একসময় কলেজ পর্যায়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের রীতিমতো যুদ্ধে লিপ্ত হতে হতো। মূল পরীক্ষার চেয়েও অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ ছিল কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে। আর এই ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে রাজধানী তো বটেই, সারা দেশে কোচিং-বাণিজ্যও ছিল জমজমাট।
কয়েক বছর আগে ভর্তি পরীক্ষা তুলে দেওয়ার পর এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি-প্রক্রিয়া চালু হলে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্বেগ ও হয়রানি অনেকটা কমে যায়। সেই পদ্ধতিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন বাছাই করত সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান। এবার ভর্তির আবেদন যাচাই-বাছাই করার দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা বোর্ডকে, আর সমন্বয়ের কাজটি করবে ঢাকা বোর্ড। সে জন্য শিক্ষার্থীকে ১৫০ টাকা দিতে হবে। অনলাইনে একজন শিক্ষার্থী পছন্দক্রম অনুসারে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম দিতে পারবে, বোর্ড ফলাফল যাচাই করে তার মধ্য থেকে একটি বেছে নেবে। কোনো শিক্ষার্থী সেই পাঁচটির মধ্যে একটিও না পেলে সে অন্য কলেজে ভর্তি হতে পারবে। এটি মেডিকেল কলেজগুলোতে ভর্তি পদ্ধতির অনুরূপ।
শিক্ষার্থীর ভর্তির কলেজ নির্ধারণ করবে বোর্ডআমরা মনে করি, কোচিং-বাণিজ্য বন্ধ এবং ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের হয়রানি কমানোর জন্য এটি ভালো পদ্ধতি। কেবল কলেজ নয়, উচ্চতর শিক্ষায়ও একই পদ্ধতি চালু হলে ভর্তি নিয়ে বিতর্ক ও অনিয়ম কমবে। প্রশ্ন হলো, নতুন পদ্ধতির পুরো সুবিধা শিক্ষার্থীরা পাবে কি না, সেটি নির্ভর করছে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান কতটা নির্ভুলভাবে দায়িত্ব পালন করে, তার ওপর। কলেজ বা কোনো প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের কোটা বা বিশেষ সুবিধা রাখা বাঞ্ছনীয় নয়। কোটা মানেই যোগ্যতর প্রতিযোগীর স্থলে কম যোগ্য ব্যক্তিকে সুবিধা দেওয়া। ভর্তির জন্য তহবিল সংগ্রহের নামে বাড়তি অর্থ আদায়ও কাম্য নয়। তবে ভর্তি-সমস্যার টেকসই সমাধানের জন্য প্রয়োজন প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, যাতে ভর্তির জন্য শিক্ষার্থীদের কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে দৌড়ঝাঁপ করতে হবে না।