল্যবান একটি সংজ্ঞা দিয়ে গেছেন। বিচারপতি সাহাবুদ্দীন বলে গেছেন, শুধু কবর জিয়ারত আর কুলখানিতে অংশ নেওয়ার দায়িত্বপ্রাপ্ত একটি পদ। বিচারপতি সাহাবুদ্দীন-প্রদত্ত রাষ্ট্রপতির কর্তব্য পালন, ক্ষমতার ব্যবহারের এমনকি কর্তব্য পালনে পরামর্শদানের ক্ষমতাটিও যে কতখানি সীমাবদ্ধ, তা এর চেয়ে সরল ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। এ ছাড়া সংবিধানের অনুচ্ছেদ ৪৮, উপ-অনুচ্ছেদ (৩) এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুকরণে ‘কেবল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি ব্যতীত তাঁহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন।’সংবিধানের উপরিউক্ত বিধানের আলোকে আমরা স্বভাবতই স্বতঃসিদ্ধান্তে পৌঁছাতে পারি, নির্বাচন কমিশনে গঠনের জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ‘পরামর্শ’ প্রধানমন্ত্রীই রাষ্ট্রপতিকে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, (১) রাষ্ট্রপতিকে কেন এমন একটি কার্যক্রম অনুসরণে ‘পরামর্শ’ নিদেনপক্ষে অনুরোধ প্রধানমন্ত্রী করেছেন? তবে এই প্রশ্নটি করা যাবে না। কারণ, একই অনুচ্ছেদে শর্ত রয়েছে, এ ধরনের প্রশ্ন আদালতেও উত্থাপন করা যাবে না। এতদ্সত্ত্বেও মনে করতে পারি, ১/১১ পরবর্তী সময়ের প্রশংসনীয় অগ্রণী ভূমিকা অনুসরণেই জিল্লুর ভাই দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে আরেকটি সংকটের উদ্ভবের আশঙ্কা দূর করতে স্বতঃপ্রণোদিত হয়ে সংলাপের সূচনা করেছেন। এ ছাড়া আজীবন শুদ্ধ রাজনীতির অনুসারী জিল্লুর রহমান হয়তো দেশে ভবিষ্যতের রাজনৈতিক সংকটের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে সংকট নিরসনের ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন। কিন্তু তিনি কি ভেবে দেখেছেন, তাঁর এই উদ্যোগ যদি ব্যর্থ হয়, অথবা সফলতাভিত্তিক এতদ্সম্পর্কীয় কোনো সুপারিশ বাস্তবায়ন করা না হয়, পরিণতি কী হতে পারে? তিনি কি স্মরণ করতে পারছেন, এ বছরের প্রথমার্ধে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে এমন ‘সংলাপী প্রহসনটি’ যে অনুষ্ঠিত হয়েছিল, তার সমাপ্তি কীভাবে ঘটেছিল?আমার পরম প্রিয় জিল্লুর ভাই অবশ্যই জানেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থাকবে, নাকি বিলুপ্ত হবে—সংবিধানের ২-ক পরিচ্ছেদ নিয়ে আওয়ামী লীগের অতি অভিজ্ঞ বর্তমানে দলে ও সরকারে উপেক্ষিত কয়েকজন নেতা-নেত্রীকে এ বিষয়ে জনমত যাচাই ও জানার দায়িত্ব দেওয়া হয়েছিল। সংসদ ভবনের অভ্যন্তরে ও বাইরে এই সফল সম্মানিত প্রবীণ নেতারা কত বৈঠকই না করলেন ছোট-বড়-মাঝারি রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধীজন, সংবিধান বিশেষজ্ঞ আর বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে! প্রায় তিন মাস চলেছিল সেই উৎসাহী, বহুল প্রচারিত, চারদিকে হইচই ফেলে দেওয়া সংলাপ কর্মকাণ্ড। গণমাধ্যমে প্রচারিত সেই সব বৈঠকে সর্বমহলের প্রদত্ত মতামতের যেসব খবর প্রচারিত হয়েছিল, তা ছিল জাতীয় মতৈক্যের বহিঃপ্রকাশ। প্রায় সবাই বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করা সঠিক হবে না। অবাধ ও স্বাধীন পরিবেশে সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন দলীয় সরকারের অধীনে হলে তা প্রশ্নবিদ্ধ হবে। সেই মতটি শেষ পর্যন্ত কেন ধোপে টেকেনি, তা তো তাঁর অজানা নয়।