ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় নেতা হলেন পোপ। পোপ বেনেডিক্ট ২০০৫ খ্রিষ্টাব্দের এপ্রিলে পোপ পদে অধিষ্ঠিত হয়েছিলেন। তাঁর পদত্যাগের ঘোষণায় ক্যাথলিক চার্চসহ গোটা বিশ্ব হতবাক হয়ে পড়ে। শুরু হয় নতুন পোপ কে হবেন, তা নিয়ে আলোচনা। ১৩ মার্চ সেই মাহেন্দ্রক্ষণ। ঐতিহাসিক দিন। সাধু পিতরের মহামন্দিরের সিসটিন চ্যাপলের বিশেষ চিমনি দিয়ে সাদা ধোঁয়া নির্গমন দেখে চত্বরে উপস্থিত লাখ লাখ ভক্ত এবং টিভির পর্দায় চোখ রাখা কোটি কোটি মানুষ আনন্দে ফেটে পড়ে। এ এক অভূতপূর্ব দৃশ্য। আনন্দধ্বনিতে মুখরিত হয় সাধু পিতরের মহামন্দির চত্বর। একই সঙ্গে বাজতে থাকে ঘণ্টাধ্বনি, যা অনুরণিত হয় ভ্যাটিকান থেকে বিশ্বের সুদূর প্রান্তে, প্রতিটি মানুষের অন্তরে। সাদা ধোঁয়া এবং ঘণ্টাধ্বনি বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে ‘আমরা নতুন পোপ পেয়েছি।’ জন্মসূত্রে তিনি আর্জেন্টাইন। রাজধানী বুয়েনস এইরেসের একটি শহরে তাঁর জন্ম ১৭ ডিসেম্বর ১৯৩৬ খ্রিষ্টাব্দে। ১৩ ডিসেম্বর ১৯৬৯ খ্রিষ্টাব্দে তিনি যাজক হিসেবে অভিষিক্ত হন। ২৮ ফেব্রুয়ারি ১৯৯৮ খ্রিষ্টাব্দে তিনি বুয়েনস এইরেসের আর্চবিশপ নিযুক্ত হন। প্রয়াত পোপ দ্বিতীয় জন পল ২১ ফেব্রুয়ারি ২০০১ খ্রিষ্টাব্দে আর্চবিশপ বেরগল্লিওকে কার্ডিনাল পদে উন্নীত করেন। ১৩ মার্চ ২০১৩ খ্রিষ্টাব্দে তিনি পোপ নির্বাচিত হন। ১৯ মার্চ ২০১৩ খ্রিষ্টাব্দে তিনি পোপ পদে অধিষ্ঠিত হন। পোপ নির্বাচিত হওয়ার পর তিনি সাধু ফ্রান্সিস আসিসির নাম গ্রহণ করেন এবং পোপ ফ্রান্সিস বলে অভিহিত হন। এক হাজার ২৭২ বছর পর এই প্রথম কোনো অ-ইউরোপীয় পোপ হলেন। নতুন পোপকে নিয়ে চারদিকে অনেক আলোচনা চলছে। বিগত কয়েক সপ্তাহে বক্তব্য-বিবৃতি আর মিডিয়ার বদৌলতে তাঁর বিষয়ে বিশ্ববাসীর কাছে অনেক কিছু জানা গেছে। প্রথমত, পোপ ফ্রান্সিস অত্যন্ত সাধাসিধে মানুষ। বলা হচ্ছে, তিনি সাধারণ মানুষের পোপ। অত্যন্ত বিনম্র, সহজ-সরল ও রসিক প্রকৃতির মানুষ। ইতিমধ্যে তিনি যে কেমন, সে বিষয়ে কিছু প্রমাণ দিয়েছেন। পোপ নির্বাচিত হওয়ার পরপরই ঐতিহ্যগতভাবে পোপ ভক্তদের সামনে হাজির হয়ে তাঁদের আশীর্বাদ করেন। কিন্তু পোপ ফ্রান্সিস প্রথমেই আশীর্বাদ না দিয়ে তিনি মাথা নত করে লাখো মানুষের কাছে নিজেই আশীর্বাদপ্রার্থী হন এবং বলেন যে আপনারা আমার জন্য প্রার্থনা করুন। তাঁর এই বিনম্রতা ও আন্তরিকতায় সবাই মুগ্ধ। পোপ নির্বাচিত হওয়ার পর তাঁকে সোনার চেইন রীতি অনুসারে পরতে হয়। কিন্তু তিনি অতি বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করে বলেছেন, আমার লোহার চেইনটা নিয়েই আমি সন্তুষ্ট। অধিষ্ঠানের খ্রিষ্টযাগে তিনি একটি গাড়িতে চড়ে দুবার সাধু পিতরের চত্বর প্রদক্ষিণ করেন। এই সময় একবার নেমে গিয়ে একটি প্রতিবন্ধীকে প্রীতিচুম্বনে সিক্ত করেন। এখানে কিছু কিছু ঘটনার কথা উল্লেখ করলাম, যেগুলো ঘটেছে পোপ নির্বাচিত হওয়ার কয়েক দিনে।