ঢাকা উত্তর সিটি করপোরেশন গত বুধবার এক অভিনব প্রদর্শনীর আয়োজন করেছিল, যার আলোকচিত্র সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। রাজধানীর মিরপুর এলাকার দক্ষিণ বিশিলের ‘গোদাখালী খাল’ নামের এক দুর্দশাগ্রস্ত খাল পরিষ্কার করতে গিয়ে সেখানে ফেলে দেওয়া যেসব জিনিসপত্র পাওয়া গেছে, সেগুলোর একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। প্রদর্শনীটি এমনই অভিনব যে তা সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ না করে পারেনি। কারণ, ওই প্রদর্শনীতে দেখা গেছে জাজিম, তোশক, স্যুটকেস, ল্যাগেজব্যাগ, ফ্রিজ, টেলিভিশন, চেয়ার, টেবিল, কমোড, স্কুলব্যাগ, গাড়ির টায়ার ইত্যাদি বিচিত্র বর্জ্য পদার্থের সমাহার।
খালে থাকবে পানির প্রবাহ, পানিতে মাছ ও বিচিত্র সব জলজ প্রাণী ও উদ্ভিদ। খালের বুকের ওপর দিয়ে বয়ে যাবে নির্মল বাতাস। কিন্তু মিরপুরের ওই গোদাখালী খালের আবদ্ধ, নিথর কালো পানিতে আছে ওই সব জিনিস। তার মানে, খালটি পরিণত হয়েছে বর্জ্যের ভাগাড়ে। বর্জ্য পদার্থ উৎপন্ন হয় মানুষের কর্মকাণ্ডের উপজাত হিসেবে: কলে-কারখানায় কিংবা গৃহস্থালিতে। গোদাখালী খালের দুই পাশের বাসিন্দাদের গৃহস্থালির পরিত্যক্ত জিনিসপত্রের গন্তব্য কী হবে, সেগুলো নিয়ে তাঁরা কী করবেন, কোথায় ফেলবেন—এই সিদ্ধান্তহীনতায় ভুগে অবশেষে ওই খালকেই আবর্জনা ফেলার জায়গা হিসেবে বেছে নিয়েছেন। একটি সভ্য দেশের খোদ রাজধানীর একটি এলাকার গৃহস্থালির বর্জ্য ব্যবস্থাপনার এই দুরবস্থা যারপরনাই দুঃখজনক। তবে এখানে নাগরিকদের সিভিক সেন্স ও পরিচ্ছন্নতাবোধের ঘাটতির বিষয়টিও কোনোভাবে উপেক্ষণীয় হতে পারে না। নাগরিকেরা আর কোনো উপায় না পেয়ে একটি খালকে আবর্জনার ভাগাড়ে পরিণত করেছেন—এটা কোনো যুক্তির কথা হলো না। এমন অসংস্কৃত ও দায়িত্ববোধহীন অজুহাত কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
তা ছাড়া নদ-নদী, খাল-বিল ও অন্যান্য জলাশয়ের নির্মল প্রাকৃতিক পরিবেশ রক্ষার বদলে উল্টো এগুলোর দূষণ ঘটানো; এমনকি একটি খালকে ‘হত্যা’ করা পরিবেশ সুরক্ষাবিষয়ক আইন ও বিধিবিধান লঙ্ঘনের অপরাধও বটে। সিটি করপোরেশন গোদাখালী খালটি পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে; কিন্তু তাদের এ উদ্যোগ সফল হওয়া সম্ভব নয় যদি এটা নিশ্চিত করা না হয় যে খালটিকে আশপাশের বাসিন্দারা আবর্জনা ফেলার ভাগাড় হিসেবে ব্যবহার করবেন না। শুধু গৃহস্থালিতে ব্যবহার্য সামগ্রীই নয়, গোদাখালী খাল থেকে প্রায় ২০০ ট্রাক ডাবের খোসা উদ্ধারের ঘটনা থেকে এটাও পরিষ্কার যে ওই খালে ফেলা যাবে না, এমন কোনো বর্জ্য পদার্থই হয়তো নেই।
শুধু মিরপুরের গোদাখালী খাল নয়, রাজধানীসহ দেশের ছোট-বড় সব শহর-জনপদের খাল-পুকুর ও অন্যান্য জলাশয়েও একই রকমের দূষণ ঘটে চলেছে। এগুলোর পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর যেমন নিয়মিত নজরদারি প্রয়োজন, তেমনই নাগরিকদেরও পরিচ্ছন্নতাবোধ ও দায়িত্বশীলতা একান্ত জরুরি।