এ প্রসঙ্গে আরও দুটি বিষয় সর্বসাধারণের বিবেচ্য বলে সর্বসাধারণকে মনে করিয়ে দেওয়া যেতে পারে। এক. শেষ সিদ্ধান্ত গ্রহণের দায়ভারটি কৌশলে উচ্চতম আদালতের কাঁধে চাপিয়ে দেওয়া হলো। দুই. অসমর্থিত খবরে জানা গেল, যাঁদের ওপর জনমত সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাঁরাও ‘নাকি’ তত্ত্বাবধায়ক সরকার বজায় রাখার সুপারিশ করেছিলেন। আমি ‘নাকি’ শব্দটি ব্যবহার করলাম। কারণ, আমরা আজও জানি না দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন জনগণের অতি কাছের, রাজনীতিতে পোড়খাওয়া বেগম সাজেদা চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমদ এমনকি দেশের প্রথম সারির সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার শফিক আহমেদ কী সুপারিশ করেছিলেন। তবে অনুমান করি, তাঁরা নেত্রীকে প্রদত্ত সুপারিশে জনমতের প্রতিধ্বনিটিই শুনিয়েছিলেন। আবার এও সত্য, আমরা আজও জানি না উচ্চতম আদালতের কাঁধে বন্দুকটি রেখে যে গুলি ছোড়া হয়েছিল, সেটির পূর্ণ অবয়ব কী? তবে এটুকু জানা গিয়েছিল, আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সামগ্রিক বা তাৎক্ষণিকভাবে বাতিল হয়নি। একটুখানি ব্যতিক্রম ছিল, যথা দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় করতে হবে।কাকস্য পরিবেদনা, এত সব সত্ত্বেও দলীয় অনুগত সংসদ আদালতের অর্ধপ্রকাশিত রায়ের দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হলো। এর ফলে দেশ ও জাতি কতখানি মহাসংকটের পথে এগিয়ে গেল, তা আরও দেড় বছর পরে জানা যাবে। তবে একটি সত্য প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের বর্তমান সরকারব্যবস্থায় একজনের মতই সর্বমতের ওপরে স্থান পায়। শুধু কখনো সংলাপ বা এ জাতীয় নাটক মঞ্চস্থ করে জনগণকে একটুখানি মাতিয়ে রাখা হয়। সংলাপ নাটকে আমন্ত্রিত হয়ে এ কথাটি আমি সুরঞ্জিত দাকে বলেছিলাম। দাদাকে বলেছি, ‘এত নানা রংঢংয়ের আলোচনা কেন? সরাসরি জানিয়ে দেন না অথবা সম্ভব হলে বলে দিন না চরম ও পরম সিদ্ধান্তটি যিনি নেবেন, তিনি কী ভাবছেন?’ যা-ই হোক, আমার চাঁচাছোলা কথা হলো, তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে তথাকথিত সংলাপের নামে আমাদের ধোঁকা দেওয়া হয়েছিল, অথবা আমরা গর্দভের মতো ধোঁকা খেয়েছিলাম, শেষ পর্যন্ত যা হওয়ার তা-ই হয়েছিল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যাঁর যা ভালো করার, তা-ই করেছেন। একইভাবে ধৃষ্টতা বলে মনে হলেও মহামান্য রাষ্ট্রপতিকে কি প্রশ্ন করতে পারি না নির্বাচন কমিশন নিয়ে আলোচনার পরিণতি এমনটিই হবে, যেমনটি হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংলাপ-নাটকের ক্ষেত্রে?যাক পুরোনো কথা, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ফিরে যাই। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপের পর নতুন নির্বাচন কমিশন নিয়োগের প্রশ্নটি স্বভাবতই অতি গুরুত্ব পেয়েছে। কারণ, দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠু হওয়ার ব্যাপারে আমরা সব সময় সন্দিগ্ধ। অতীতে বহুবার কমিশনের ওপর প্রভাব বিস্তার নিয়ে নানা ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে। তাঁদের অকর্মণ্যতা ও ইচ্ছাকৃত অথবা নির্দেশিত পক্ষপাতিত্বের ও ‘সূক্ষ্ম কারচুপি’ করার বিষয়টি বহুবার আলোচিত হয়েছে। আমিও এ নিয়ে অনেক লেখালেখি করেছি, টেলিভিশনে টক শোতে বক্তব্য দিয়েছি। আমি এমন প্রশ্নও করেছি, অতীতে অনেক নির্বাচন কমিশন কেন সসম্মানে, মেয়াদ পূর্ণ করে বিদায় নিতে পারেননি। এবংবিধ কারণে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে এত আলোচনা, সমালোচনা, পদ্ধতি নিয়ে সন্দেহ ও সংশয়। তাই প্রশ্ন, রাষ্ট্রপতি কি সর্বজন গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন সত্যিই উপহার দিতে পারবেন?