নাগরিকেরাই পরিবেশ বাঁচায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইডেনে যাওয়া হলো বিশ্ব পরিবেশ দিবসের কয়েক দিন আগে। সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে বিশ্বের আটটি দেশের আট সাংবাদিক সুইডেনের পরিবেশ নিয়েই কিছু বাস্তব অভিজ্ঞতা লাভ করলেন। স্টকহোম ও মালমো শহরের বিভিন্ন পাওয়ার পয়েন্ট উপস্থাপনা এবং হাতে-কলমে সে বিষয়ে জানার সুযোগ হয়েছে এ সময়। ঢাকা মহানগর থেকে স্টকহোমের মতো শহরে পৌঁছানোর পর প্রথমেই যা চোখে পড়বে, তা হলো নিয়মানুবর্তিতা। বিশ্বাস করুন, এই নিয়মানুবর্তিতার জন্য ধনী দেশ হওয়ার প্রয়োজন নেই। শহরে চলাচলকারী যানবাহন, পথচারী, রাস্তার দোকান-রেস্তোরাঁর সব মানুষ জানে, তাদের শহরটিকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে হলে নিজেদের সচেতনতাই সবার আগে জরুরি। সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান অর্থ দিয়ে, পরিকল্পনা দিয়ে সাহায্য করবে মানুষকে। কিন্তু বসবাসকারী নাগরিক নিজে যদি সচেতন না হয়, তাহলে সব পরিকল্পনাই ভেস্তে যাবে। কানাডা, গ্রিস, লাটভিয়া, তুরস্ক, হাঙ্গেরি, পোল্যান্ড, মেক্সিকো ও বাংলাদেশ থেকে একজন করে সাংবাদিককে নিয়ে ছিল চার দিনের কর্মশালা। ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত তা চলেছে। দিনের বেশির ভাগ সময়ই কেটেছে সুইডেনের পরিবেশবিষয়ক বিভিন্ন পরিকল্পনার সঙ্গে পরিচিত হয়ে। পরিবেশ নিয়ে সুইডিশরা কতটা সজাগ, তার একটি উদাহরণ: ২০১২ সালের ৩০ জানুয়ারিতেই স্টকহোম সিটি কাউন্সিল প্রকাশ করেছে স্টকহোম পরিবেশ পরিকল্পনা ২০১২-২০১৫। এই তিন বছরে কীভাবে শহরের পরিবেশ রক্ষা করা হবে, তারই পরিকল্পনা এটি। মনে রাখা দরকার, ২০১০ সালে ইউরোপীয় কমিশন স্টকহোমকে ইউরোপের মধ্যে সবচেয়ে সবুজ শহর হিসেবে স্বীকৃতি দেয়। সেই সম্মান ধরে রাখার জন্য অবিরত চেষ্টা করে যাচ্ছে শহরটি।সুইডেন দেশটা বড়, কিন্তু জনসংখ্যা ইউরোপের মধ্যে সবচেয়ে কম। মাত্র ৯০ লাখ মানুষের বসবাস দেশটিতে। এই জনসংখ্যার ৯০ শতাংশই বাস করে দেশটির দক্ষিণ অংশে। দেশের ৫০ ভাগ জমিই বনাচ্ছাদিত। একেবারে উত্তরে এমন জায়গা আছে, যাকে ইউরোপের শেষতম বাসস্থান বলা হয়। এহেন দেশটির রাজধানী নিয়ে কথা হচ্ছে। পাঠক আপনার বাংলাদেশি অভিজ্ঞতা নিয়ে লেখাটি পড়বেন। দেখবেন, পরিকল্পনা ও তার বাস্তবায়ন একটি দেশের পরিবেশকে কতদূর সহনশীল করে তুলতে পারে। এও ভাববেন, সুইডেনের তুলনায় আমাদের এই দেশটাকে পরিবেশ বিষয়ে আরও বেশি সচেতন হওয়া উচিত হলেও আমরা আসলে পরিবেশ রক্ষায় কী করছি?স্টকহোম সিটি কাউন্সিলের মূল ছয়টি লক্ষ্য হলো ট্রাফিক, রাসায়নিক নিঃসরণ, শক্তি বা জ্বালানি, জমি ও পানি, বর্জ্য, বাড়ির ভেতরের পরিবেশ।