যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প—এই অপ্রত্যাশিত ঘটনা বিশ্ববাসীকে চমকে দিয়েছে। নির্বাচনী প্রচারণাকালে তাঁর অনেক কথা ও আচরণ যুক্তরাষ্ট্রের জনসাধারণের এক বিরাট অংশের তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছিল; বহির্বিশ্বেও তাঁকে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার প্রকাশ লক্ষ করা গেছে। যুক্তরাষ্ট্রের উদার গণতান্ত্রিক বহুত্ববাদী নাগরিক সমাজ, অভিবাসী জনগোষ্ঠীগুলো, নারী সমাজের একটা বড় অংশ এবং মূলধারার সংবাদমাধ্যম প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কিন্তু সব সত্ত্বেও দেশটির সংখ্যাগরিষ্ঠ ভোটার তাঁকেই প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন—এই বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় নেই। সবচেয়ে বড় কথা, তিনি গণতান্ত্রিকভাবেই নির্বাচিত হয়েছেন।
যদিও নির্বাচনের ফল প্রকাশের পর ডোনাল্ড ট্রাম্প কথায় ও আচরণে সংযত আচরণ দেখিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের সবার রাষ্ট্রপতি হিসেবে সবাইকে নিয়ে দায়িত্ব পালনের কথা বলেছেন, তবু যুক্তরাষ্ট্রের অন্তত এক ডজন শহরে তাঁর বিরুদ্ধে বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। অবশ্য পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটন ডোনাল্ড ট্রাম্পকে দেশ পরিচালনা করার সুযোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা আশা করব, আমেরিকান জনগণ নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ঐক্য, শান্তি, সৌহার্দ্য ও স্থিতিশীলতা বজায় রাখতে সচেষ্ট হবে। বিভেদ সৃষ্টি নয়, ঐক্য ও মিলনের উদ্যোগ বাড়িয়ে তাঁকে সবার মন জয় করতে হবে।
প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। প্রথমত, ভোটে জেতার পরও তাঁকে আমেরিকান সমাজের সেই অংশের আস্থা অর্জন করতে হবে, যে অংশটি যুক্তরাষ্ট্রকে উদার গণতান্ত্রিক, আইনের শাসনভিত্তিক ও সার্বিক অর্থে বহুত্ববাদী সমাজ বিবেচনা করে। ধর্ম, বর্ণ, নৃতাত্ত্বিক পরিচয়নির্বিশেষে সব আমেরিকান নাগরিকের আস্থা অর্জন করতে হবে। নির্বাচনী প্রচারণাকালে ব্যবহার করা সংকীর্ণ উগ্র জাতীয়তাবাদী স্লোগানগুলোর কথা ভুলে যেতে হবে। যে অভিবাসী নাগরিকদের মনে উদ্বেগ-উৎকণ্ঠা জাগিয়ে তিনি নির্বাচনী বৈতরণি পার হয়েছেন, এখন তাঁকে তাঁদেরও প্রেসিডেন্ট হতে হবে, সেসব উদ্বেগ দূর করার মধ্য দিয়ে।
বৈশ্বিক পরিসরে যুক্তরাষ্ট্রের ভূমিকা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, তাই দেশটির নতুন প্রেসিডেন্ট ও তাঁর প্রশাসনের কাছে প্রত্যাশা, পৃথিবীর বিভিন্ন অংশে যেসব যুদ্ধ ও সহিংসতা চলছে, তার অবসানে আন্তর্জাতিক মহলের সঙ্গে মিলে গঠনমূলক উদ্যোগ নেওয়া হবে। বৈশ্বিক উষ্ণায়নসহ অন্যান্য সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের ইতিবাচক ভূমিকা প্রত্যাশিত, উল্টোটা নয়।
বাংলাদেশের পক্ষ থেকে আমরা আশা করি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের চলমান সহযোগিতার সম্পর্ক এগিয়ে যাবে।