স্বর্ণের জন্য একসময় আমেরিকায় দলে দলে মানুষ বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি করত, সেটাকে বলা হতো গোল্ড রাশ। বাংলাদেশে এখন ভূমি দখলের যে হিড়িক চলছে, তাকে বলা যায় ল্যান্ড রাশ। সারা দেশেই সরকারি জমি, খাস বা ওয়াক্ফ করা জমি, কিংবা দুর্বল ব্যক্তি ও সম্প্রদায়ের জমি দখলের ঘটনা অহরহই সংবাদে আসে। বুধবারের প্রথম আলোয় এ রকম দুটি সংবাদ হলো, চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরের ২ হাজার ১৮১টি অবৈধ স্থাপনা এবং কুয়াকাটা সৈকতে জমি দখলের আয়োজন। সংবাদ দুটি উদ্বেগজনক।
কর্ণফুলী নদীতীর কিংবা কুয়াকাটা সমুদ্রসৈকতের জমি দখলের ঘটনা অন্য কোনো জায়গার চেয়ে গুরুতর। কারণ, এতে শুধু জমিই যাচ্ছে না, নদী ও প্রকৃতির বিপুল ক্ষতি হচ্ছে। কর্ণফুলী নদীতীরের অবৈধ স্থাপনাগুলোর বিষয়ে আদালতে মামলা হয় এবং গত মঙ্গলবার উচ্চ আদালত এসব স্থাপনা উচ্ছেদে পরিবেশ অধিদপ্তরকে ৯০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন।
কুয়াকাটা সৈকতের কাউয়ারচর এলাকাতেও বিভিন্ন আবাসন কোম্পানি সরকারি খাসজমি দখল করে চলেছে। তারা এমনকি সাগরের পানির মধ্যেও মালিকানা দাবি করে সাইনবোর্ড বসিয়েছে। আর এর সবই করা হয়েছে পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও ভূমি দপ্তরের নাকের ডগায় বসেই। ২০১১ সালে উচ্চ আদালতের নির্দেশে একবার এ ধরনের বেশ কিছু স্থাপনা সরানো হয়েছিল। তারপর সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলো কেন নতুন করে দখল বসানো ঠেকাল না? সব ক্ষেত্রেই যদি আদালতকে নির্দেশ দিতে হয়, তাহলে এসব দপ্তর আছে কী করতে? অবস্থা দেখে মনে হয়, প্রশাসনের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগিতা ছাড়া জাল দলিল তৈরি করে এভাবে সৈকতের ভূমি দখল করা সম্ভব হতো না।
এ বিষয়ে প্রথম আলোর সংবাদে দেখা যাচ্ছে যে উপজেলা ও জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তারা বিষয়টি ঠিকমতো অবগত নন। তাঁদের এই দখলদারবান্ধব ‘অজ্ঞানতা’রও জবাবদিহি করা উচিত। কর্ণফুলী নদী, কুয়াকাটা সৈকতসহ স্পর্শকাতর পরিবেশ এলাকার ওপর থেকে সব দখলদারি উচ্ছেদে সরকারের বিশেষ উদ্যোগ প্রয়োজন।