বাংলাদেশ সংবিধানের প্রণেতারা প্রদেশভিত্তিক ফেডারেল ধাঁচের সরকারব্যবস্থার অভাব পূরণে সংবিধানে স্থানীয় শাসন নামে একটি নতুন পরিচ্ছেদ সৃষ্টি করেছিলেন। এর মূল উদ্দেশ্য ছিল পাকিস্তান আমলে কেন্দ্র থেকে যেভাবে সবকিছু নিয়ন্ত্রণ করা হতো, স্বাধীন বাংলাদেশের শাসনব্যবস্থায় তার পুনরাবৃত্তি ঠেকানো। সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদে কেবল নির্বাচিত জনপ্রতিনিধি সমন্বয়ে স্থানীয় ক্ষমতা বিকেন্দ্রীকরণের রূপরেখা দেওয়া হয়েছিল। কিন্তু পূর্বাপর সরকারগুলো এ কথা বিস্মৃত হয়েই নতুন নতুন ‘প্রশাসনিক একাংশ’ গঠন করে চলেছে। নতুন বিভাগ পেয়ে ময়মনসিংহ অঞ্চলের মানুষ উৎফুল্ল হবে, সেটাই স্বাভাবিক। তবে এ ধরনের বিভাগ সৃষ্টি যদি সংবিধানে বর্ণিত বিকেন্দ্রীকরণের মূল চেতনা ধারণ না করে, জনগণ তা থেকে উপকৃত হবে না। প্রশাসনিক ব্যয় বাড়ার পাশাপাশি তাদের ওপর করের বোঝাও বাড়বে।
ময়মনসিংহ বিভাগ গঠনের কার্যক্রম শুরুর নির্দেশএর আগে সংকীর্ণ দলীয় দৃষ্টিকোণ থেকে ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করা হয়েছিল। বলা হয়েছিল, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্যই এটি করা হয়েছে। ঢাকার বাসিন্দারা এখন সেবাদানকারীদেরই খুঁজে পাচ্ছে না। ঢাকা বিভাগ ভেঙে তিনটি বিভাগ ও ফরিদপুর বা গোপালগঞ্জে কোনো বিভাগ করা, চট্টগ্রামকে ভেঙে নোয়াখালী বা কুমিল্লাকে আলাদা বিভাগ করার কথা উঠেছে। জনসংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ ধরনের প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রয়োজন অস্বীকার করছি না। কিন্তু সেটি হতে হবে নির্দিষ্ট নীতিমালার আলোকে, ব্যক্তিগত ইচ্ছেয় নয়।
স্মরণ করা যেতে পারে, ১৯৭৫ সালে চতুর্থ সংশোধনীতে স্থানীয় শাসনের দুটি অনুচ্ছেদ বিলুপ্ত করার দেড় দশকের বেশি পরে তা পুনরুজ্জীবিত হলেও স্থানীয় শাসনের প্রতি সরকারের অবস্থান মোটেই বদলায়নি। ১৯৯১ সালে সুপ্রিম কোর্টের অনধিক ছয় মাসের মধ্যে স্থানীয় সরকারের সর্বস্তরে নির্বাচিত জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করার রায় আজও তামিল হয়নি। তাই দেশবাসী দেখতে চায় নতুন বিভাগ বা প্রশাসনিক পুনর্বিন্যাসের সঙ্গে সঙ্গে ক্ষমতারই বিকেন্দ্রীকরণ ঘটছে।