বারাক ওবামা তাঁর মন্ত্রিসভায় একজন রিপাবলিকান সাবেক নেতাকে অন্তর্ভুক্ত করার জন্য মনোনয়ন দিয়েছেন, এটা কোনো নতুন বিষয় নয়। প্রথম দফার মন্ত্রিসভায় একাধিক রিপাবলিকান নেতা ও সমর্থক দায়িত্ব পালন করেছেন। তার মধ্যে অন্যতম হলো রে লাহুড, ইলিনয়ের এই রিপাবলিকান নেতা ওবামা প্রশাসনের ট্রান্সপোর্টমন্ত্রী হিসেবে এখনো দায়িত্ব পালন করছেন। ্রপ্রতিরক্ষামন্ত্রী হিসেবে রবার্ট গেইটস দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়, বিস্মৃত হওয়ার উপায় নেই যে তিনি জর্জ বুশের আমলে নিয়োগ পেয়েছিলেন। ওবামা ২০০৯ সালে প্রথমে তিনজন রিপাবলিকানকে তাঁর মন্ত্রিসভায় মনোনয়ন দেন। ওবামার দ্বিতীয় মেয়াদের প্রশাসনের জন্য প্রস্তাবিত মন্ত্রিসভায় যে রিপাবলিকান দলের সাবেক সিনেটর চাক হেগেল থাকবেন, এমন একটা গুজব নির্বাচনের আগে থেকেই ছিল। এমন কথাবার্তায় অনেকেই তখন ভাবছিলেন যে চাক হেগেলের জন্য কোন মন্ত্রণালয় বরাদ্দ হবে। কেননা, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত সুসান রাইস যদি পররাষ্ট্র মন্ত্রণালয় পান, তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জন কেরির জন্য বরাদ্দ করা হতে পারে। তাহলে হেগেলের ভাগ্যে শিকে ছিঁড়বে না। কেননা, তাঁর যে অভিজ্ঞতা, তাতে অন্য যেকোনো মন্ত্রণালয়ের চেয়ে প্রতিরক্ষাই হবে যথাযথ। ঘটনাপরম্পরায় চাক হেগেলের মনোনয়ন হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়েই। এখন সে নিয়েই আলোচনা দেশে এবং দেশের বাইরে। একজন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট তাঁর মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একজন রিপাবলিকানকে নিয়োগ করেছেন, এমন ঘটনাও নতুন কোনো বিষয় নয়। এই মনোনয়নের ঘোষণার পরপরই প্রেসিডেন্সিয়াল হিস্টোরিয়ান মাইকেল বেসেলস স্মরণ করিয়ে দিয়েছেন যে এযাবৎ অর্ধেক ডেমোক্র্যাট প্রেসিডেন্টই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে রিপাবলিকান নিয়োগ দিয়েছেন, অন্যদিকে কোনো রিপাবলিকান প্রেসিডেন্ট কোনো দিনই কোনো ডেমোক্র্যাটকে এই পদে নিয়োগ দেননি। ডেমোক্র্যাট প্রেসিডেন্টরা কেন এটা মনে করেন যে এই পদে রিপাবলিকান নিয়োগ দেওয়া ভালো? কেননা, সাধারণভাবে এ রকম একটা কথা চালু আছে যে ডেমোক্র্যাটরা প্রতিরক্ষার প্রশ্নে তুলনামূলকভাবে দুর্বল, অন্ততপক্ষে বেশি মাত্রায় শান্তিবাদী। এই ধরনের ধারণার পেছনে যে শক্ত কোনো প্রমাণ আছে, তা মনে করার কারণ নেই। এই ধরনের ‘পারসেপশন’ যতটা না বাস্তবসম্মত, তার চেয়ে বেশি গণমাধ্যমের তৈরি, রিপাবলিকানরা এ কাজটা খুব ভালোভাবেই করতে পেরেছেন। অতীতে প্রেসিডেন্ট নির্বাচনের সময় এটাই একটা