নদীকৃত্য না নদীর শেষকৃত্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে নদীগুলোর শেষকৃত্যই যেন লক্ষ করা যাচ্ছে। সরকারের অবহেলা ও ভুল নদীশাসন, উজানে ভারতে পানি প্রত্যাহার এবং প্রভাবশালীদের দখল ও দূষণে বাংলাদেশের নদীব্যবস্থা সংকটাপন্ন। মাত্র দুই দশকেই বাংলাদেশের নদীগুলো ক্রমেই বিপদগ্রস্ত থেকে বিপন্ন দশায় পতিত হয়েছে। নদীমাতৃক বাংলাদেশ নদীবৈরী বাংলাদেশে পরিণত হওয়ার এই দায় প্রথমত সরকারের সজ্ঞান অবহেলার।
নদীকৃত্য দিবসে প্রথম আলোর বেশ কটি সংবাদের শিরোনাম উদ্বেগজনক। বুড়িগঙ্গাসহ ঢাকার চার নদীর বর্জ্য, দূষণ ও ভরাটে মুমূর্ষুপ্রায়, মাছশূন্য হয়ে পড়ছে কর্ণফুলী, আবর্জনায় কালো সুরমার পানি। এদিকে সরকারের বদ্বীপ পরিকল্পনাকে
নদীর জন্য অশনিসংকেত বলে অভিযোগ করেছে নদী ও পরিবেশ বিশেষজ্ঞদের অনেকে। তাঁদের অভিযোগ, দেশের নদীগুলোকে প্রভাবশালীদের মুনাফা অর্জনের ক্ষেত্র হিসেবে ছেড়ে দেওয়া হয়েছে। ওদিকে ফারাক্কাসহ ভারতের বিভিন্ন বাঁধের কারণে উত্তরবঙ্গের তিস্তা ও পদ্মার অবস্থা করুণ। মুনাফামুখী উন্নয়নের ভোগে চলে যাচ্ছে ছোট-বড় অনেক নদী।
বাংলাদেশের নদীব্যবস্থার ওপর প্রথম আঘাত আসে ইংরেজ আমলের ভুল নদীব্যবস্থাপনায়। এরপর ষাটের দশকে সবুজ বিপ্লবের নামে ক্ষতিকর বাঁধ, আশির দশকে বিশ্বব্যাংকের বন্যানিয়ন্ত্রণ বাঁধ, পানি উন্নয়ন বোর্ডের কারণে সৃষ্ট জলাবদ্ধতার মতো প্রকল্পগুলো নদীগুলোর ভালোর বদলে মন্দই করেছে বেশি। গত দুই দশকে শিল্পকারখানা ও বাণিজ্যের জন্য নদীর দখল ও দূষণ অদৃষ্টপূর্ব মাত্রায় উঠেছে। এদিকে সুন্দরবনের রামপালে পশুর নদের ধারে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্প সুন্দরবনের নদীগুলোকে বিপন্নতার ঝুঁকির মুখে ফেলতে যাচ্ছে।
নদীগুলোর প্রবাহ, নদীবাহিত পলি এবং এর প্রাণসম্পদ বাংলাদেশের অস্তিত্বের জন্যই জরুরি। হাজার বছর ধরেই এই নদীগুলো কেবল বদ্বীপ বাংলাদেশকে গঠনই করেনি, এর কৃষি, প্রকৃতি ও অর্থনীতিকে সমৃদ্ধ করে এসেছে। নদী রক্ষা না করে তাই বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষা পাবে না।