নব্বইয়ের বিএনপি কোথায়?

রাজনীতিকেরা সাধারণত আত্মসমালোচনা করেন না। তাঁরা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে অন্যের দোষ খুঁজে বের করলেও নিজের দোষ দেখেন না। তবে এর ব্যতিক্রমও আছে। নিজের বিপক্ষে গেলেও তাঁরা হক কথাটি বলতে দ্বিধা করেন না।
যেমন গত সোমবার নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত নাজির হোসেন জেহাদের স্মরণে ‘জেহাদ স্মৃতি পরিষদ’ আয়োজিত সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘১৯৯০ আর ২০১৬ সাল এক নয়। দেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় ঐক্য ছাড়া কোনো গণ-অভ্যুত্থান সফল হয়নি। দুঃখজনক হলেও সত্যি যে এখন পর্যন্ত সে ধরনের কোনো জাতীয় ঐক্য গড়ে ওঠেনি।’
মির্জা ফখরুল ইসলামের বক্তব্য বিশ্লেষণ করলে আমরা কী পাই। প্রথমত, ১৯৯০ ও ২০১৬-এর রাজনীতি এক নয়। দ্বিতীয়ত, জাতীয় ঐক্য ছাড়া গণ-অভ্যুত্থান হয় না। নব্বইয়ে গণ-অভ্যুত্থান হলেও ২০১৬ সালে সেটি সম্ভব হয়নি।
তবে বিএনপির মহাসচিব যে কথাটি বলেননি, তা হলো নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী অন্যতম দল বিএনপি এবং ২০১৬ সালের বিএনপিও এক নয়। নব্বইয়ের বিএনপি ছিল লড়াকু ও আপসহীন একটি রাজনৈতিক দল। নব্বইয়ে বিএনপির ভেতরে যা-ই থাকুক না কেন, অন্তত প্রকাশ্যে মৌলবাদী কোনো দলের সঙ্গে ঐক্য করেনি। স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তিন জোট—আওয়ামী লীগের নেতৃত্বে আট-দলীয় জোট, বিএনপির নেতৃত্বে সাত-দলীয় জোট ও বামপন্থী পাঁচ দলের জোট। কিন্তু জামায়াতে ইসলামীর মতো কোনো মৌলবাদী বা ধর্মবাদী দল কোনো জোটে ছিল না। জামায়াত তার মতো করে আন্দোলন করেছে; আবার বিএনপিকে বাদ দিয়ে ১৯৮৬ সালের নির্বাচনও করেছে।
নব্বইয়ে এরশাদের পতনের আগে সর্বদলীয় যে ছাত্র ঐক্য জোট গঠিত হয়েছিল, সেখানেও জামায়াতের অনুসারী ইসলামী ছাত্রশিবির ছিল না, ছিল ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্র ইউনিয়নের মতো ছাত্রসংগঠন। সেই সর্বদলীয় ছাত্র ঐক্যই তৎকালীন রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধ হতে বাধ্য করেছিল। কিন্তু এখন বিএনপি ও ছাত্রদলের প্রধান রাজনৈতিক মিত্র হলো যথাক্রমে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। অনেকের মতে, বিএনপি কর্মসূচি নেয়। আর সেই কর্মসূচিকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী তার উদ্দেশ্য সাধনের চেষ্টা করে। নির্বাচন বা ক্ষমতায় যাওয়া তাদের উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণ-আন্দোলনের জন্য যে জাতীয় ঐক্যের কথা বলেছেন, সেই ঐক্যের প্রধান বাধা হলো জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। বিএনপি ২০-দলীয় জোটের সীমা বাড়াতে অনেক দৌড়ঝাঁপ করেও সুবিধা করতে পারেনি। জামায়াতে ইসলামীসহ জোটের মৌলবাদী দলগুলোকে সব গণতান্ত্রিক শক্তিই অপছন্দ করে। জামায়াতের কারণেই বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারা ও আবদুল কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ জোটে আসছে না। সরকারের বাইরে থাকা বাম ও মধ্যপন্থী দলগুলো সাফ জানিয়ে দিয়েছে, জোটে জামায়াত থাকলে তারা বিএনপির সঙ্গে বসবে না। ফলে খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বান নিষ্ফল রোদনে পরিণত হয়েছে। বিএনপির সমর্থক বুদ্ধিজীবী হিসেবে পরিচিত এমাজউদ্দীন আহমদ ও ডা. জাফরউল্লাহ চৌধুরীরা যতই বলেন, জামায়াতকে ছাড়ো, বিএনপি নেতারা ততই ওই দলের সঙ্গে বাধা রজ্জুটা শক্ত করে ধরেন।
বিএনপির জামায়াতকে কেন প্রয়োজন? বিএনপির নেতারা মনে করেন, জামায়াতকে ছাড়া আন্দোলন, নির্বাচন—কোনোটাই তারা করতে পারবেন না। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দলটি কি এতই দেউলিয়া হয়ে গেল? ১৯৯১ সালে প্রায় অসংগঠিত বিএনপি যদি নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যেতে পারে, যদি ১৯৯৬ সালে আওয়ামী লীগ, জামায়াত ও জাতীয় পার্টির বিরুদ্ধে যুগপৎ লড়েও ১১৬টি আসন পেতে পারে, তাহলে জামায়াতকে ছাড়া আগামী নির্বাচন করতে পারবে না কেন? বিএনপির দ্বিতীয় ভয়, তারা জামায়াতকে ছেড়ে দিলে আওয়ামী লীগ নিয়ে নেবে। যুদ্ধাপরাধের বিচারের আগে সেই সম্ভাবনা থাকলেও জামায়াতের পাঁচ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর সেটি প্রায় অসম্ভব।
আসলে বিএনপি নেতৃত্ব নিজের ওপর ভরসা রাখতে পারছে না বলেই কখনো জামায়াতের ওপর ভরসা করে, কখনো হেফাজতের সমাবেশকে কাজে লাগাতে গিয়ে নিজের সর্বনাশ ঘটনায়। এরা কখনোই গণতান্ত্রিক আন্দোলনের সহায়ক হতে পারে না। বিএনপির নেতারা বলছেন, জামায়াত তাদের আদর্শিক নয় কৌশলগত মিত্র। কিন্তু এই কৌশলগত মিত্র যখন আন্দোলনের নামে সন্ত্রাসী কাণ্ড ঘটাচ্ছে, তার দায় বিএনপি কীভাবে এড়াবে?
২০১৫ সালে তিন মাসব্যাপী দেশব্যাপী অবরোধের নামে দলের বা জোটের প্রকাশ্য তৎপরতা প্রত্যক্ষ না করলেও গুপ্ত হামলা, গুপ্তহত্যা এবং পেট্রলবোমার মহড়া দেখেছে। সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তাঁর অফিসে অবরুদ্ধ করে খুবই অন্যায় করেছে সন্দেহ নেই। কিন্তু তার জন্য দেশবাসীর কাছ থেকে বিএনপি কোনো সহানুভূতি পায়নি উপর্যুপরি গুপ্ত বোমা হামলার কারণে। বিএনপির নেতারা দাবি করছেন, বোমা হামলা তাদের কর্মী বা সমর্থকেরা করেনি। তাহলে কারা করেছে? বিএনপি নেতৃত্ব সেই প্রশ্নের সদুত্তর দিতে পারেনি। আসলে তিন মাসের আন্দোলন সম্পর্কে বিএনপির অধিকাংশ নেতা তখন যেমন অন্ধকারে ছিলেন, এখনো অন্ধকারে। ঢাকায় নীতিনির্ধারক পর্যায়ে বৈঠক করে আন্দোলনের কর্মসূচি ঠিক করা হয়নি। অনেকের মতে, কর্মসূচিটি এসেছে লন্ডন থেকে। লন্ডনে গৃহীত কর্মসূচি দিয়ে ঢাকায় আন্দোলন সফল করা যায় না। বিগত আন্দোলনে বিএনপি জনগণের ওপর ভরসা না করে পেট্রলবোমা ও গুপ্ত হামলার ওপরই ভরসা করেছে। রাজপথে পুলিশের মাথা থেঁতলে দেওয়া কিংবা গুপ্ত হামলা চালিয়ে নিরীহ নারী-পুরুষ ও শিশু হত্যা আন্দোলন নয়।
মির্জার ফখরুলের দাবি করেছেন, ২০১৪ সালের নির্বাচনের আগে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল। তাঁর এই দাবি যদি সত্যও ধরে নিই, মানতে হবে আন্দোলনকারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সেই ঐক্য টেকসই হয়নি। তাঁর মতে, সরকারবিরোধী আন্দোলনে এক হাজার লোক মারা গেছে। কিন্তু কতজন আন্দোলনকারীদের গুপ্ত বোমায় জীবন দিয়েছে, সেই সংখ্যাও দেশবাসীকে জানাতে হবে।
তবে বিএনপি মহাসচিবকে ধন্যবাদ জানাতে হয় যে তিনি একটি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। সেটি হলো ‘মানুষই একমাত্র ভরসা। অন্য কেউ বিএনপিকে কিছু করে দেবে না।’ কিন্তু বিএনপি আন্দোলন-সংগ্রামে সেই মানুষকে যুক্ত না করে জামায়াত-শিবিরকে যুক্ত করে কামিয়াব হতে চাইছে, যা কখনোই সম্ভব নয়। এরশাদ-শাসনের প্রায় পুরো সময় বিএনপি জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন-সংগ্রাম করেছিল। একানব্বইয়ের নির্বাচনে তার ফলও তারা পেয়েছিল। কিন্তু সেই বিএনপির সঙ্গে এখনকার জামায়াতনির্ভর বিএনপির কোনো মিল নেই। তাই মির্জা ফখরুলের কাছে যে প্রশ্নটি করতে চাই তা হলো, নব্বইয়ের বিএনপি কোথায়?