বাংলা নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিক নারীর ওপর যৌন নিপীড়নের যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত ধিক্কারজনক। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা নিঃসন্দেহে বিকৃত রুচির অপরাধী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।
কিন্তু এ পর্যন্ত পুলিশ তাদের গ্রেপ্তার করা দূরে থাক, কাউকেই শনাক্ত করতে পারেনি। বরং এ ব্যাপারে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠেছে। দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বিরুদ্ধেও।
দুঃখের বিষয়, শত শত মানুষের ভিড়ে কতিপয় বিকৃত রুচিসম্পন্ন তরুণ-যুবক নারীদের যৌন হয়রানি করেছে, কিন্তু অল্প কজন ছাত্র ছাড়া আর কেউই ওই নারীদের রক্ষা করতে এগিয়ে যায়নি। ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী ও তাঁর গুটিকয় বন্ধু এগিয়ে গিয়ে সাহসের পরিচয় দিয়েছেন, কিন্তু তাঁরাও পেরে ওঠেননি। বরং নারী নির্যাতনকারীদের আঘাতে লিটন নন্দীর হাত ভেঙে গেছে। সেখানে পুলিশের উপস্থিতি কম ছিল বলে তাদের নীরব দর্শকের ভূমিকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী লাঞ্ছিতঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নববর্ষের দিন নারীদের যৌন হয়রানির ঘটনা এর আগেও একাধিকবার ঘটেছে, কিন্তু অপরাধীদের কখনোই বিচার বা শাস্তি হয়নি। ফলে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে। মহানগর পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে সিসিটিভি বসানো ছিল। কিন্তু পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য কেন ছিলেন না, যখন এটা জানা আছে যে নববর্ষের দিন এমন অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা থাকে? সিসিটিভি কি পুলিশের বিকল্প?
দেশের উচ্চতম এই বিদ্যাপীঠের প্রাঙ্গণে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা বছরের পর বছর ধরে ঘটে চলেছে। কর্তৃপক্ষের উচিত আরও বেশি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা এবং সচেতন ছাত্রসমাজের উচিত সম্মিলিতভাবে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা। তবে সবকিছুর আগে জরুরি হলো সিসিটিভির ছবি দেখে এবং অন্যান্য উপায়ে সেদিনের অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যেন ভবিষ্যতে এমন অপরাধ করার সাহস কেউ না পায়।