বিশদ এই শিক্ষাসফরের মধ্যে যে বিষয়গুলো মনকে নাড়া দিয়েছে, তারই কিছু আলোচনা এখানে হবে। গাড়ি চলাচলের রাস্তার ডান ধারের সারিটি সাইকেলচালকদের জন্য। রাস্তায় লালবাতি জ্বলে উঠলে বাস-গাড়ি তো বটেই, সাইকেল আরোহীরাও দাঁড়িয়ে পড়ে। এই দৃশ্যটি দৃষ্টিনন্দন তো বটেই, সেই সঙ্গে সচেতনতারও এক নিদর্শন। কল্পনায় ব্যস্ত ঢাকার রাস্তাকে আনলেই বোঝা যাবে, আইন অমান্য করার প্রতিযোগিতায় আমরা কতটা তৎপর। ওভারটেক, লেইন মেনে না চলা, চলন্ত গাড়ির মাঝ দিয়ে পথচারী পারাপার, মোটরসাইকেল আরোহীদের বেমালুম বাঁ দিক দিয়ে ওভারটেক করার প্রবণতা ইত্যাদি কত ধরনের সমস্যা আমরা নিজেরাই তৈরি করেছি। কিংবা সিএনজি অটোরিকশা ও ট্যাক্সির ভাড়া নিয়ে আজীবন যুদ্ধ করে যাচ্ছি। নির্ধারিত ভাড়ায় এসব যানবাহনে চলাচল করার স্বপ্ন সোনার পাথরবাটির মতোই। এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার জন্য যদি কেউ থাকে এবং কাজ করে, তাহলে ষোলআনা না হোক, চৌদ্দ আনা সমস্যারই কিন্তু সমাধান হয়ে যায়। সে রকম কর্তৃপক্ষ আমাদের আছে, কিন্তু কেন হয় না, সেটাই তো প্রশ্ন। স্টকহোমের রাস্তা দিয়ে চলতে চলতে মনে হয়, আমরা চাইলেই নিয়মানুবর্তী হতে পারি। কিন্তু চাই না। সে যা হোক, তুলনামূলক এই চিত্রটি সত্যিই পীড়িত করে মন। বাল্টিক বায়োগ্যাস বাস প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার লেনার্ট হলগ্রিন যোগাযোগব্যবস্থা নিয়ে যে উপস্থাপনা হাজির করেন, তা যে পরিবেশ বাঁচাতে সাহায্য করবে, সে ব্যাপারে আমাদের দ্বিধা থাকে না। যদিও পরিবেশ-সচেতন যে কেউই বিষয়টি জানেন, তবু সাধারণ মানুষের জন্য কথাটা আরেকবার বলে নেওয়া ভালো। একটি শহরের ট্র্যাফিক-ব্যবস্থা কার্যকর রাখতে হলে ব্যক্তিমালিকানাধীন গাড়ি কমিয়ে আরামদায়ক বাসের সংখ্যা বাড়াতে হবে। স্টকহোমে গাড়ি কেনার সংগতি আছে অসংখ্য মানুষের। তাঁরা গাড়ি কেনেনও। কিন্তু অফিসে যাওয়া কিংবা প্রয়োজনীয় কেনাকাটার জন্য তাঁরা ব্যবহার করেন সরকারি পরিবহন, তথা বাস। দূরে কোথাও বেড়াতে গেলে কিংবা পারিবারিক কোনো ভ্রমণে ব্যবহার করেন নিজস্ব গাড়ি। গাড়ি কেনাকে নিরুৎসাহিত করতে সেখানে ‘কার পুল’-এর কথা ভাবা হয়েছে। অর্থাৎ যেকোনো সময় নির্দিষ্ট ফি দিয়ে গাড়ি ব্যবহার করা যাবে। এতে নিজস্ব গাড়ি না থাকলেও গাড়িতে চড়ার সুযোগ থাকবে। চেষ্টা করা হচ্ছে, গাড়িগুলো যেন প্রাকৃতিক গ্যাস কিংবা ইথানলে চলাচল করে। তিন মাইলের বেশি দূরে নয়, এমন স্থানে হেঁটে বা সাইকেলে চলাচলের জন্য উৎসাহিত করা হচ্ছে নগরবাসীকে। একই কথা বিমানযাত্রা নিয়েও। ৩০০ কিলোমিটারের কম ভ্রমণের জন্য ট্রেন বা বাস ব্যবহার করা উচিত বলে মনে করেন সুইডিশ যোগাযোগ বিশেষজ্ঞরা। ৩০০ কিলোমিটারের বেশি হলেই কেবল বিমানের কথা ভাবা যায়। জ্বালানির মাধ্যমে পরিবেশদূষণের বিষয়টি সুইডিশ সরকার ভাবছে বহু আগে থেকেই। কী করে এই দূষণের মাত্রা কমানো যায়, তা নিয়ে রীতিমতো গবেষণা করছে। শহরের পরিবেশ যেন