বড় বিষয় হয়েছে। ২০১২ সালের নির্বাচনের গোড়ায় এ ধরনের কথাবার্তা হালে পানি পাবে না বলে রিপাবলিকানরা বিষয়টি এড়িয়ে যান; কিন্তু ১১ সেপ্টেম্বর ২০১২ সালে লিবিয়ার বেনগাজির দূতাবাসে হামলায় রাষ্ট্রদূতের মৃত্যুর ঘটনার পর সে চেষ্টাও তাঁরা করেন। ‘ডেমোক্র্যাটরা প্রতিরক্ষা বিষয়ে দুর্বল’ এই ধারণার কারণে যেকোনো ডেমোক্র্যাট প্রার্থীর জন্য কংগ্রেসের অনুমোদন পাওয়া দুরূহ হবে বলে অনুমান করে প্রেসিডেন্টরা তাঁর প্রতিপক্ষকে সামাল দিতে এই কাজটি করে থাকেন। ডেমোক্র্যাটরা, বিশেষত দলের উদারপন্থীরা এ নিয়ে সব সময়ই আপত্তি করে এসেছেন। তাঁরা বলেন যে এই যুক্তিতে রিপাবলিকানদের মন্ত্রিসভায় শ্রম মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর তো ডেমোক্র্যাটদের জন্য বরাদ্দ থাকা উচিত; কিন্তু কখনোই তা হয়নি। বরং রিপাবলিকানরা উল্টোটাই করেছেন, তাঁদের মধ্যে যাঁরা বেশি ইউনিয়নবিরোধী, তাঁদেরই শ্রম মন্ত্রণালয়ে বসানো হয়েছে। এসব বিতর্কের পরও ওবামা এবার তাঁর ডেমোক্র্যাট পূর্বসূরিদের পথ অনুসরণ করে চাক হেগেলকে মনোনয়ন দিয়েছেন। তাঁকে নিয়ে উদারপন্থী ডেমোক্র্যাটরা কথা বলার আগেই রিপাবলিকানদের মধ্য থেকে প্রবল আপত্তি উঠেছে। কারণ, ইসরায়েল বিষয়ে হেগেলের মতামত, হিজবুল্লাহ বিষয়ে তাঁর অবস্থান। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তাঁর ভিত্তি কী? ২০০২ সালে হেগেল বলেছিলেন যে ‘ইসরায়েলকে শান্তির ব্যাপারে কমিটমেন্ট দেখানোর জন্য পদক্ষেপ নিতে হবে।’ ২০০৬ সালে হেগেল সাবেক কূটনীতিক ডেভিড মিলারকে বলেছিলেন, ‘আমি একজন মার্কিন সিনেটর, ইসরায়েলি সিনেটর নই। আমি একজন আমেরিকান সিনেটর, আমি ইসরায়েলকে সমর্থন করি। কিন্তু আমার প্রথম বিষয় হলো, আমি আমার দায়িত্ব পালনের জন্য শপথ নিয়েছি যুক্তরাষ্ট্রের সংবিধানের কাছে, কোনো প্রেসিডেন্টের কাছে নয়, কোনো দলের কাছে নয়, ইসরায়েলের কাছে নয়। আমি যদি ইসরায়েলের সিনেটে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করি, তবে আমি তাই (ইসরায়েলের প্রতি দায়িত্বের শপথ) করব।’ একই বছর হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের বিরোধিতা করে বলেছিলেন যে ‘এটা হচ্ছে একটি মার্কিন বন্ধু, একটি দেশ এবং লেবাননের মানুষদের পরিকল্পিত (সিস্টেমেটিক) ধ্বংসসাধন।’ হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে পাঠানো একটি চিঠিতে সই দিতে রাজি হননি। ২০০৭ সালে তিনি ইরানি গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার জন্য কংগ্রেসের প্রস্তাবের পক্ষে ভোট দেননি, বরং বুশ প্রশাসনকে বলেছিলেন ইরানের সঙ্গে সরাসরি আলোচনার দরজা উন্মুক্ত করতে। ২০০৯ সালে ওবামা প্রশাসনের প্রতি হেগেল আহ্বান জানিয়েছিলেন যেন তাঁর প্রশাসন হামাসের সঙ্গে আলোচনা শুরু করে। তাঁর এসব মন্তব্যকে তাঁর ইসরায়েলবিরোধী অবস্থান বলে ব্যাখ্যা করে হেগেলের বিরুদ্ধে যে প্রচারণা শুরু হয়েছে, তাতে করে কারও কারও মনে এই আশঙ্কা তৈরি হয়েছে যে শেষাবধি ওবামা এই মনোনয়ন টিকিয়ে রাখতে পারবেন কি না। চাক হেগেল ও জন কেরির মনোনয়নকে একত্রে বিবেচনা করলে এ কথা বলা মোটেই অত্যুক্তি হবে না যে শেষ পর্যন্ত ওবামা প্রশাসন বুশ প্রশাসনের ছায়া থেকে সরে আছে। বুশ প্রশাসনের সময় ওয়াশিংটনে নিও-কনজারভেটিভদের আধিপত্যের কারণে যে ধরনের মনোভাব থেকে প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি পরিচালিত হতো, তা থেকে হিলারি ক্লিনটন পররাষ্ট্র মন্ত্রণালয়কে বের করে আনতে পারলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর প্রভাব ছিল বেশ জোরেশোরেই। হেগেলের সবচেয়ে বড় কাজ সেটাই। কাজটা যে মোটেই সহজ নয়, তা মনে রাখা দরকার। এখন পর্যন্ত দেশের এবং আন্তর্জাতিক গণমাধ্যমে হেগেলকে নিয়ে যে আলোচনা হচ্ছে, তাতে বোঝা যায় যে আলোচনার এজেন্ডাটি নিও-কনজারভেটিভরাই নিয়ন্ত্রণ করছেন। বিশেষ করে বারবার হেগেলের ব্যবহার করা ‘ইসরায়েল লবি’ বাক্যবন্ধকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাতেই এটা বোঝা যায়। ২০০৮ সালে করা হেগেলের এই মন্তব্য তখন প্রায় কারোরই মনোযোগ আকর্ষণ করেনি, কিন্তু এখন তাকেই বড় করে তোলা হচ্ছে। আর তাঁরাই করছেন, যাঁরা ইরাকের বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজিয়েছিলেন সবচেয়ে জোরে। (হেগেলের বিরুদ্ধে সমকামীদের ব্যাপারে অপমানজনক মন্তব্যের অভিযোগ রয়েছে, যদিও তিনি তার জন্য ক্ষমা চেয়েছেন)। হেগেলের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে যে তিনি প্রতিরক্ষা খাতে আসন্ন বাজেট হ্রাস কীভাবে মোকাবিলা করেন। দেশের অর্থনৈতিক অবস্থার কারণে কংগ্রেসের সঙ্গে প্রেসিডেন্টের যে সমঝোতা হয়েছে, তাতে প্রতিরক্ষা খাতে বড় ধরনের কাটছাঁট হবে। এর ফলে দেশের বিভিন্ন অঙ্গরাজ্যকে হারাতে হবে বিভিন্ন ধরনের প্রতিরক্ষাসংশ্লিষ্ট কারখানা। এসব এলাকার কংগ্রেসের সদস্যরা বুঝতে চাইবেন যে চাক হেগেল তাঁর এলাকার জন্য কত কম ক্ষতিকারক। সেটা তাঁর পদ পাওয়া না-পাওয়াকে প্রভাবিত করবে। চাক হেগেলকে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে ইসরায়েলের সঙ্গে মার্কিন সম্পর্কের বিষয়ে আলাপ-আলোচনার সুযোগ ও সূত্রপাত হয়েছে। আশা করা যায় যে এই আলোচনার পরবর্তী ধাপে ওবামা প্রশাসন মধ্যপ্রাচ্যের দিকে মনোযোগ দেবে।ইলিনয়, ৯ জানুয়ারি ২০১৩আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।