সম্প্রতি প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আয়তন বাড়ানোর যে সিদ্ধান্ত হয়েছে, তা সময়োপযোগী বলেই ধারণা করি। প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে, তেমনি মেগাসিটির পাশেই বিস্তীর্ণ এলাকার মানুষ প্রায় সব ধরনের প্রশাসনিক ও অবকাঠামোগত সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন, যা কখনোই কাম্য হতে পারে না।
প্রথম আলোর খবর থেকে জানা যায় যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নতুন আটটি ইউনিয়ন যুক্ত হলে আয়তন হবে ১৬০ দশমিক ৭৬৮ বর্গকিলোমিটার। অন্যদিকে দক্ষিণের সঙ্গে আটটি ইউনিয়ন যুক্ত হলে এর আয়তন হবে ১০৯ দশমিক ১৯ বর্গকিলোমিটার। এতে দুই সিটি করপোরেশনের আয়তন দ্বিগুণেরও বেশি হবে।
এসব এলাকার বাসিন্দারা অনেক আগে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হতে চাইলেও একশ্রেণির জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নিজেদের কায়েমি স্বার্থ ও কর্তৃত্ব হারানোর ভয়ে তার বিরোধিতা করে আসছিলেন। সিটি করপোরেশনভুক্ত হওয়ার পর সেখানে যাতে নতুন করে স্বার্থান্বেষী মহল মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। যত দ্রুত সম্ভব বর্ধিত এলাকায় জনপ্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
এমনিতেই ঢাকা শহর গড়ে উঠেছে অবিন্যস্ত ও অপরিকল্পিতভাবে। বর্ধিত অংশে যাতে সেই বিশৃঙ্খল অবস্থা না থাকে সে জন্য সব অবকাঠামো নির্মাণ হতে হবে টেকসই, পরিকল্পিত ও পরিবেশসম্মত। এ ক্ষেত্রে ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) বিষয়টি ভুলে গেলে চলবে না। অপরিকল্পিত নগরায়ণের মাধ্যমে ইতিমধ্যে নদী ও খালগুলোকে ভরাট করা হয়েছে। ভবিষ্যতে যাতে নিম্নাঞ্চল ও জলাশয় ভরাট করে কেউ স্থাপনা না করতে পারে, সে বিষয়েও কঠোর নজরদারি প্রয়োজন।
সিটি করপোরেশনের আয়তন কতটা বাড়ল তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নাগরিকদের কাছে কত দ্রুত সেবা পৌঁছে দেওয়া হলো। আর সে ক্ষেত্রে মহানগর এলাকার সব সেবা সংস্থার কাজে সমন্বয় ও সংহতি আনা জরুরি। সেটি সম্ভব না হলে সম্প্রসারিত ঢাকা নগরবাসীর জন্য প্রশ্নবোধক চিহ্ন হিসেবেই থেকে যাবে।