‘দেশের ৭৬ শতাংশ তরুণ মনে করেন, তাঁদের সামান্য প্রভাব আছে বা কোনোই প্রভাব নেই সরকারের সিদ্ধান্তের ওপর। অথবা তাঁরা নিশ্চিত নন তাঁদের প্রভাবিত করার ক্ষমতা সম্পর্কে।’ এই উদ্ধৃতি দিচ্ছি বাংলাদেশ: দি নেক্সট জেনারেশন জরিপের রিপোর্ট থেকে।২০১০ সালে ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে পরিচালিত এই জরিপ যাঁরা করেছিলেন, তাঁদের উচিত হবে দ্রুতই এর একটি ফলোআপ করা। কারণ, সেই জরিপের মাত্র দুই বছরের মাথায় এ দেশের তরুণদের নব-উত্থান দেখছে গোটা পৃথিবী; সেই জরিপের ফলাফলকে অসত্য প্রমাণ করেছে তারা। দীর্ঘদিন পর বিশ্বের গণমাধ্যমে উঠে এসেছে এক ইতিবাচক অন্য রকম আশা-জাগানিয়া বাংলাদেশের চিত্র। চোখ মেললেই দেখা যাবে, সমাজের এক বিরাট অংশজুড়ে নষ্ট তরুণদের দৌরাত্ম্য। এদের বড় একটা অংশই হচ্ছে সচ্ছল পরিবারের বল্গাহীন প্রতিনিধি; সর্বব্যাপী ভোগবিলাস; উন্মত্ততাই যাদের জীবনের লক্ষ্য। এই নষ্ট তরুণেরা সদা ব্যস্ত নিজেদের নষ্ট জগৎকে সমপ্রসারণ করার কাজে। আরেক শ্রেণীর তরুণ আছে যারা ভ্রষ্ট বা বিভ্রান্ত। অন্ধবিশ্বাসে এরা গ্রাস করতে চায় গোটা রাষ্ট্র-রাজনীতি। নিজেকে নিয়ন্ত্রণ করে নষ্টদের কাছ থেকে হয়তো আত্মরক্ষা করা যায় কিন্তু ভ্রষ্টদের বিরুদ্ধে লড়াই করতে হয়। এই তরুণেরা চিন্তা ও চেতনায় তাদের জন্মের আগে ঘটে যাওয়া পাপকে ধারণ করছে। এরা ধর্ষকদের রক্ষা করতে চায়, শিশু ও নারী হত্যাকারীদের জন্য জীবন বাজি রাখে!পাকিস্তানের মশহুর সাংবাদিক হামিদ মির নিজের জবানিতে বলছেন: ১৯৭১ সালে তিনি ছিলেন এক কিশোর। তাঁর বিশ্ববিদ্যালয় শিক্ষক বাবার কাছে তিনি শুনেছিলেন সে সময়কার পূর্ব পাকিস্তানে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার কথা। সেই থেকে তাঁর বুকে তিনি পুষে রেখেছেন পাকিস্তানি বর্বরদের জন্য ঘৃণার আগুন। জীবনের প্রথম সুযোগেই তাই তিনি মাঠে নেমেছেন বাংলাদেশের কাছে পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবি নিয়ে। কিন্তু কী আশ্চর্য, বাংলাদেশের ভ্রষ্ট তরুণেরা তাঁদের বাবা বা পূর্বসূরিদের কাছ থেকেও একাত্তরের সত্যিটা জানতে পারেনি। সম্ভবত পূর্বসূরিদের কাছে শোনা মিথ্যা নিয়েই তারা ভ্রষ্ট রাজনীতির পথে যাত্রা শুরু করেছে। যে বাবা তাঁর পাপ লুকাতে মিথ্যা বিবৃতি দিয়ে সন্তানের জীবন সাজায়, সেখানে কে হতভাগা? বাবা, না সন্তান—সে প্রশ্নের জবাব হয়তো কোনো কালেই