নদটি বাঁচাতে দ্রুত উদ্যোগ নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দখলদারদের দৌরাত্ম্যে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদ মৃতপ্রায় খালে পরিণত হয়েছে। দখলদারদের মধ্যে ভূমিহীনেরা যেমন রয়েছেন, আবার প্রভাবশালীরাও রয়েছেন। নির্বিচার দখলের ফলে একসময়ের খরস্রোতা টাঙ্গন এখন মরা খালে পরিণত হয়েছে। স্থানীয় প্রশাসন থেকে দখলদারদের তালিকা করে নদী রক্ষা কমিশনে পাঠানো হয়েছে। কিন্তু কমিশন এখনো নদটি রক্ষায় কোনো নির্দেশনা দেয়নি।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ঠাকুরগাঁও জেলার ১৩টি ছোট–বড় নদ–নদীর মধ্যে টাঙ্গন প্রধান। জাতীয় নদী রক্ষা কমিশনের তালিকায় দখলদার হিসেবে ৩০৩ জনের নাম পাওয়া গেছে। তাঁদের বেশির ভাগ স্থানীয় ব্যক্তি, তাঁরা নদের জায়গা দখল করে ঘরবাড়ি করেছেন। এর মধ্যে পাকা ঘর আছে ৪টি, ২০৭টি টিনশেড, ৮৫টি আধা পাকা এবং ২টি করে খড়ের ঘর ও দোকান আছে। এ ছাড়া একটি করে মসজিদ, খামার ও দেয়াল রয়েছে। একসময় নদে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন অনেক জেলে। খরস্রোতা নদে এখন হাঁটুপানি। শুষ্ক মৌসুমে নদের বালু মাটিতে ধান চাষ হয়। নদটি শুকিয়ে যাওয়ায় জেলেরা তাঁদের পেশা পরিবর্তন করে দিনমজুরে পরিণত হয়েছেন।

টাঙ্গন নদের দখলদারদের তালিকায় জেলা যুব মহিলা লীগের আহ্বায়কও রয়েছেন। শহরের জলেশ্বরী এলাকায় টাঙ্গনের তীর ঘেঁষে সীমানাপ্রাচীর গড়ে তুলেছেন তিনি। তবে উল্টো নিজস্ব জমির ওপরেই দেয়াল তুলেছেন বলে দাবি করেছেন।

২০১৯ সালের ১ জুলাই উচ্চ আদালতের এক রায়ে নদ-নদী দখলকে ফৌজদারি অপরাধ হিসেবে ঘোষণা করা হয়। নদীকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করে নদী রক্ষার আইনগত অভিভাবকত্ব দেওয়া হয় নদী রক্ষা কমিশনকে। উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে টাঙ্গনসহ দেশের নদ-নদীগুলোর দখলদারদের তালিকা তৈরি করা হয়।

পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, তালিকা করা হলেও করোনা পরিস্থিতির কারণে দখলদারদের হাত থেকে নদের জায়গা উদ্ধারে উদ্যোগ নেওয়া যায়নি। ঠাকুরগাঁও জেলা প্রশাসক জানিয়েছেন, নদী রক্ষা কমিশন এখনো কোনো নির্দেশনা না দেওয়ায় কাজ শুরু করা যায়নি।

বাংলাদেশের মানুষের জীবন-জীবিকার সঙ্গে নদ–নদী ওতপ্রোতভাবে যুক্ত। জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নদ–নদীর গুরুত্ব অপরিসীম। কিন্তু নির্বিচার দখল ও দূষণে দেশের বেশির ভাগ নদ–নদীই এখন মৃত কিংবা মৃতপ্রায়। টাঙ্গন নদের দখলদারদের তালিকা তৈরি করা এক ধাপ অগ্রগতি বলে আমরা মনে করি। এখন দখলদারদের হাত থেকে উদ্ধার করে টাঙ্গন নদকে দ্রুত তার আগের অবস্থায় ফিরিয়ে আনুন। নদের জায়গায় যেসব ভূমিহীন ঘর করেছেন, তাঁদের পুনর্বাসনের ব্যবস্থাও করুন।