২০১৫ সালে সরকার ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা—এই চার জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠন করে। এখন ময়মনসিংহ পৌরসভাকে দেওয়া হলো সিটি করপোরেশনের মর্যাদা। এর মধ্য দিয়ে ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হয়েছে। সেখানকার মানুষের সঙ্গে সঙ্গে আমরাও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই। এখন প্রশ্ন হচ্ছে নগরবাসীর প্রত্যাশা পূরণ ও নাগরিক সেবা নিশ্চিত করতে পারবে তো দেশের এই দ্বাদশ সিটি করপোরেশন? ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন, (সিটি করপোরেশন) ২০০৯’ অনুযায়ী একটি সিটি করপোরেশনের অনেক দায়িত্ব। নগর পরিচ্ছন্ন রাখা, রাস্তাঘাট সংস্কার করা, বর্জ্য ব্যবস্থাপনা, জন্ম-মৃত্যুর নিবন্ধনসহ মোট ২৮ ধরনের কাজ রয়েছে সিটি করপোরেশনের। দেশের আগের ১১টি সিটি করপোরেশন এই কাজগুলো সুচারুভাবে করতে পেরেছে এমন নয়। এসব সিটি করপোরেশনের সাফল্যের তালিকার চেয়ে ব্যর্থতার তালিকাই লম্বা হবে।
যেহেতু বহু প্রতীক্ষার পর ময়মনসিংহবাসী একটি সিটি করপোরেশন পেল, তাই তাদের প্রত্যাশা অনেক বেশি হবে সেটাই স্বাভাবিক। নতুন সিটি করপোরেশন হিসেবে এটাই হবে সামনের দিনগুলোতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বর্তমানে ময়মনসিংহ শহরের প্রধান সমস্যা হচ্ছে সেখাকার রাস্তাঘাটের দুর্দশা। শহরের বেশির ভাগ রাস্তাঘাট সরু এবং ভাঙাচোরা। তাই প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হয়। নগরবাসীর জন্য এটা এক চরম ভোগান্তির কারণ।
শহরটিতে রয়েছে জলাবদ্ধতার সমস্যা। সামান্য বৃষ্টিতেই শহরটির অনেক স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। শম্ভুগঞ্জ এলাকায় পৌরসভার ময়লার ভাগাড়টিও শহরবাসীর জন্য একটি যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। মহাসড়কের ঠিক পাশে এই খোলা ভাগাড়ের অবস্থান। একটু বৃষ্টি হলেই রাস্তায় ময়লা চলে আসে। তখন রাস্তায় চলাচল করতে লোকজনের অসুবিধা হয়। তাই নতুন সিটি করপোরেশনকে প্রথমেই এসব সমস্যা, বিশেষত রাস্তাঘাট সংস্কারের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। পাশাপাশি অন্যান্য নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানোর ব্যাপারেও সিটি করপোরেশনকে সচেষ্ট হতে হবে। দিনে দিনে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই শহরটিকে রাতারাতি বদলানো যাবে না। ফলে সিটি করপোরেশনকে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ধারাবাহিকভাবে তা বাস্তবায়নের পথ ধরতে হবে। একই সঙ্গে নতুন করে অপরিকল্পিত কিছু যাতে গড়ে উঠতে না পারে তা নিশ্চিত করতে হবে। পরিকল্পিতভাবে নগরকে সাজাতে হবে।
ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরিত করা হয়েছে। ফলে বর্তমানে পৌরসভার অবকাঠামো ও জনবল দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করা যাবে না। নতুন সিটি করপোরেশন ভবন নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় জনবলের নিয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যত দ্রুত সম্ভব নতুন সিটি করপোরেশনের মেয়র নির্বাচনের ঘোষণা দিতে হবে এবং সেখানে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। আমরা ময়মনসিংহ শহরকে একটি আধুনিক ও নাগরিক সুবিধাসংবলিত শহর হিসেবে দেখতে চাই।