মিলবে না। এক পাকিস্তানি নীতিনিষ্ঠ শিক্ষক বাবা ইতিহাসের প্রকৃত সত্য তুলে ধরে তাঁর সন্তানের হাতে তুলে দিয়েছেন আলোর মশাল, আর অপর দিকে বাংলাদেশে সেই পাকিস্তানিদের দোসরেরা অত্যন্ত সচেতনভাবে অসত্য তথ্য আর অন্ধত্ব দিয়ে নিজেদের সন্তানদের ঠেলে দিয়েছে ভ্রষ্টতার পথে। এই ভ্রষ্ট তরুণদল এমন এক দীক্ষায় দীক্ষিত; প্রতিপক্ষের রগ কাটতে যাদের হাত কাঁপে না, বোমা মেরে মানুষ হত্যা করতে যাদের বুকে এতটুকু বাধে না, বাবার সামনে ছেলেকে জ্বালিয়ে দিয়ে তারা উল্লাস করে। আশঙ্কার কথা, এসবই তারা করে ধর্মের নামে।তাহলে নষ্ট ও ভ্রষ্টদের দখলেই চলে যাবে সবকিছু?নিশ্চয়ই না, এই ‘না’-টিই প্রবল শক্তি নিয়ে আজ দৃশ্যমান রাজধানীর শাহবাগ চত্বরে, দেশের প্রত্যন্ত অঞ্চলের নানা চত্বরজুড়ে। নষ্ট ও ভ্রষ্ট তরুণদের বিপরীতে এই চত্বরগুলোতে সূর্যতরুণদের হাত ধরে ফিরে এসেছে একাত্তরের মুক্তিযুদ্ধ, বিজয়ী বাংলাদেশ। অনেকে বলছেন, এটি ফেসবুক বিপ্লব। কিন্তু এটিকে শুধু ফেসবুক বা ব্লগ বিপ্লব বললে এই প্রযুক্তির নেপথ্যে যে সূর্যতরুণেরা রয়েছেন, তাঁদের খুব সংকীর্ণ করে দেখা হবে। এই সূর্যতরুণেরা এই সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে ফিরিয়ে এনেছেন এমন এক চেতনাকে, যে চেতনাকে ধারণ করেই স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ; স্বাধীনতার মাত্র তিন বছরের মাথায় নারকীয় হত্যাযজ্ঞ ঘটিয়ে যে চেতনাকে নির্বাসনে পাঠানো হয়েছিল।কিন্তু একাত্তরের কী অসাধারণ শক্তি! চার দশক পরে সূর্যতরুণদের হাত ধরে কী প্রবলভাবে তার ফিরে আসা। মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত সূর্যতরুণদের তাই লাখো সালাম। তরুণদের এই উদ্যোগ এক নতুন বাংলাদেশকে ছড়িয়ে দিয়েছে বিশ্বময়। দুর্নীতি, প্রাকৃতিক দুর্যোগ আর অস্থিরতার বাংলাদেশকে ছাপিয়ে বিশ্বের গণমাধ্যমে গত দুই সপ্তাহজুড়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ নষ্ট ও ভ্রষ্টদের নয়। ঘরের পাশের দেশগুলোর সংবাদমাধ্যমের কথা বাদ দিয়েও যদি বিশ্বের নামকরা গণমাধ্যমগুলোর দিকে তাকাই, তাহলেও সেই সত্যটি মিলবে। ব্রিটেনের দ্য ইনডিপেনডেন্ট পত্রিকায় দীর্ঘ প্রতিবেদনের শিরোনাম: যে যুদ্ধ বাংলাদেশ কখনোই ভুলে যেতে পারে না [দ্য ওয়ার বাংলাদেশ ক্যান নেভার ফরগেট; ফিলিপ হ্যানশার: ১৯.২.