নদী ভরাট করে রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎকেন্দ্র বানাতে হবে, সে জন্য ভারী যন্ত্রপাতিও আনতে হবে। কিন্তু এই অজুহাতে নদী ভরাট গ্রহণযোগ্য হতে পারে না। উদ্বেগজনক খবর হচ্ছে, হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি পরিবহনের জন্য খোয়াই নদী ভরাট করে রাস্তা তৈরি করা হচ্ছে। এ জন্য বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান গোয়াং ডং পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি নিয়মনীতির তোয়াক্কাই করেনি।
ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন সেতুর নিচ দিয়ে এই সড়ক নির্মাণের কাজ শুরু হওয়ার ফলে ইতিমধ্যে নদীর পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে নৌ-চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পানির প্রবাহ বন্ধ করে নদীর ওপর এ ধরনের সড়ক নির্মাণ ভবিষ্যতে নদীর প্রবাহের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এ ব্যাপারে চীনা কোম্পানি পানি উন্নয়ন বোর্ডের যথাযথ অনুমতিও নেয়নি। ফলে নদীর ওপর এই রাস্তা নির্মাণ স্পষ্টতই বেআইনি।
বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি নিতে খোয়াই নদ ভরাট করে বিকল্প সড়কবিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি পরিবহনের জন্য যে বিকল্প পথ ছিল না, এমনও নয়। বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক সরকারি কর্মকর্তাই অভিযোগ করেছেন যে এ ধরনের নদী ভরাট করে সড়ক না বানিয়ে নদীপথেই যন্ত্রপাতি পরিবহন করা যেত। সেই পথ না ধরে ও নিয়ম না মেনে নদী ভরাটের মতো এই চরম পথ বেছে নেওয়া হলো কেন?
আমরা মনে করি, এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জরুরি হস্তক্ষেপ গ্রহণ করা ছাড়া বিকল্প নেই। প্রথম কাজ হচ্ছে, তাৎক্ষণিকভাবে এই অবৈধ কাজ বন্ধ করা। পাউবোর কাছ থেকে অনুমতি না পাওয়ার আগেই কেন তারা নদী ভরাটের কাজ শুরু করে দিল, সে ব্যাপারে তাদের জবাবদিহি করতে বাধ্য করা। ঠিকাদারি প্রতিষ্ঠানের এ ধরনের কাজের দায়িত্ব বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকেও নিতে হবে। যেসব শর্তের ভিত্তিতে ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে কাজ দেওয়া হয়েছে, সেখানে নদী ভরাট করার মতো এ ধরনের কোনো কাজ করার এখতিয়ার তাদের রয়েছে কি না, সেটা তাদের নিশ্চিত করতে হবে।