নদের জায়গায় বিপণিবিতান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজুড়ে নদী দখলের যে হিড়িক চলে আসছে, তার আরেক শিকার ফরিদপুরের ভুবনেশ্বর নদ। নদের বিরাট একটি অংশ ভরাট করে তৈরি করা হচ্ছে বিপণিবিতান। এই মহাযজ্ঞের তদারকি করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। ভূমি কমিশনার যদি নদী ভক্ষণের সহকারী হন, তাহলে মানুষ প্রতিকার চাইবে কার কাছে? এটা এক ব্যক্তির কর্ম হতে পারে না, এর সঙ্গে এলাকার প্রশাসন ও রাজনৈতিক কর্তৃপক্ষের অবশ্যই যোগসাজশ আছে।
ফরিদপুরের সহকারী কমিশনার যা করছেন, তা ব্যতিক্রম নয়। বরং ব্যতিক্রম তাঁরাই, যাঁরা সরকারি পদে আসীন হয়ে অনিয়মের বিরুদ্ধে লড়াই করেন, ক্ষমতা প্রয়োগ করেন। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার এই সহকারী কমিশনারকে অবশ্যই প্রশাসনিক ও বিচারিক জবাবদিহির মধ্যে আনতে হবে। ফরিদপুরের জেলা প্রশাসক বলতে পারেন না যে তিনি কিছু জানেন না। যদি না জেনে থাকেন, তাহলে তাঁর সামনে প্রথম আলোর সোমবারের সংবাদ রয়েছে, এলাকায় সরেজমিন নিদর্শন রয়েছে। এ ছাড়া ফরিদপুরের পরিবেশ অধিদপ্তরের চোখের সামনে এমন তুঘলকি কর্ম কেমন করে চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে? দায়সারা ব্যাখ্যা দিয়েই কি এসব ঘটনা ধামাচাপা দেওয়া চলবে? সরকারের কোনো কর্তৃপক্ষই কি নদী ধ্বংসের বিরুদ্ধে কঠোর হবে না?
নদীর জমি দখল ও দূষণের বিরুদ্ধে আইন রয়েছে, উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। কিন্তু এগুলো তো আপনাআপনি পালিত হবে না। নদী, পরিবেশ, প্রকৃতির সুরক্ষার জন্য সরকারের পরিবেশ মন্ত্রণালয় রয়েছে, জেলায় জেলায় তাদের দপ্তর রয়েছে, জেলা প্রশাসন রয়েছে; এত কর্তৃপক্ষ একযোগে ঠুঁটো-কালা-অথর্ব হয়ে পড়ে কোন লোভের কাছে?
নদের জায়গা দখল করে বাজার প্রতিষ্ঠা করা, মানুষের কাছ থেকে অর্থ নিয়ে দোকান বরাদ্দ করার কাজে কীভাবে একজন সরকারি কর্মকর্তা জড়িত থাকতে পারেন; যদি না তিনি নিজেই এর থেকে লাভবান হওয়ার চিন্তা করেন? ভূমি-বিষয়ক সহকারী কমিশনার হয়ে ভূমি ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ এই সরকারি চাকুরের কার্যকলাপ নিয়ে তদন্ত হওয়া জরুরি।