জ্বালানির কারণে দূষিত না হয়, সে চেষ্টার কমতি নেই। স্টকহোমের ৩৩ শতাংশ নাগরিক স্কুল বা অফিসে যায় সাইকেলে, ভারি ট্রাফিকের সময় ৭৭ শতাংশ মানুষ ব্যবহার করে পাবলিক ট্রান্সপোর্ট। গ্যাস ও ইথানল-চালিত গাড়ির সংখ্যা বাড়ছে, জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানোর জন্য নানা ধরনের চিন্তা-ভাবনা। বাড়ি বানানোয় যেসব সরঞ্জাম ব্যবহার করা হয়, সেগুলো নিয়েও সচেতনতার দরকার আছে। ৭৬ হাজার পণ্য সুইডেনে তৈরি হয় বা আমদানি হয়ে আসে, এর মধ্যে ১৪ হাজার পণ্যই রাসায়নিক। এই রাসায়নিক পদার্থের মধ্যে অনেকগুলোই পরিবেশবান্ধব নয়, মানব-স্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ। স্টকহোম চেষ্টা করছে এই ঝুঁকিপূর্ণ রাসায়নিক পদার্থগুলো থেকে নিজেদের রক্ষা করতে। বাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান, সাধারণ মানুষ, বিজ্ঞানীদের নিয়ে সংলাপের মাধ্যমে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে স্টকহোম সিটি কাউন্সিল।সময়ের সঙ্গে সুইডেনে জ্বালানি ব্যবহার বেড়েছে। শেষ ২০ বছরে এই বৃদ্ধির পরিমাণ ১২ শতাংশ। কিন্তু ২০০৭-২০০৮ সালে স্টকহোমে মাথাপিছু জ্বালানির ব্যবহার কমেছে ৯ শতাংশ। ২৫ হাজার ৪৩২ কিলোওয়াট থেকে তা কমে ২৩ হাজার ৯৬৩ কিলোওয়াট হয়েছে।পরিসংখ্যান দিয়ে অনেক কিছু বোঝানো যায়, আবার অনেক কিছুই তাতে অস্পষ্ট থাকে। স্টকহোম শহর নিয়ে নগর পরিকল্পক, সিটি কাউন্সিল, সাধারণ জনগণের যে অদম্য স্বপ্ন, সেটা পরিসংখ্যানের সংখ্যা দিয়ে বোঝানো যাবে না। দূষণমুক্ত শহর গড়ে তোলার ক্ষেত্রে জনরুচি ও গণসচেতনতা গড়ে তোলা যে কতটা প্রয়োজনীয়, সেটা কী বলে বোঝানো যায়? স্টকহোমের মানুষেরা নিজেদের শহর নিজেরাই পরিচ্ছন্ন রাখছে নিজেদেরই স্বার্থে। এ কথা আমরা বুঝি না, তা নয়। নগর-সংস্কৃতি তো এমনিতে গড়ে ওঠে না, বৃহৎ নাগরিকদের আচার-আচরণ, কৃষ্টি থেকেই সেই শহরটির সংস্কৃতি একধরনের অবয়ব পায়। একজন বিদেশির চোখে যখন এয়ারপোর্ট থেকে ঢাকা মহানগরে পদার্পণের দৃশ্য দেখব, তখনই বুঝে ফেলব, আমরা আমাদের রাজধানীকে বাঁচানোর জন্য কিছু পদক্ষেপ নিই বটে, কিন্তু সেগুলো আসলে এতটাই বিচ্ছিন্ন এবং মনোযোগহীন যে নগর উন্নয়নে তার কোনো ছাপ দেখা যায় না। স্টকহোমেরই এনেবিবেরি নামের একটি ছোট্ট হাউজিং এলাকা আছে, যা চেষ্টা করছে সৌরবিদ্যুৎ দিয়ে চলতে। মি. স্টিগ রাহম সৌরবিদ্যুৎ ব্যবস্থাপনার জন্য সারা বিশ্ব চষে বেড়িয়েছেন। এরপর স্থিত হয়েছেন এই এলাকায়। সারি সারি বাড়িতে আলোকোজ্জ্বল দিনগুলোতে সূর্যের আলো সংরক্ষণ করা হয়। শীতকালে সেই সংগৃহীত শক্তি ব্যবহার করা হয় বাড়ি উষ্ণ রাখার জন্য। এটি একটি অসাধারণ ব্যবস্থা। এ ব্যাপারে এবং শিল্প শহর মালমো কীভাবে পরিকল্পনার আওতায় সবুজ শহরে পরিণত হলো, তা নিয়ে আগামী লেখায় দৃষ্টিপাত করব।জাহীদ রেজা নূর: সাংবাদিক।