সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংকুলান না হওয়ার প্রেক্ষাপটে গত শতকের নব্বইয়ের দশকে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। চাহিদার সঙ্গে মিলিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়বে, সেটাই স্বাভাবিক। কিন্তু দেখার বিষয় হলো এসব বিশ্ববিদ্যালয়ে যে অবকাঠামোগত সুবিধা ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী থাকার কথা, সেসব আছে কি না?
সরকার যে ছয়টি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে, সেগুলোর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একজন সাবেক চেয়ারম্যান। উল্লিখিত ছয়টি বিশ্ববিদ্যালয়ের দুটি ঢাকায় এবং চট্টগ্রাম, খুলনা, কুষ্টিয়া ও মানিকগঞ্জে একটি করে। বর্তমানে ঢাকায় ৫০টির মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ৩৭টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে, যার বেশির ভাগই পেয়েছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। এর পেছনে শিক্ষানুরাগ না বাণিজ্যিক অনুরাগ সক্রিয় ছিল বা আছে, সেটি বোঝা যায় অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান যাচাই করে। শতের কোঠার কাছাকাছি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০-১২টি ছাড়া কেউই শর্ত পূরণ করতে পারেনি।
৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়ে নানা প্রশ্নসে ক্ষেত্রে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে শিক্ষার মান রক্ষা করতে পারবে, সেই নিশ্চয়তা কী? ঢাকা ও চট্টগ্রামের বাইরে চারটি স্থানে পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় না থাকলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস আছে। যদিও বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে শাখা ক্যাম্পাস রাখার কোনো বিধান নেই। তাই নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়ার আগে দেশের বিভিন্ন স্থানে থাকা অবৈধ শাখা ক্যাম্পাসগুলো তুলে দেওয়া জরুরি ছিল। এসব ক্যাম্পাসের নামে শিক্ষাদান না হলেও দেদার সনদ বিক্রি হচ্ছে বলে অভিযোগ আছে।
চাহিদা থাকলে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিতে কারও আপত্তি থাকার কথা নয়। কিন্তু ন্যূনতম শর্ত পূরণ না করে নতুন নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন কেবল শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার মৃত্যু ঘটাবে না, উচ্চশিক্ষাকেও ঠেলে দেবে বিপর্যয়ের মধ্যে। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান নিশ্চিত করার জন্য পৃথক কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিকল্প নেই।