জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণ প্রতিরোধের জন্য কঠোর আইন থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন অঞ্চলে খাল-বিল-নদ-নদীগুলো দিনের পর দিন বেদখল হয়ে যাচ্ছে। যাঁরা এসব করছেন, তাঁরা প্রভাবশালী। বিশেষত ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও সমর্থকদের এসব বেআইনি দখলবাজি বেপরোয়া রূপ ধারণ করেছে।
গতকাল প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের বারনই নামের একটি নদ এবং পানাউল্লাহ খাল দখল করে স্থাপনা নির্মাণ করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। এই বেআইনি কাজকে নির্বিঘ্ন করতে বারনই নদের তীর দখল করে নির্মাণ করা হচ্ছে ইউনিয়নের একটি ওয়ার্ডের আওয়ামী লীগের কার্যালয়। দলটির ওই ওয়ার্ড শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃত্ব দিচ্ছেন এই দখলবাজির। একই সঙ্গে নদের অন্য পাশের তীর দখল করে নির্মাণ করছেন ব্যক্তিগত বাণিজ্যিক ভবন। তাঁরা অবশ্য দখলের অভিযোগ অস্বীকার করছেন। নদী আগে সরু ছিল, এখন বড় হয়ে গেছে, তাই মনে হচ্ছে নদী দখল করে ভবন তৈরি করা হচ্ছে—এ রকম হাস্যকর যুক্তি দেখিয়েছেন একজন।
শুধু নাটোরের এই একটি ইউনিয়নেই নয়, এ ধরনের দখলবাজি চলছে সারা দেশে। নদীর স্বাভাবিক স্রোতোধারা নষ্ট করে বাঁধ দিয়ে মাছ ধরা হয়। অনেক অঞ্চলে শুকনো মৌসুমে নদীর পানিপ্রবাহ কমে গেলে পানি সেচে মাছ ধরা এবং শুকিয়ে ফেলা নদীর বুকে ফসল ফলানো হয়। চলনবিলখ্যাত নাটোর অঞ্চলে প্রাকৃতিক জলাশয় সংরক্ষণের উদ্যোগের অভাবে পরিবেশে বিরূপ প্রতিক্রিয়া কী সুদূরপ্রসারী ক্ষতির কারণ হতে পারে, তা বিবেচনায় নেওয়ার কেউ যেন নেই।
ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় থেকে, দলের নাম ব্যবহার করে যাঁরা ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে গিয়ে প্রাকৃতিক পরিবেশের অপূরণীয় ক্ষতি করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত দলেরই। সরকারের দায়িত্ব আইনের কঠোর প্রয়োগের মধ্য দিয়ে প্রাকৃতিক জলাশয়গুলো রক্ষা করা।