নবযাত্রায় ঢাকা-দিল্লি সম্পর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সদ্যসমাপ্ত ঢাকা সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে কতটা উচ্চতায় নিয়ে যাবে, তা নিয়ে বিতর্ক থাকতে পারে; কিন্তু ৩৬ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ভারতের এই ক্যারিশমাটিক নেতা তাঁর বৈশিষ্ট্যপূর্ণ আচরণ ও বক্তৃতা-বিবৃতিতে যেভাবে নিজেকে উপস্থাপন করেছেন, তাকে নিছক কূটনীতির বাটখারায় মাপা যাবে না।
বিদায়ের আগে নরেন্দ্র মোদি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে যে জনবক্তৃতা দিয়েছেন, তার প্রতিটি শব্দচয়ন ও বাক্যবিন্যাসে সম্প্রীতি, সহমর্মিতা ও সহযোগিতা বাড়ানোর তাগিদ ছিল, ছিল স্মিত আবেগের বহিঃপ্রকাশ। তিনি শান্তি ও সমৃদ্ধিতে সর্বদা বাংলাদেশের পাশে থাকার, বাংলাদেশের সঙ্গে চলার প্রত্যয় ব্যক্ত করেছেন। এখন বাংলাদেশের মানুষ তাঁর এই প্রত্যয়েরই বাস্তবায়ন দেখতে চাইবে দ্বিপক্ষীয় সম্পর্কের সব ক্ষেত্রে। একইভাবে তিস্তার বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতিও আশা করেছিল। সমস্যা এড়িয়ে কিংবা জিইয়ে রেখে দ্বিপক্ষীয় সম্পর্ক উচ্চমাত্রায় নিয়ে যাওয়া যায় না।
তাঁর ‘বিতর্কিত অতীতে’র কথা মনে রেখেও এ কথা স্বীকার করতে দ্বিধা নেই যে নরেন্দ্র মোদি কেবল বৃহত্তম গণতান্ত্রিক দেশটির নেতৃত্ব দিচ্ছেন না, বিশ্বের অন্যতম আলোচিত নেতা হিসেবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। অন্যান্য দেশের মতো মোদি বাংলাদেশ সফরে এসেও সবকিছু আনুষ্ঠানিকতার ঘেরাটোপে আটকে রাখেননি; তিনি যেখানেই গিয়েছেন, সবার মন জয় করতে সচেষ্ট হয়েছেন। যদিও কূটনীতিতে মন জয় করাই একমাত্র সাফল্যের মাপকাঠি নয়।
নরেন্দ্র মোদির এই সফরে বহু বছরের ঝুলে থাকা স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের যে সুযোগ এসেছে, সেটি যত দ্রুত সম্ভব কাজে লাগাতে হবে। যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে, তা থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে, তা নির্ভর করছে আমাদের রাজনৈতিক নেতৃত্ব ও আমলাতন্ত্রের সক্ষমতা-সদিচ্ছার ওপর।
সর্বোপরি, মোদির সফরের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কে যে নবযাত্রা শুরু হলো, ভবিষ্যতে তা আরও বেগবান ও গতিশীল হবে বলে আশা করি।

আরও পড়ুন