যেকোনো রাজনৈতিক দলের সম্মেলনের মূল লক্ষ্য থাকে নতুন নেতৃত্ব নির্বাচন এবং অতীতের সাফল্য ও ব্যর্থতার নিরিখে সামনে চলার পথরেখা তৈরি। আওয়ামী লীগের ২০তম সম্মেলনে নতুন নেতৃত্বও গঠন করা হয়েছে। দলীয় সভাপতি হিসেবে শেখ হাসিনা পুনর্নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে পরিবর্তন এসেছে। নতুন সাধারণ সম্পাদক হয়েছেন বিদায়ী কমিটিতে সভাপতিমণ্ডলীতে থাকা ওবায়দুল কাদের। এ ছাড়া সভাপতিমণ্ডলীসহ আরও কিছু পদে যোগ-বিয়োগ হয়েছে। আমরা আওয়ামী লীগের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানাই।
সম্মেলনের সমাপনী ভাষণে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। ধারণা করা যায়, আওয়ামী লীগের বর্তমান কমিটিও গঠিত হয়েছে সেই নির্বাচনের কথা মাথায় রেখে। কিন্তু নির্বাচনটি কীভাবে হবে, নির্বাচন কমিশন (ইসি) কীভাবে গঠিত হবে, সে সম্পর্কে দলের ঘোষণাপত্র কিংবা শীর্ষ নেতাদের বক্তৃতায় স্পষ্ট করে কিছু না থাকায় অনেকেই হতাশ হয়েছেন।
তবে সমাপনী ভাষণে দলীয় সভানেত্রী ‘আমি কখনোই চাইব না, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে কোনো প্রশ্ন উঠুক’ বলে যে মন্তব্য করেছেন, তাতে কিছুটা আশার ইঙ্গিত পাওয়া যায়। কারণ যা–ই হোক, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। দেশের মানুষ ভবিষ্যতে এ ধরনের আরেকটি নির্বাচন যে চায় না, তা যদি ক্ষমতাসীন দলটি উপলব্ধি করে থাকে, তবে সেটা খুবই ইতিবাচক। একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনই কেবল জনগণের ভোটের যে অধিকার রয়েছে, তা নিশ্চিত করতে পারে। সেখানে প্রতিদ্বন্দ্বী সব দল ও প্রার্থীর জন্য সমসুযোগ তৈরির বিকল্প নেই। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হওয়ার পর এ ধরনের একটি নির্বাচন অনুষ্ঠানের মুখ্য দায় বর্তায় ক্ষমতাসীনদের ওপরই। আওয়ামী লীগের নতুন নেতৃত্ব এই চ্যালেঞ্জ কীভাবে গ্রহণ করেন, সেটাই দেখার বিষয়।
যেহেতু আগামী ফেব্রুয়ারি মাসে বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হবে, সেহেতু অবিলম্বে নতুন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করা প্রয়োজন। আওয়ামী লীগের ঘোষণাপত্রে ইসি আগের নিয়ম অনুযায়ী করার কথা বলা হয়েছে। একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রধান বিরোধী রাজনৈতিক শক্তিসহ সবার অংশগ্রহণ নিশ্চিত করতে তাই আলাপ–আলোচনা ও সমঝোতার পথ ধরা খুবই জরুরি।