নদী দখল করে ইটভাটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইটভাটা নির্মাণের ক্ষেত্রে সরকারি নিয়ম, পরিবেশ আইন বা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন যে কোনো কাজে আসছে না, তা বোঝা গেল ধলেশ্বরী নদীতে ইটভাটা গড়ে তোলার মধ্য দিয়ে। ইটভাটার থাবা থেকে নদীও এখন বাঁচতে পারছে না।
প্রথম আলোর খবর অনুযায়ী, এমডিএন ব্রিক কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান ধলেশ্বরী নদীর সীমানা নির্ধারণকারী পিলার থেকে আরও ভেতরে ইট-সুরকি ও বালু দিয়ে নদী ভরাট করে ইটভাটা বানিয়েছে। ভাটায় শুধু কয়লা দিয়ে ইট পোড়ানোর নিয়ম থাকলেও এখানে গাছের গুঁড়ি ও কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক থাকায় এই ইটভাটার মালিকের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পায় না।
কোনো আইনেই ইটভাটা নির্মাণের জন্য নদী ভরাটের অধিকার নেই। ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ৮(১) ধারা অনুযায়ী, আবাসিক এলাকা ও কৃষিজমির ওপর ইটভাটা স্থাপন নিষিদ্ধ। অন্যদিকে পরিবেশ সংরক্ষণ আইনের ৬(ঙ) ধারায় নিষিদ্ধ করা হয়েছে জলাশয় ভরাট। কিন্তু বাস্তবে এসব আইন যে মানা হচ্ছে না, তা তো বোঝাই যাচ্ছে। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে জলাশয় ভরাট করলে দুই বছরের কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। ইটভাটা এমন কোনো স্থাপনা নয় যে তা লুকিয়ে রাখা সম্ভব, আইনে যেখানে কারাদণ্ডের ও জরিমানার বিধান রয়েছে, সেখানে দিনের পর দিন এই ইটভাটা চলছে কীভাবে? প্রশাসনের স্বার্থান্বেষী কোনো গোষ্ঠীর সঙ্গে লেনদেন ছাড়া এমন হওয়ার কথা নয়। এসব দেখার দায়িত্ব যাদের, সংশ্লিষ্ট সবাইকে এ জন্য জবাবদিহিতে বাধ্য করা জরুরি হয়ে পড়েছে।
এর পাশাপাশি আইন লঙ্ঘন করে পরিবেশকে হুমকির মুখে ফেলে যাঁরা এভাবে ইটভাটা গড়ে তুলছেন, তাঁদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। প্রথম আলোর খবর থেকে জানা যায়, ধলেশ্বরী নদীসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইটভাটাগুলোতে আগামী সপ্তাহ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এরপর আমরা সেখানে আর কোনো অবৈধ ইটভাটা দেখতে চাই না।