নাজনীনদের বাঁচাতেই হবে

ঘর বাঁধার স্বপ্ন কে না দেখে? নাজনীন আক্তারও দেখেছিল। তাই তো সে প্রেমিকের কাছে ছুটে আসে। কিন্তু প্রেমিক শুধু প্রতারণাই করেননি। একেবারে প্রাণেই মেরে ফেলেছেন। কিশোরী নাজনীনের এমন করুণ মৃত্যু মেনে নেওয়া যায় না।
৭ ফেব্রুয়ারি প্রথম আলোর ২০ নম্বর পৃষ্ঠায় নাজনীনের খবরটি ছাপা হয়। খবর অনুযায়ী, নাজনীনের বয়স হয়েছিল মাত্র ১৫ বছর। বাড়ি নরসিংদীর মাধবদী উপজেলায়। মুঠোফোনে কথা বলতে বলতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার হোটেল কর্মচারী নাছিরের (২৪) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একদিন বাড়ি থেকে পালিয়ে সে প্রেমিকের কাছে আসে। আর প্রেমিক তাঁর দুই বন্ধুসহ নাজনীনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন।
আমাদের চট্টগ্রাম প্রতিনিধির দেওয়া তথ্য অনুযায়ী, নাজনীনের পরিবার খুব একটা সচ্ছল নয়। সে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে। একটি স্থানীয় কারখানায় সে কাজ করত। নাছির নিশ্চয়ই নাজনীনকে সুন্দর একটি জীবনের স্বপ্ন দেখিয়েছিলেন। সেই স্বপ্ন তাকে এতটাই বিভোর করেছিল যে কারও কথা ভাবেনি। প্রেমিকের কথা বিশ্বাস করেছিল। কিন্তু প্রেমিক তার বিশ্বাসের দাম এভাবেই দিলেন। বেঘোরে প্রাণটাই চলে গেল নাজনীনের।
শুধু নাজনীন নয়, আমাদের দেশে এ রকম প্রেমের ফাঁদে পড়ে আরও অনেক কিশোরী-তরুণীর সর্বনাশ হয়েছে। তাঁদের কেউ নাজনীনের মতো ধর্ষিত হয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কেউ সর্বস্বান্ত হয়েছেন, কেউবা নিজের জীবন দিয়েছেন। উদাহরণ হিসেবে কয়েকটি ঘটনার কথা উল্লেখ করছি। ২০১৫ সালের ঘটনা। হবিগঞ্জের নবীগঞ্জের ঘোলডুবা গ্রামের লিটনের প্রেমের ফাঁদে পড়েন সিলেটের দক্ষিণ সুরমার জাফরিন সুলতানা নামের এক কলেজছাত্রী। লিটন নিজেকে লন্ডনপ্রবাসী বলে পরিচয় দেন। এমনকি জাফরিনকে লন্ডন নিয়ে যাওয়ারও আশ্বাস দেন। জাফরিন লিটনকে এতটাই বিশ্বাস করেছিলেন যে তাঁর হাতে ২ লাখ ৮০ হাজার টাকা আর ২৪ ভরি স্বর্ণালংকারও তুলে দিয়েছিলেন। টাকা ও স্বর্ণালংকার পাওয়ার পর থেকেই লিটন জাফরিনকে এড়িয়ে চলতে শুরু করেন। বিষয়টি জাফরিন তাঁর বাবা-মাকে জানালে তাঁরা লিটন সম্পর্কে খোঁজখবর নিয়ে জানতে পারেন, তিনি আদৌ কখনো লন্ডনে যাননি এবং তাঁর ঠিকানাও ভুয়া। প্রেমিকের এ বিশ্বাসঘাতকতা সইতে পারেননি জাফরিন। তাই গত বছরের ৪ মে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউপির নুরজাহানপুর গ্রামের ইব্রাহীম আলীর (২২) সঙ্গে একই গ্রামের এক দিনমজুরের মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে ইব্রাহীম মেয়েটির সঙ্গে একাধিকবার দৈহিক সম্পর্ক করেন। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিয়ের কথা বললেও ছেলেটি আর বিয়ে করেন না। পরে গর্ভপাত ঘটিয়ে মেয়ের বাবা-মা কোনো রকমে সমাজের কাছে নিজেদের মুখ রক্ষা করেন।
মাসুদের সঙ্গে মুঠোফোনে প্রেম হয়েছিল সুরভীর। বগুড়ার সারিয়াকান্দী উপজেলার এই কলেজছাত্রীর সঙ্গে প্রেম করার কিছুদিন পর মাসুদ তাঁকে বেড়াতে নিয়ে যান যমুনার দুর্গম চরে। সেখানে তিনি নিজে ও তাঁর পাঁচ বন্ধু মিলে সুরভীকে ধর্ষণ করার পর হত্যা করেন। ঘটনাটি ঘটেছে গত জানুয়ারি মাসে।
দক্ষিণ কেরানীগঞ্জে গত বছরের সেপ্টেম্বর মাসে প্রেমের ফাঁদে ফেলে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছেন প্রেমিক ও তাঁর বন্ধুরা। শুধু তা-ই নয়, এ সময় তাঁরা মুঠোফোনে ধর্ষণের ভিডিও ধারণ করেন।
প্রেম শাশ্বত একটি ব্যাপার। যুগে যুগে নর ও নারী একে অন্যের প্রেমে পড়েছেন। প্রেম করার পর ঘর বেঁধেছেন। সুখে জীবন পার করেছেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রেমের নামে মেয়েদের সর্বনাশ করা হচ্ছে। সামাজিক মূল্যবোধের যে অবক্ষয় ঘটছে, এসব ঘটনা তারই প্রমাণ। এ নিয়ে প্রতিবাদী হওয়ার বা সোচ্চার হওয়ার এখনই সময়।
একজন কিশোরী বা তরুণীর এ ধরনের প্রেমের ফাঁদে পড়া বিচিত্র কিছু নয়। বিশেষ করে বয়ঃসন্ধিক্ষণে উপস্থিত হওয়া কিশোরীরা এ রকম প্রেমের ফাঁদে বেশি পড়ে। জীবনের কঠিন বাস্তবতা এ বয়সীদের জানার কথা নয়। তাই সহজেই তারা ভুল করে। ভুল সিদ্ধান্ত নেয়। যেটার মাশুল গুনতে হয় পরবর্তী সময়ে। কাজেই এই বয়সী সন্তানদের প্রতি বিশেষ করে মেয়েদের প্রতি বেশি খেয়াল রাখতে হবে বাবা-মা ও অভিভাবকদের। এই বয়সের সন্তানেরা কাদের সঙ্গে কথা বলছে, কাদের সঙ্গে মিশছে, সে ব্যাপারে সব সময় খোঁজখবর রাখতে হবে। এ ছাড়া মা-বাবাকে সন্তানদের বন্ধু হতে হবে, যাতে সন্তানেরা সব কথা তাদের খুলে বলে। কোনো কিছু গোপন না করে। ছেলেসন্তানেরা যাতে বখে না যায়, সে জন্য তাদের ছোটবেলা থেকেই পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিতে হবে। এতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব।
আমরা চাই, যারা এভাবে কিশোরী-তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে তাদের সর্বনাশ করছে, তাদের ধর্ষণ করছে, হত্যা করছে, তাদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। দৃষ্টান্ত তৈরি না হলে নাজনীন, জাফরিন আর সুরভীর মতো আরও অনেককে অকালে জীবন দিতে হবে। নাজনীনদের আমাদের বাঁচাতেই হবে।
রোকেয়া রহমান: সাংবাদিক