নদীচুরির প্রশাসনিক পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহমান নদী কীভাবে ‘বদ্ধ জলমহাল’ হলো, তা মৌলভীবাজারের জেলা প্রশাসক জানেন না, জানেন না কুলাউড়া ও জুড়ী উপজেলার ইউএনও। অথচ ওই এলাকার মানুষ ও প্রকৃতির তাঁরা সরকার নিয়োজিত প্রশাসক। নদী যে ইজারাযোগ্য নয়, তাও তাঁদের আলবত জানা। তার পরও নদী ইজারা দেওয়া থেকে নদী ধ্বংসে প্রশাসনিক যোগসাজশ স্পষ্টই প্রমাণিত হয়। তাঁদের তথাকথিত ‘অজ্ঞানতা’ আসলে অপরাধ।
মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া অসাধারণ এক নদী গোগলীছড়া। এর জন্ম সীমান্তের হাড়ারগজ পাহাড় থেকে। দেশের মধ্যে উৎপন্ন নদীর প্রতি যেখানে বাড়তি দায়িত্ব থাকার কথা, সেখানে এই নদীটি আত্মসাতের চেষ্টা হয়ে চলেছে অনেক বছর ধরে। অবশেষে আদালতে নদীরক্ষার প্রচেষ্টা পরাজিত হলে প্রশাসনের পোয়াবারো হয়।
১৯৯৭ সালের পরিবেশ সংরক্ষণ আইনে নদী ও জলাভূমিকে স্পষ্টভাবেই সংজ্ঞায়িত করে ইজারা নিষিদ্ধ করা হয়েছে। একে ‘বদ্ধ জলমহাল’ হিসেবে দেখানো আইনের সঙ্গে প্রতারণা, পরিবেশ ও জনস্বার্থের বিরুদ্ধে অপরাধ। নদীটি নিয়ে আইনি তৎপরতা, সরকারের পরিবেশ রক্ষা আইন, গ্রামবাসী কৃষকদের আরজি এবং সরেজমিন পর্যবেক্ষণ—সবকিছুকে অস্বীকার করার একটাই অর্থ: দুর্নীতি। প্রশাসনের বিভিন্ন স্তরের কোনো কর্তৃপক্ষই এতে বাধা দিল না!
নদীকে ‘বদ্ধ জলমহাল’ দেখিয়ে ইজারা!কারওয়ান বাজারের রেলের জমি থেকে শুরু করে নদীর প্রবাহ—সবই ‘ইজারা’র খপ্পরে অভিশপ্ত। ইজারার নামে প্রভাবশালী মহলের লুটেপুটে খাওয়াকে নির্বিঘ্ন করতে (১৯৯৭ সালের আইন জারি হওয়ার পর) জেলে সমিতি পত্তন করা হয়, যেগুলো আসলে রাজনৈতিক প্রতিপত্তিওয়ালাদের মুখোশ। এভাবে প্রশাসন ও লুটেরা স্বার্থের দুই হাতে বিপন্ন পরিবেশ ও সম্পদ।
ইজারাব্যবস্থা বহুক্ষেত্রেই লুটপাট ও দুর্নীতির হাতিয়ার হয়েছে। সরকারের এদিকে নজর দেওয়া কর্তব্য।