বাংলাদেশ একটি নদীবহুল দেশ। কথাটি স্কুলের বাংলা রচনা বইয়ের মধ্যেই সীমাবদ্ধ। ভৌগোলিক ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন মানবসৃষ্ট কারণে আজ নদী বিলীন হতে চলেছে। এর মধ্যে অন্যতম দূষণ, দখল ও পলিমাটিতে নদী ভরাট হয়ে যাওয়া। হাজার বছর ধরে আমরা জেনে আসছি, নদী সভ্যতার একটি অবিচ্ছেদ্য অংশ। সুজলা-সুফলা, শস্য-শ্যামলা বাংলাদেশ শুধু নদীর কারণেই। নদী আমাদের জীবনধারণের অন্যতম উপাদান। বিশেষ করে কৃষিতে সেচ, যোগাযোগ ও পরিবহনে নদী উল্লেখযোগ্য অর্থনৈতিক ভূমিকা পালন করে আসছে। তাই বাংলাদেশের প্রতিটি নদী পুনর্খনন করে তার হারানো যৌবন ফিরিয়ে আনা প্রয়োজন। অবশ্য নদী খননের এই ব্যয়বহুল কাজ সরকারের একার পক্ষে করা বর্তমান অবস্থায় সম্ভব নয়। তাই আমাদের প্রস্তাব হলো, প্রতিটি উপজেলা পর্যায়ে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, ইউপি চেয়ারম্যান, তহশিলদার, সুশীল সমাজের প্রতিনিধি নিয়ে একটি কমিটি করে সেই কমিটির মাধ্যমে নির্দিষ্ট মাশুল আদায়ের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছোট নদীগুলো খনন করা যেতে পারে। এতে রাষ্ট্রীয় কোষাগারেও অর্থ জমা হবে। অথচ ভুক্তভোগীরা অবৈধভাবে এর চেয়ে অনেক বেশি টাকা খরচ করে তাদের প্রয়োজন মেটায়। গ্রামীণ অবকাঠামো ও ব্যক্তি পর্যায়ে বসতবাড়ি স্থাপনের জন্য কৃষিজমি নষ্ট না করে নদী খনন করে বালু উত্তোলনের মাধ্যমে করা যেতে পারে। খননের আগে অবশ্যই পরিবেশের ভারসাম্যের ওপর গুরুত্ব দিতে হবে। বর্তমানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পরিবেশের বিষয়টি দেখভাল করার কেউ নেই। নদী ভরাট হয়ে যাওয়ার কারণে ব্যবসায়ীদের মালামাল পরিবহন ও যোগাযোগ খাতে গ্রামের সাধারণ মানুষের ব্যয় প্রচুর বেড়ে যায়। চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট থেকে মোল্লাহাটের দূরত্ব ১০-১২ কিলোমিটার মাত্র। এখানে ইঞ্জিনচালিত ট্রলারে ভাড়া ১৫ টাকা। অথচ রিকশায় বা ভ্যানভাড়া ৭০ টাকা। বসতবাড়ি স্থাপন, সরকারি রাস্তাঘাট নির্মাণে নদী থেকে বালু উত্তোলন তথা নদী খনন করতে দেওয়া না হলে প্রতিবছর প্রচুর পরিমাণে কৃষিজমি নষ্ট হয়ে যাবে। সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে গবাদিপশু রক্ষণাবেক্ষণে। আশা করি, কর্তৃপক্ষ জনগুরুত্বপূর্ণ বিষয়টির ওপর আশু দৃষ্টি দেবে।ফুয়াদ আহমেদ বালাভেদরগঞ্জ, শরীয়তপুর।