নদীঘাতক বালু ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদী রক্ষার কেউ নেই, দখলের আছে বহুপক্ষীয় শক্তি। বুড়িগঙ্গার তীরে সাত বিঘা জমি ভরাট করে বালু ব্যবসার ঘটনায় চমকে যাওয়ার কিছু নেই। দেশের যে নদীকে যেভাবে শোষণ-দখল করা সম্ভব, সেভাবেই দখল-দূষণ-ধ্বংস করা চলছে। বাণিজ্যিক দস্যুতন্ত্রের সঙ্গে পেরে ওঠে না নদী প্রশাসন। কারণ, রাজনৈতিক ক্ষমতা ও সরকারের নির্বাহী বিভাগ নদী বাঁচানোর চেয়ে বিত্ত বাড়ানোয় বেশি নিয়োজিত। ‘ও নদীরে, তোর বুঝি কোনো ব্যথার দোসর নাই’ গানটিই সত্য হলো।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফ যথার্থই বলেছেন, ‘জলবায়ু নিয়ে কথা বলা ফ্যাশন, নদী বাঁচাতে কারও মাথাব্যথা নেই।’ নদী বাঁচানোর প্রধান দায়িত্ব সরকারেরই। সরকারের নিষ্ক্রিয়তার কারণেই বুড়িগঙ্গাসহ ঢাকার চার নদীর তীরের সুরক্ষা, সীমানা খুঁটি পোতা এবং দখল ও দূষণ রোধের জন্য ২০০৯ সালে উচ্চ আদালতকে আদেশ দিতে হয়েছিল। অথচ পাঁচ বছর পরও আদেশ বাস্তবায়িত হয়নি। ঢাকার বুড়িগঙ্গার পোস্তগোলায় সাঁকো এন্টারপ্রাইজ নামে যে প্রতিষ্ঠান নদীতীর ভরাট করে বালু ব্যবসা করছে, তাদেরও রয়েছে এ রকম সরকারি যোগসাজশ। কী বলবে পানিসম্পদ ও নৌ মন্ত্রণালয়?
দেশের প্রায় সব নদীবক্ষ, তীর ও ঘাটের ওপর একশ্রেণির দলীয় দস্যুতন্ত্রের দখল কায়েম হয়েছে। নামমাত্র ইজারা, অবৈধ অনুমতিপত্র, সাময়িক ব্যবহারের আদেশ ইত্যাদির আড়ালে চলছে স্থায়ী দখলের মাধ্যমে স্থাপনা নির্মাণ। একদিকে নদীবক্ষের যত্রতত্র বালু উত্তোলন ও বাঁধ দিয়ে মাছ চাষ, অন্যদিকে নদীতীরের জায়গা ভরাটের মহোৎসব। কখনো উন্নয়নের নামে, কখনো বাণিজ্যের নামে চলছে নদী দখলের মহড়া। যাঁদের বিষয়টি তদারক করার কথা তাঁরা দেখেও দেখেন না।
পরিবেশবিদসহ সচেতন মানুষ নদী বাঁচাতে নানা ধরনের চেষ্টা চালাচ্ছে। এগিয়ে এেসছেন আদালতও। কিন্তু নদী দখল ও দূষণকারীরা তাদের চেয়ে অনেক বেশি ক্ষমতাবান বলেই নদীকে রক্ষা করা যাচ্ছে না। এ ক্ষেত্রে বিআইডব্লিউটিএসহ সরকারের যেসব সংস্থার কার্যকর ভূমিকা রাখার কথা, তারা তা রাখছে না। অর্থাৎ সরকারের কোনো প্রতিষ্ঠানই নদীবান্ধব নয়।