দ্বিতীয় কোনো প্রার্থী না থাকায় গত সোমবার নির্বাচন কমিশন আবদুল হামিদকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করেছে। এটি তাঁর জন্য যেমন বিরল সম্মানের, তেমনি সমগ্র জাতির জন্যও আনন্দের। তিনি কেবল তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনীতিকই নন, অভিজ্ঞ সাংসদও। সপ্তম জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ও স্পিকার এবং নবম জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি যে দক্ষতা ও নিরপেক্ষতার প্রমাণ রেখেছেন, তা দেশবাসীর প্রশংসা কুড়িয়েছে। আমাদের বৈরিতাপূর্ণ রাজনীতিতে যে স্বল্পসংখ্যক রাজনীতিক দল-মতনির্বিশেষে সবার আস্থা অর্জন করতে পেরেছেন, তাদের মধ্যে আবদুল হামিদ অগ্রগণ্য। আমরা তাঁকে অভিনন্দন জানাই।আবদুল হামিদ এমন এক সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে যাচ্ছেন, যখন আগামী নির্বাচন নিয়ে দেশ মহাসংকটে। বিরোধী দল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছে। সরকারি দল বলছে, সংবিধানে পঞ্চদশ সংশোধনীর পর কোনো অবস্থাতেই অনির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা হস্তান্তরের সুযোগ নেই। এ অবস্থায় আগামী নির্বাচন নিয়ে যেমন গভীর অনিশ্চয়তা রয়েছে, তেমনি উপর্যুপরি হরতালে দেশের অর্থনীতি ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।এ অবস্থায় দেশবাসীর প্রত্যাশা, চলমান সংকট উত্তরণে নতুন রাষ্ট্রপতি উদ্যোগ নেবেন। কিন্তু সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা খুবই সীমিত। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও আন্তরিকতা ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ কেবল কঠিন নয়, অসম্ভবও বটে। দুই দশক ধরে দেশে সংসদীয় গণতন্ত্র চালু থাকলেও সংসদ কখনোই রাজনীতির কেন্দ্রবিন্দু হতে পারেনি। সংকট সমাধানে আলোচনার চেয়ে রাজপথে শক্তি প্রদর্শনই অগ্রাধিকার পেয়েছে এবং পাচ্ছে। একজন অভিজ্ঞ আইনজীবীর ভাষায়, এঁরা কেউ তর্কশাস্ত্রের নিয়ম মানেন না। নিয়ম মানলে সরকার দমন-পীড়নের পথ থেকে সরে আসত এবং বিরোধী দলও জনগণকে জিম্মি করার বিধ্বংসী পথ বেছে নিত না।সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব হিসেবে রাষ্ট্রপতি বিবদমান দুই রাজনৈতিক শক্তিকে এক টেবিলে বসাতে পারবেন বলেই দেশের মানুষ বিশ্বাস করে। আর কেবল নির্বাচনকালীন সমস্যা নয়, গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেসব অন্তরায় আছে, সেগুলো অপনোদনেও রাষ্ট্রপতির সফল উদ্যোগ প্রত্যাশিত। আমরা এও মনে করি, সরকার ও বিরোধী দল সংকীর্ণ দলীয় স্বার্থে আচ্ছন্ন না থেকে খোলা মনে আলোচনায় বসলে আগামী নির্বাচনের ব্যাপারে একটি সমাধান খুঁজে বের করা অসম্ভব নয়। অতীতের দুই পক্ষের অনড় অবস্থানের কারণে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাই নিশ্চল হয়ে পড়েনি, গণতান্ত্রিক ধারাবাহিকতাও ব্যাহত হয়েছে। রাজনীতিকেরা অতীত থেকে শিক্ষা নিয়েই তাঁদের করণীয় ঠিক করবেন বলে দেশবাসী আশা করে। সবশেষে আমরা নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করি। একই সঙ্গে প্রত্যাশা থাকবে যে তাঁর মেয়াদকালে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এবং বর্তমানের বৈরী ও অসহিষ্ণু রাজনীতির অবসান ঘটবে।