জাতির একটি সংকটময় মুহূর্তে, রাজনৈতিক সংঘাতের আশঙ্কাজনক পরিবেশে, অস্থিতিশীল ও অনিশ্চিত ভবিষ্যতের ছায়ায় যদি তিনি তেমনটি দিতেও পারেন, বর্তমান সরকার কি তাঁর সুপারিশ অনুসরণে নতুন নির্বাচন কমিশন গঠন করবে? আমার তো মনে হয়, জনগণ অথবা বিভিন্ন রাজনৈতিক দল, বর্তমান রাজনৈতিক ধারার পর্যবেক্ষকেরা তত্ত্বাবধায়ক-সংশ্লিষ্ট ব্যর্থ আলোচনা স্মরণ করে এমনটি হবে বলে বিশ্বাস করেন না। তাই আমার সরকারের চূড়ান্ত নীতিনির্ধারকের কাছে আবেদন, আপনার যা করার তা করে ফেলুন। সর্বজন শ্রদ্ধেয় মহামান্য রাষ্ট্রপতিকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখুন। তবে লোক দেখানো জনমত যাচাইপ্রক্রিয়া বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের বেলায় যেমনটি করেছিলেন, তেমন আরেকটি নাটক মঞ্চস্থ করার দায়িত্বটি আবার সাইড লাইনে বসিয়ে রাখা নেতাদের হাতে অর্পণ করুন।তবু দায়িত্ব যখন শ্রদ্ধেয় রাষ্ট্রপতির ওপর বর্তেছে, তিনিও যখন বিনা আপত্তিতে কাঁধে তুলে নিয়েছেন অথবা নিতে বাধ্য হয়েছেন, তখন তাঁকে আমার দুটি পরামর্শ। জনে-জনে বা দলে-দলে ডেকে বৈঠক নয়, একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করুন। সেখানেই আলোচনা, বিতর্ক বা বাহাস হোক না, কী পদ্ধতিতে পরবর্তী নির্বাচন কমিশন গঠন করতে হবে। উল্লেখ্য, আমি ‘পদ্ধতি’ বলেছি, ব্যক্তি নির্বাচনের কথা বলিনি। কারণ, পদ্ধতির ব্যবহার ব্যক্তির ব্যক্তিত্ব ও স্বাধীনচেতা মনোভাবের ওপর নির্ভরশীল। ইতিপূর্বে আমরা দেখেছি, সংবিধান বা আইনে যা-ই থাকুক না কেন, নির্বাচন কমিশনকে অবশ্যই আপন কর্তব্য সঠিক ও ন্যায়সংগতভাবে পালনের জন্য নির্বাহী বিভাগের ওপর নির্ভর করতে হয়। তত্ত্বাবধায়ক সরকারের আমলে এবংবিধ পরিস্থিতিতে সেই নির্ভরতা ও সংশ্লিষ্ট সহযোগিতা দলীয় সরকারের আমলে যে পাওয়া যাবে না, তা নিশ্চিতভাবে বলা যায়।অতঃপর কাজের কাজ কিছু হবে না জেনেও রাষ্ট্রপতিকে একটি স্বাধীনচেতা ও দৃঢ় সংকল্পসম্পন্ন নির্বাচন কমিশনের উদ্যোগ নেওয়ায় আপাতত স্বাগত জানাচ্ছি। তার পরও আমার অযাচিত পরামর্শ হচ্ছে, তিনি একটি ফলপ্রসূহীন প্রক্রিয়ার দায়িত্বটি কাঁধ থেকে ঝেড়ে ফেলে একটি সার্চ কমিটি তথা যতখানি সম্ভব নিরপেক্ষ ও অবিতর্কিত ব্যক্তিদের সমন্বয়ে বাছাই কমিটি করুন। অবশ্য বর্তমানে দেশে যে অনিশ্চিত ও টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, সেই বাছাই কাজটি কতখানি সহজ হবে সে সম্পর্কে আমি সন্দিহান। তবে একটি শুভফল হবে, রাষ্ট্রপতিকে অহেতুক অযথা বিতর্কে জড়াতে হবে না।তার পরও তর্কের খাতিরে ধরে নিলাম রাষ্ট্রপতির সোনার হরিণ বাছাই কমিটি নিরপেক্ষ কমিশন সদস্যদের খুঁজে পেলেন। প্রধান বিরোধী দল কি তাঁদের গ্রহণ করবে? বর্তমান রাজনৈতিক অঙ্গনে যে অসহিষ্ণু নেতিবাচক সংস্কৃতি বিরাজ করছে, তাতে এই প্রশ্নের উত্তর অবশ্যই ‘না’ হবে। তা-ই যদি হয়, তবে কী হবে? এই প্রশ্নের উত্তরের জন্য সংলাপ নাটকের যবনিকা পতন পর্যন্ত অপেক্ষা করতে হবে।এবিএম মূসা: সাংবাদিক ও কলাম লেখক।