দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের যাবতীয় আইনকানুন-নীতিমালা প্রণয়ন, সরকারি কর্মকাণ্ড ও আদেশ-নির্দেশনা নাগরিকদের বিভেদ-বিভাজন ও বৈষম্য হ্রাসের লক্ষ্যে পরিচালিত হওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে বহু ক্ষেত্রে এর তেমন প্রতিফলন নেই, বরং রাষ্ট্রীয়ভাবে উল্টোটা ঘটানো হচ্ছে। উদাহরণস্বরূপ গৃহস্থালি কাজে পাইপলাইনের মাধ্যমে কেউ বেহিসেবিভাবে গ্যাস ব্যবহার করলেও তাকে মাসিক পরিশোধ করতে হয় মাত্র ৪৫০ টাকা। অথচ একই কাজে অনেক সতর্কভাবে এলপি সিলিন্ডার গ্যাস ব্যবহারকারীদের মাসিক কমপক্ষে তিন-চার হাজার টাকা ব্যয় করতে হচ্ছে। নতুন শিল্পকারখানা কিংবা আবাসিক ভবনে সর্বত্রই পাইপলাইনে গ্যাস সরবরাহের জন্য আবেদন-নিবেদন-হাহাকার থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণ নির্বিকার। বরং পত্রিকার খবরে জানা গেল, পেট্রোবাংলা বর্তমানে স্থগিত করা আবাসিক গ্যাস-সংযোগ চালুর বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও যৌক্তিকতা সহকারে প্রস্তাব পাঠালেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বারবার তা ফেরত দেওয়া হচ্ছে। একই ঘটনা বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার ক্ষেত্রেও ঘটছে। নাগরিকদের কেউ কেউ গরমকালে ঘরে ঘরে এসি এবং শীতকালে বৈদ্যুতিক রুম হিটার দিব্যি ব্যবহার করে যাচ্ছেন। সরকারি অফিসে ব্যবহূত এসি ও রুম হিটার ব্যবহারের বিদ্যুৎ বিল সরকারি কোষাগার থেকে বহন করা হচ্ছে। অথচ সাধারণ নাগরিকেরা অনেকেই নিজ গৃহে নিজ খরচে সামান্য দু-চারটি বাতি-ফ্যান চালানোর জন্য সরকারের কাছে আবেদন-নিবেদন করলেও বিদ্যুৎসংযোগ দেওয়া হচ্ছে না। আবাসনশিল্পে নির্মিত সারা দেশে হাজার হাজার ফ্ল্যাট গ্যাস-বিদ্যুৎসংযোগের অভাবে ব্যবহারোপযোগী করা সম্ভব হচ্ছে না। অবস্থাদৃষ্টে মনে হয়, প্রশাসনের অভ্যন্তরে একটি মতলববাজ চক্র আছে, যারা নাগরিকদের দুর্ভোগ-দুর্দশা ও সংকটকে পুঁজি করে এই দুটি জনগুরুত্বপূর্ণ খাতে সমস্যা দীর্ঘদিন জিইয়ে রাখতে আগ্রহী। কারণ, এর সুবাদে তারা দেশি-বিদেশি উৎস থেকে বিপুল পরিমাণে প্রতিনিয়ত অবৈধভাবে লাভবান হওয়ার সুযোগ পান এমন কথা বাজারে চালু রয়েছে। নতুনভাবে গ্যাস-বিদ্যুতের সংযোগ স্থগিত থাকলেও চোরাই বা অবৈধ সংযোগ কিন্তু বন্ধ নেই। নতুন সংযোগ দেওয়ার আশ্বাসে অথবা অবৈধ সংযোগ নিরুপদ্রবভাবে ব্যবহারের সহায়তার নামে প্রতি মাসে দেশে বিপুল পরিমাণে ঘুষের টাকা লেনদেন হচ্ছে। এমতাবস্থায়, অনাকাঙ্ক্ষিত নাগরিক বৈষম্য বিভাজন এবং দুর্নীতি হ্রাসে অবিলম্বে গ্যাস-বিদ্যুৎ খাতে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। সারা দেশে গ্যাস-বিদ্যুৎ অপচয় বন্ধসহ এ দুটি খাতে সব অবৈধ সংযোগ এবং দুর্নীতিরোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। শহীদুল আযমউত্তর টোলারবাগ, মিরপুর, ঢাকা।