আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হলে অনেক পণ্য ও সেবার দাম বেড়ে গিয়ে, বিশেষত নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনযাত্রায় বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করবে। জনজীবনের আর্থিক স্বাচ্ছন্দ্য ও জাতীয় অর্থনীতির সজীবতা উভয়ই সমানভাবে কাম্য। কিন্তু উভয় ক্ষেত্রে নতুন ভ্যাট আইনের নেতিবাচক প্রভাবের আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে আমলে নেওয়া প্রয়োজন।
প্রথমত, এ কথা নতুন নয় যে বাংলাদেশে ভ্যাটের হার দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় গড়পড়তা বেশি। নতুন আইন কার্যকর হলে ভ্যাটের আওতাধীন সব সেবা ও পণ্যের ওপর আমদানি বা উৎপাদন থেকে শুরু করে ভোক্তার ক্রয় পর্যন্ত প্রতিটি স্তরে মূল্য সংযোজনের ওপর ভ্যাটের হার হবে ১৫ শতাংশ। মধ্যবর্তী পর্যায়ে ব্যবসায়ীরা যে ভ্যাট দেবেন, তা রেয়াত নিতে পারবেন। যদি যথাযথ হিসাব না রাখেন, ব্যবসায়ীরা রেয়াত নিতে পারবেন না। এতে পণ্যের দাম বাড়তে পারে। প্রশ্ন হচ্ছে, এ দেশের ভোক্তাসাধারণের ওপর এই বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করার পেছনে কী যুক্তি আছে? ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমানোর দাবি জানিয়ে আসছেন, এবার তাঁরা আন্দোলনের হুমকি দিয়েছেন।
দ্বিতীয়ত, এ দেশের ভ্যাট আদায়-ব্যবস্থা অপেক্ষাকৃত জটিল ও অসামঞ্জস্যপূর্ণ। নতুন আইনে পণ্যের আমদানি কিংবা উৎপাদন থেকে ভোক্তার ক্রয় পর্যন্ত প্রতিটি স্তরে ভ্যাট আরোপের বিধান রয়েছে। এর ফলে প্রথমত ব্যবসায়ীদের ভ্যাটের রেয়াত নেওয়ার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হবে, দ্বিতীয়ত ভ্যাটের আওতাধীন সব ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। তা ছাড়া অন্যান্য দেশে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের ওপর ভ্যাট আরোপ করা হয় না। কিন্তু আমাদের দেশে ভোজ্যতেলের মতো নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যও কেন ভ্যাটের আওতাধীন করা হলো, তা বোধগম্য নয়। ১ জুলাই থেকে ভোজ্যতেলের আমদানি পর্যায়ে ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে। এতে ভোজ্যতেল বাজারে প্রবেশ করার আগেই দাম ১৫ শতাংশ বাড়বে এবং ভোক্তার কাছে আসা পর্যন্ত বাড়বে আরও কয়েক স্তরে। বিদ্যুতের ওপরও ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এটা কোনোভাবেই যুক্তিসংগত নয়; কারণ, বিদ্যুৎ অতিপ্রয়োজনীয় জ্বালানি, যার দাম বাড়লে জনজীবন ও উৎপাদন খাত উভয় ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়বে। একইভাবে ইন্টারনেট–সেবার ওপরও ভ্যাট আরোপ করা যুক্তিসংগত নয়।
ব্যবসায়ী সমাজ ও বিশেষজ্ঞদের অনেকে যেমন বলছেন, ১৫ শতাংশ ভ্যাট যুক্তিসংগত নয়, এটা কমিয়ে ১০ শতাংশ করা উচিত। বিদ্যুতের দাম এমনিতেই দফায় দফায় বাড়ানো হয়, এর ওপর ভ্যাটের হার বাড়ানো গোদের উপর বিষফোড়ার শামিল। নতুন ভ্যাট আইন জটিলতামুক্ত ও যুক্তিসংগত করা উচিত।