নদী থেকে পাথর তোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি নদীর উৎসমুখে পাথর তোলার অবৈধ কর্মযজ্ঞ কী বেপরোয়া মাত্রা অর্জন করেছে, মঙ্গলবারের প্রথম আলোয় প্রকাশিত একটি সচিত্র প্রতিবেদন থেকে তার কিছু ধারণা পাওয়া যায়। শুধু এই নদী থেকে নয়, জাফলংয়ের পিয়াইন নদ ও ডাউকি নদী থেকেও প্রতিবছর শুকনো মৌসুমে পাথর তোলা হয়। এগুলো পরিবেশবিধ্বংসী কাজ। প্রথমত, উজান থেকে নেমে আসা এসব পাথরখণ্ড নদ-নদীগুলোর বাস্তুতন্ত্রের অন্যতম অংশ। এগুলো সরিয়ে নিলে নদীর দুই পাড়ে ভূমিক্ষয় ও ভাঙন সৃষ্টিসহ নানা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। দ্বিতীয়ত, পাথর তোলার জন্য নদীতে বাঁধ দিয়ে স্বাভাবিক জলপ্রবাহ রুদ্ধ করা, পাথর পরিবহনের জন্য নদীবক্ষে রাস্তা বানানো—এ সবকিছুই নদীর জন্য বিপর্যয়কর।
পাথর লুটেরাদের খপ্পরে পড়ে বিবর্ণ রাংপানি নদীআর যেহেতু পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী এসব কর্মকাণ্ড দণ্ডযোগ্য ফৌজদারি অপরাধ, সেহেতু এসব কাউকে করতে দেওয়ার সুযোগ নেই। কিন্তু বিস্ময়কর তথ্য হলো, জৈন্তাপুরের উপজেলা প্রশাসন, ‘খাস কালেকশন’ বা তাৎক্ষণিক খাজনা আদায়ের মৌখিক শর্ত জুড়ে দিয়ে রাংপানি নদীর উৎসমুখে পাথর তোলার বেআইনি কর্মযজ্ঞকে কার্যত বৈধতা দিয়েছে। সরকারি প্রশাসন কী করে এমন অবৈধ সিদ্ধান্ত নিতে পারল, তা আমাদের বোধগম্য নয়।
যে ধরনের অপরাধের দায়ে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার আইন আছে, জৈন্তাপুরের স্থানীয় প্রশাসনের নাকের ডগায় তা চলছে। এর কারণ কি এই যে রাংপানি নদী থেকে পাথর তোলার এই মচ্ছবে নেতৃত্ব দিচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক?
সংরক্ষণের জন্য এ দেশে যথেষ্ট কঠোর আইন ও বিধিবিধান থাকা সত্ত্বেও সারা দেশে নদী-নালা-খাল-বিল ধ্বংসের তৎপরতা বন্ধ হচ্ছে না আইনের যথার্থ প্রয়োগের অভাবের কারণে। রাজনৈতিক ও আর্থিক প্রভাব অগ্রাহ্য করে পাথর-লুটেরাসহ দেশের অন্যত্র এ ধরনের সব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে।
রাংপানি নদীর পাথর তোলা এই মুহূর্তে বন্ধ করুন।