আরও জানা গেছে যে তিনি পোপ হওয়ার আগ পর্যন্ত নিজেই রান্না করে খেতেন। তিনি সাধারণ পাবলিক যানবাহনে ভ্রমণ করতেন। এসব ঘটনা আমাদের কাছে তাঁর ব্যক্তিত্ব, তাঁর জীবনাদর্শ, তাঁর বিশ্বাসপূর্ণ জীবন তুলে ধরে। তিনি ব্যক্তিগতভাবে সাধু ফ্রান্সিস আসিসির একজন ভক্ত। সাধু আসিসির প্রকৃতি প্রেম, দারিদ্র্য ও কৃচ্ছ্রসাধন, আন্তধর্মীয় সংলাপ, সম্প্রীতি ও শান্তি স্থাপন, সর্বোপরি পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো পোপ ফ্রান্সিসের জীবনে মূর্ত হয়ে উঠেছে। নতুন পোপ ফ্রান্সিস তাঁর অধিষ্ঠান অনুষ্ঠানে ধর্মভাষণে, সব সৃষ্টিকে রক্ষা করা, পরিবার, নারী-পুরুষ, শিশু, অবহেলিত, দরিদ্র এবং সব মানবজাতির রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে বিশ্বকে আরও সুন্দর করে তোলার আহ্বান জানান। তিনি বুয়েনস এইরেসের প্লাজা দ্য মায়ো চত্বরে উপস্থিত জনতার উদ্দেশে এক মুঠোফোন বার্তায় বলেছেন, ‘তোমরা কখনো কারও কোনো ক্ষতি করো না। তোমরা পরিবেশ রক্ষা করো, বৃদ্ধ ও যুবকদের যত্ন নাও। সব রকম হিংসা পরিহার করো। কখনো ভয় করো না। ঈশ্বর সর্বদাই তোমাদের সঙ্গে আছে।’ পোপ ফ্রান্সিস বলেছেন, চার্চ হবে দরিদ্র ও দরিদ্রদের। যিশু দরিদ্র ও অসহায়দের প্রতি ছিলেন দয়াবান। ক্রুশে ঝুলন্ত অবস্থায় তিনি তাঁর শত্রুদের ক্ষমা করেছেন। তিনি তথাকথিত সমাজনেতা, ধর্মনেতা ও ধর্মব্যবসায়ীদের অন্যায়-অন্যায্যতা, শঠতা ও পাপের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি তাদের অন্যায্যতা ও পাপাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। ইহুদি ধর্মনেতারা নিজেদের স্বার্থ ও ক্ষমতা রক্ষার্থে যিশুর বিরুদ্ধে চক্রান্ত করেন। তাঁরা যিশুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাঁকে ঈশ্বর-নিন্দার অভিযোগে ক্রুশে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করেন। কিন্তু যিশু মৃত্যুর তৃতীয় দিনে পুনরুত্থান করলেন। কবর তাঁকে বেঁধে রাখতে পারেনি। তিনি হলেন মৃত্যুঞ্জয়ী। তাঁর এই বিজয়—অন্ধকার থেকে আলোতে, অসত্য থেকে সত্যে এবং মৃত্যু থেকে অমৃতধামের বিজয়। যিশুর পুনরুত্থান খ্রিষ্ট বিশ্বাসীদের জন্য একটি সুনিশ্চিত আশা যে তারাও একদিন যিশুর মতো পুনরুত্থান করবে। যিশুর গৌরবময় পুনরুত্থান খ্রিষ্টধর্মের অন্যতম মৌলিক ভিত্তি, যার ওপর নির্ভর করে গোটা মা-লিক জীবন আবর্তিত। যিশু পুনরুত্থান করে মানবজাতির জন্য এনে দিয়েছেন নতুন জীবন। পোপ ফ্রান্সিস বিশ্বের দরিদ্র, অসহায়, নিপীড়িত মানুষের সেবার মধ্য দিয়ে যিশুখ্রিষ্টের মুক্তিদায়ী কাজের ধারাবাহিকতার ওপর সবিশেষ জোর দিয়েছেন। তিনি যিশুর এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য ও লক্ষ্য নতুন করে মানবজাতির সামনে তুলে ধরে সবাইকে মুক্তি ও কল্যাণকাজে সংযুক্ত হতে উৎসাহ দিয়েছেন। তিনি আরও বলেছেন, কর্তৃত্ব নয়, সেবার মধ্য দিয়ে মানুষকে ভালোবাসতে হবে। সেবাই শক্তি। আর এভাবেই জগৎ-সংসারের পতিত অবস্থার ঘটবে উত্তরণ। হবে পুনরুত্থান। ফাদার জয়ন্ত এস গমেজ: সম্পাদক, সাপ্তাহিক প্রতিবেশী, পরিচালক, খ্রিষ্টীয় যোগাযোগকেন্দ্র।