১৩] ; যুক্তরাজ্যেরই আরেক স্বনামখ্যাত সংবাদপত্র দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত প্রতিবেদন: শাহবাগের প্রতিবাদীরা বনাম মিরপুরের কসাই [শাহবাগ প্রটেস্টারস ভার্সেস বুচার অব মিরপুর; তাহমিনা আনাম: ১৩.২.১৩]; যে ইকোনমিস্ট বছরজুড়েই ছড়াচ্ছে নানা বিভ্রান্তি, সেখানেও প্রকাশিত হয়েছে কয়েকটি রিপোর্ট, একটির শিরোনাম; বাংলাদেশ: গণ-অসন্তোষ [মাস ডিসস্যাটিসফেকশন; ১৬.২.১৩]। উইকিপিডিয়ায় খোলা হয়েছে শাহবাগ অধ্যায়, উইকিম্যাপিয়াতে ঢাকার নির্দেশনা সাজানো হচ্ছে শাহবাগকে কেন্দ্র করে। সিএনএন যে রিপোর্ট করেছে, সেটির শিরোনাম হচ্ছে: একাত্তরের চেতনা জাগরিত হয়েছে ঢাকার শাহবাগে [দ্য স্পিরিট অব ’৭১ রাইজেস অ্যাট শাহবাগ স্কয়ার ইন ঢাকা]। নিউইয়র্ক টাইমস লিখছে: গণ-প্রতিবাদে টালমাটাল বাংলাদেশের রাজনীতি [পলিটিক্স অব বাংলাদেশ জলটেড বাই হিউজ প্রটেস্ট], হাফিংটন পোস্ট লিখছে: দলীয় রাজনীতি ছাড়িয়ে: বাংলাদেশ চায় ন্যায়বিচার [বিয়ন্ড পার্টিজান পলিটিক্স; বাংলাদেশ প্রটেস্ট ফর জাস্টিস]; আল-জাজিরা টিভি টপ ফটো অব দ্য উইকে ঠাঁই দিয়েছে শাহবাগ স্কয়ারের ছবি। ইএসপিএন ও ক্রিকইনফো শাহবাগ চত্বরে ক্রিকেটারদের সংহতি প্রকাশের খবর দিয়েছে: ঢাকার প্রতিবাদ সমাবেশে শীর্ষ ক্রিকেটাররা [‘টপ ক্রিকেটারস ভিজিট ঢাকা প্রটেস্ট র্যালি’ [এই শিরোনামে। বিবিসি বলছে: বাংলাদেশে বিশাল সমাবেশ যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড চাইছে [‘হিউজ বাংলাদেশ র্যালি সিকস ডেথ পেনাল্টি ফর ওয়ার ক্রাইমস’]। সব ছাপিয়ে কানে বাজছে সিএনএনের একটি শিরোনাম: জাগো এবং জাগো বাংলাদেশের তারুণ্য: তোমাদের নিজের ক্ষমতা ছাড়া আর কোনো কিছুতেই ভয় নেই তোমাদের [রাইজ অ্যান্ড রাইজ ইয়থ অব বাংলাদেশ, ইউ হ্যাভ নাথিং টু ফিয়ার বাট ইয়োর ওন পাওয়ার]। পৃথিবীর ভিন্ন ভিন্ন ভাষার উল্লেখ করার মতো কোনো গণমাধ্যমই গত দুই সপ্তাহে এড়িয়ে যেতে পারেনি শাহবাগ চত্বরকে। অস্বীকার করার জো নেই কিছু গণমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টাও আছে, কিন্তু শাহবাগের জোয়ারে সবই ভেসে গেছে। বাংলাদেশের যে পর্যায়ের মানুষেরা সাধারণত প্রতিনিয়ত খবর সৃষ্টি করেন, তাঁদের প্রায় কারোরই উপস্থিতি নেই শাহবাগে, যাদের অপকর্ম বাংলাদেশকে বিশ্ব গণমাধ্যমের শিরোনাম করে, তারা তো শাহবাগে অবাঞ্ছিতই কিন্তু প্রায় অখ্যাত-অপরিচিত কিছু তরুণ শাহবাগে সৃষ্টি করলেন অনন্য ইতিহাস। বিশ্বের তাবৎ গণমাধ্যমের