ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমোর রহমান খানের কর্মকাণ্ডে বিস্মিত না হয়ে কোনো উপায় নেই। ইছামতী নদীকে তিনি রীতিমতো নিজের সম্পত্তি হিসেবে ব্যবহার করছেন!
শুক্রবারের প্রথম আলোয় আলীমোর রহমানের কর্মকাণ্ডের খবর প্রকাশিত হয়। নদীর প্রায় চার কিলোমিটার এলাকা নিজের নিয়ন্ত্রণে নিয়ে তিনি সেখানে মাছ চাষ করছেন। নদীর ভেতরে আটটি স্থানে দুই তীর পর্যন্ত আড়াআড়ি বাঁশ-কাঠের খুঁটি আর জাল দিয়ে আটকে রেখে তিনি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এভাবে নদীকে বেঁধে ফেলে মাছ চাষ করায় সেখানে জলযান চলাচল বন্ধ রয়েছে। জলজ প্রাণীর চলাচল ও স্বাভাবিক পানিপ্রবাহও বাধাগ্রস্ত হচ্ছে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে পাঁচ বছর ধরে এ অবস্থা চলছে। চেয়ারম্যানের মাছ চাষের কারণে সেখানকার জেলেরা এই দীর্ঘ সময় ধরে নদীতেই নামতে পারছেন না। এমনকি নদীপারের সাধারণ লোকজনকেও গোসল বা অন্যান্য প্রয়োজনে নদীতে নামতে বাধা দিচ্ছে চেয়ারম্যানের লোকেরা। নদীতে হাঁস নামলে সেগুলোও তারা ধরে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের মারপিট করারও অভিযোগ রয়েছে। এ যেন মগের মুল্লুক!
এখন প্রশ্ন হচ্ছে কী করছে স্থানীয় প্রশাসন? এলাকার লোকজন বলেছে, অনেকবার জেলা প্রশাসনের কাছে অভিযোগ করলেও কোনো প্রতিকার মেলেনি। চেয়ারম্যান দাবি করেছেন, মৎস্য অধিদপ্তরের নেওয়া একটি প্রকল্পের অধীনে এভাবে মাছ চাষ করা হচ্ছে। আমাদের প্রশ্ন, মৎস্য অধিদপ্তর পরিবেশ, প্রতিবেশ বা স্থানীয় লোকজনের অসুবিধার কথা চিন্তা না করে কীভাবে এ ধরনের একটি প্রকল্প অনুমোদন করে? এ ব্যাপারে মৎস্য অধিদপ্তর যে বক্তব্য দিয়েছে, তা দায়িত্বহীনতা ছাড়া আর কিছুই নয়। তারা বলেছে, মাছ চাষের বিষয়ে শুধু কারিগরি সহায়তা দেওয়া তাদের কাজ। অনিয়ম, দখল, জনগণকে নির্যাতনসহ অন্য বিষয়গুলো দেখার দায়িত্ব স্থানীয় প্রশাসনের। জেলা প্রশাসনের কাছে এর জবাব কী? পাঁচ বছর ধরে এটা কেন তাদের নজরে এল না? এলাকার লোকজন অভিযোগ করেও কেন ফল পায়নি?
দেখা যাচ্ছে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কেউই তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। আমরা এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।