নবগঙ্গা নদী পুনঃখনন প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ উপমহাদেশে একটা কথা খুব প্রচলিত আছে, ‘সরকারি মাল, দরিয়ামে ঢাল’। অর্থাৎ সরকারের টাকা চাইলে পানিতে ফেলা যায়। এ কথার আক্ষরিক প্রয়োগ দেখা যাচ্ছে মাগুরা শহরের নবগঙ্গা নদী পুনঃখনন প্রকল্পে। প্রায় ৪৪ কোটি টাকা ব্যয় হচ্ছে এ প্রকল্পে, অথচ তা নাকি মাগুরা শহরের সৌন্দর্যবর্ধন ছাড়া কোনো কাজে আসবে না!

গত সোমবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী ২১৪ কিলোমিটার দীর্ঘ নবগঙ্গা নদীর ৫০ কিলোমিটার অংশ পড়েছে মাগুরায়। তার মধ্যে মাগুরা শহর অংশে পূর্বাশা ঘাট থেকে আলোকদিয়া সেতু পর্যন্ত ১১ কিলোমিটার পুনঃখনন করা হচ্ছে। নদীর প্রস্থ ৩০০ মিটারের মধ্যে খনন হচ্ছে ৮০ মিটার। প্রকল্পের সুফল সম্পর্কে বলা হচ্ছে, নদীকে জলাধার হিসেবে ব্যবহার করা যাবে সারা বছর, বিশেষ করে শুষ্ক মৌসুমে ৩ হাজার হেক্টর এলাকা সেচসুবিধা পাবে, জলাবদ্ধতা ও বন্যা সমস্যা থেকে উত্তরণ হবে, নৌ–চলাচলের সুযোগ সৃষ্টি হবে ইত্যাদি। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, সামনে-পেছনে নদী যেমন সংকুচিত ছিল, তা-ই থেকে যাচ্ছে। মধ্যে এ ১১ কিলোমিটার খনন করে কোনো লাভ হবে না।

বন্যা থেকে মুক্তির যুক্তি দেখানোও বাস্তবসম্মত নয়। কারণ, এ নদীতে নিকট অতীতে বন্যা দেখা দেয়নি। এ ছাড়া এক্সকাভেটরের বদলে লোকাল বাংলা ড্রেজার দিয়ে নদী খনন করা হচ্ছে, যা দিয়ে কখনোই ভালো কাজ হয় না। আবার নদী খননের মাটি ও বালু রাখা হচ্ছে নদীর পাড়ে, যা বৃষ্টি হলেই আবার নদীতেই চলে যাচ্ছে। এসব দেখেশুনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা মন্তব্য করেছেন, মাগুরা শহরের সৌন্দর্যবর্ধন ছাড়া নবগঙ্গা নদী পুনঃখননে আর কোনো সুফল পাওয়া যাবে না।

এখন এই প্রশ্ন খুব স্বাভাবিক যে, যাঁরা প্রকল্পটি গ্রহণ করেছেন, তাঁরা কি আসলেই ভেবেচিন্তে তা করেছেন? পুনঃখনন প্রকল্পটি ঠিক কী ধারণার দ্বারা তাড়িত হয়ে নেওয়া হয়েছিল এবং কী ধরনের সমীক্ষার ভিত্তিতে ৫০ কিলোমিটারের মধ্য থেকে ১১ কিলোমিটার ও ৩০০ মিটার প্রস্থ বিবেচনা না করে মাত্র ৮০ মিটার ধরে নদীটির মাগুরার অংশ পুনঃখননকাজ হাতে নেওয়া হলো, তা খতিয়ে দেখার প্রয়োজন আছে বলে আমরা মনে করি।

সবাইকে এটা মনে রাখতে হবে, সরকারি প্রকল্পে যে অর্থ ব্যয় হয়, তা জনগণের টাকা। এ টাকা দরিয়ায় ঢালা, অর্থাৎ অপচয়ের অধিকার কারও নেই। যাঁদের কারণে নবগঙ্গা নদীর পুনঃখনন প্রকল্প ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে, তাঁদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে প্রকল্পটিকে পুনর্মূল্যায়ন করে কার্যকর প্রকল্প নিতে হবে।