সাধ্য কী তাঁদের এড়িয়ে যায়? তাই প্রথামাফিক খবরকে পাশ কাটিয়ে বিশ্বের গণমাধ্যমে আঁকা হলো অন্য এক বাংলাদেশের চিত্র। এই চিত্র কোনো বিশেষ দলের নয়; কিন্তু এই রাজনীতির বিশাল ক্যানভাস হচ্ছে লাখো শহীদের রক্তে ভেজা লাল-সবুজের জাতীয় পতাকা। লক্ষ করুন; এমন একটি প্রজন্ম তৈরি হতে সময় লেগেছে চার দশকেরও বেশি সময়। আজ যে ঘাতকেরা আসামির কাঠগড়ায়, যে দেশটির জন্মই তারা চায়নি, রাজনীতির ভুল অঙ্কের জন্যই দুই দশক ধরে সেই দেশটির জাতীয় পতাকা গাড়িতে ঝুলিয়ে দাবড়ে বেড়িয়েছে তারা। কিন্তু সেই উল্টো স্রোতে ভাসিয়ে নেওয়া যায়নি আমাদের সূর্যতরুণদের। আধুনিক যোগাযোগপ্রযুক্তির পেছনে বসে ধীরস্থিরভাবে নতুন করে তাঁরা বুনেছেন হারিয়ে যাওয়া একাত্তরের বীজ। সেই বীজ থেকেই আজ শাহবাগ হয়ে দেশের সব চত্বরে গজিয়ে উঠেছে একাত্তর নামের নতুন বৃক্ষ। প্রযুক্তির পেছনের চেতনাসমৃদ্ধ তারুণ্য সাফল্যের সঙ্গে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রাণের চাওয়াটুকুকে ধারণ করতে পেরেছিলেন বলেই শাহবাগ চত্বরে মিলিত সবাই আজ একাত্তরস্পর্শী তরুণ। কাজেই এই সাফল্যের নায়ক হচ্ছেন নষ্ট-ভ্রষ্ট তরুণদের হারিয়ে দেওয়া সূর্যতরুণেরা; যাঁদের হাত ধরে ভোরের সূর্য জ্বলজ্বলে থাকে মধ্যরাত গড়িয়েও। শাহবাগের এই সূর্যতরুণেরা কি থেমে যাবেন একটি দাবি আদায়ের পরপরই? না। এই সূর্যতরুণদের জেগে থাকতে হবে প্রচলিত রাজনীতি এবং সমাজের সব নষ্টতা-ভ্রষ্টতা ও আপসকামিতার বিরুদ্ধে। যখনই ধর্মের নামে সাম্প্রদায়িকতার অন্ধকার চাপিয়ে দেওয়ার চেষ্টা হবে, যখনই বাঙালি সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনাকে আঘাত করতে উদ্ধত হবে কোনো কালো হাত, সুস্থ রাজনীতিকে হটিয়ে দিয়ে অরাজনৈতিক বা অপরাজনৈতিক গোষ্ঠী যখন গণতন্ত্রকে গিলে খেতে চাইবে আর যত দিন মানুষ থাকবে সমতা ও ন্যায়বিচারবঞ্চিত, তত দিন এই সূর্যতরুণদের জেগে উঠতেই হবে। কারণ, এটাই হচ্ছে একাত্তরের মূল চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। সূর্যতরুণদের এই উজ্জ্বলতাকে ম্লান করে দেওয়ার চক্রান্ত অবশ্যই পরাজিত হবে; নষ্ট ও ভ্রষ্টদের কালিমা থেকে এ দেশ মুক্ত হবেই। স্বপ্ন দেখি; একদিন এই সূর্যতরুণদের হাত ধরেই মুক্তিযুদ্ধের চেতনামাখা সূর্যতোরণ পেরিয়ে পৌঁছে যাব একাত্তরের স্বপ্নের বাংলায়। মনজুরুল আহসান বুলবুল: সাংবাদিক।[email protected]