রাজধানীর লালবাগের ইসলামপুর এলাকায় বুড়িগঙ্গা নদীর পাঁচ বিঘা জায়গা ভরাট করে টাঙিয়ে দেওয়া হয়েছে একটি সাইনবোর্ড: ‘এই জমির মালিক মো. জুলহাস মোল্লা’। নদীর তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ সাইনবোর্ডটি নীরবে দেখে চলেছে। আর জুলহাস মোল্লা নদীর ভরাট করা ওই জায়গা পাকা করতে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ক্ষতি করেছেন—এতে কিছু এসে-যায়নি পানি উন্নয়ন বোর্ডের।
বন্যা প্রতিরোধ দেয়াল বা ফ্লাড ওয়ালের ভেতরে নদীবক্ষ ভরাট করা এবং সে জায়গা পাকা করে রিকশা ও ভ্যান রাখার বিশাল গ্যারেজ গড়ে তোলার কাজটি জুলহাস মোল্লা এক রাতে করেননি। দিনের পর দিন অনেক শ্রমিক খাটিয়ে এই কাজ করতে হয়েছে তাঁকে। সেই সময় কোনো কর্তৃপক্ষ তাঁকে বাধা দেয়নি, বাধা দিলে এই বেআইনি কাজ করা তাঁর পক্ষে সম্ভব হতো না।
নদনদীসহ প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ আইন অনুযায়ী নদী ভরাট করা দণ্ডনীয় অপরাধ। উপরন্তু বুড়িগঙ্গাসহ ঢাকা মহানগরীর চারপাশে শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদের তীরে বা কোনো অংশে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না—এই মর্মে হাইকোর্টের নির্দেশ আছে। জুলহাস মোল্লা আইন ও হাইকোর্টের নির্দেশ অমান্য করে বুড়িগঙ্গার উল্লিখিত জায়গা ভরাট করে রিকশা-ভ্যানের গ্যারেজ বানিয়ে অর্থ উপার্জন করছেন, কোনো কর্তৃপক্ষ তাঁকে বাধা দিচ্ছে না, তাঁর বিরুদ্ধে কোনো আইন প্রয়োগ করা হচ্ছে না। কারণ কী? তাঁর খুঁটির জোর কোথায়?
তিনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের স্থানীয় নেতা—এ কারণেই কি তিনি আইনের ঊর্ধ্বে উঠে গেছেন? শ্রমিক লীগের নেতা হলেই কেউ হাইকোর্টের নির্দেশ অমান্য করার অধিকার পেয়ে যায় না। ঢাকার চারপাশের নদীগুলোর তীরে ও বিভিন্ন অংশে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, সেগুলো উচ্ছেদের জন্য হাইকোর্টের নির্দেশনা আছে। আদালতের নির্দেশনার সময় শোনা গেছে, শুধু জুলহাস মোল্লা নয়, তাঁর চেয়েও প্রভাবশালী দখলদার আরও আছেন। সুতরাং, অবিলম্বে বুড়িগঙ্গা নদীর দখলকৃত সব জায়গা অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হোক।