পাউবোর এ অনিয়ম কবে বন্ধ হবে

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীমাতৃক বাংলাদেশ এখন কতটা নদীমাতৃক আছে, সেটি সন্দেহ। বাংলা ব্যাকরণের রচনাতেই তার একমাত্র সন্ধান পাওয়া যায় এখন। এই নদী দখল বা ধ্বংস করছে কারা? স্থানীয় প্রভাবশালী, বড় ব্যবসায়িক গোষ্ঠী, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধিসহ কারা নেই। তাদের সঙ্গে সমানতালে আছে সরকারি সংস্থাগুলো। এমনকি যেসব সংস্থার হাতে নদী ও নৌপথ রক্ষণাবেক্ষণের দায়িত্ব, তারা যেন আরও বেপরোয়া। যেমন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিরুদ্ধে অজস্র অভিযোগ, নদীর উন্নয়ন করতে গিয়ে নদীকেই গলা টিপে হত্যা করেছে তারা

নদী খননে বরাদ্দ হওয়া কোটি কোটি টাকা নয়ছয় করার বড় সুযোগ কে হাতছাড়া করতে চায়। যার সাম্প্রতিক নমুনা আমরা দেখলাম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুর নদকে ঘিরে। সেই নদকে খাল দেখিয়ে প্রকল্প বাস্তবায়নের নামে লুটপাটের ভয়াবহ চিত্র উঠে এসেছে। স্থানীয় বাসিন্দা ও সুধী মহলেরই অভিযোগ এটি। গোটা বিষয়টি নিয়ে তারা ক্ষুব্ধ।

প্রথম আলোর এক প্রতিবেদন জানাচ্ছে, গত বছরের জানুয়ারি থেকে এ বছরের মার্চ পর্যন্ত দুই মেয়াদে ১০ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে নদটিতে। এর মধ্যে অপরিকল্পিতভাবে নদ খনন করে ২ কোটি ৫৩ লাখ টাকার বিল তুলেও নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয় নাগরিক সমাজের ভাষ্য, নলজুর নদ দিয়ে একসময় বড় বড় নৌযান চলাচল করত। খনন প্রকল্পের নামে নদটিকে খাল বানিয়ে সেটির অস্তিত্ব বিপন্ন করা হয়েছে। পাউবোর দুর্নীতিবাজ কিছু কর্মকর্তা ও ঠিকাদারেরা মিলে নলজুর নদকে খাল বানিয়ে লুটপাটে মেতে উঠেছেন। জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, নতুন নকশা অনুযায়ী নলজুর নদ ২০০ থেকে ২৫০ ফুট প্রস্থ। কিন্তু খনন করা হচ্ছে মাত্র ৪০ থেকে ৫০ ফুট। তাঁরা নতুন নকশা অনুযায়ী খননের দাবি জানিয়ে আসছেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) জানাচ্ছে, সরকারি তথ্য অনুযায়ী নলজুর নদে ১০০ জন অবৈধ দখলদার আছেন। তাঁদের উচ্ছেদে আদালতে মামলা চলছে। দখলদারদের রেখে নদকে খাল বানিয়ে খনন করা হচ্ছে।

তবে পাউবো বলছে, পাউবোর নকশা অনুযায়ী নলজুর খাল খনন করা হচ্ছে। লুটপাটের অভিযোগ ঠিক নয়। খননকাজ শেষ না করার কোনো সুযোগ নেই। আবার উপজেলা নির্বাহী কর্মকর্তাই বলছেন, নলজুর নদকে খাল দেখিয়ে প্রকল্প গ্রহণ করে পাউবোর সিদ্ধান্ত ভুল। এখন এমন গুরুতর অভিযোগের মধ্যেও কি খননকাজ চলবে? জনগণের টাকায় এভাবে নদ–নদী ধ্বংসের কোনো মানে হয় না। আমরা জানতে চাই, পাউবোর এমন প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসন কেন ব্যবস্থা নেবে না?