৩১ মে বুধবার দিবাগত রাত দুইটায় নাটোর সদর উপজেলার চক আমহাটি গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেনের বাড়ির দরজায় লাথি পড়ে। সাদাপোশাকে ছয়জন ও ইউনিফর্ম পরা দুজন পুলিশ সদস্য তোফাজ্জল হোসেনের ২২ বছর বয়সী ছেলে সোহেল রানাকে আটক করেন। তোফাজ্জল কারণ জানতে চাইলে পুলিশের সদস্যরা কারণ না বলে গালাগাল করেন এবং সোহেল রানাকে মারতে মারতে নিয়ে যান। তারপর তাঁরা ওই গ্রামের আরও তিনটি বাড়ি থেকে ১৬ বছর বয়সী দুই কিশোর ও ২৫ বছর বয়সী এক যুবককে ধরে নিয়ে যান। কোনো বাড়ির মানুষকেই তাঁরা আটকের কারণ বলেন না।
পরদিন আটক কিশোর-তরুণদের অভিভাবকেরা নাটোর সদর থানায় গিয়ে ওসিকে আগের রাতের ঘটনা জানিয়ে তাঁদের ছেলেদের আটক করার কারণ জানতে চান। ওসি তাঁদের বলেন এসআই আবদুল্লাহ আল মামুনের সঙ্গে কথা বলতে, যাঁর নেতৃত্বে আগের রাতে ওই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়েছে। কিন্তু এসআই সাহেব অভিভাবকদের সঙ্গে কথা বলেন না ব্যস্ততার কারণ দেখিয়ে। থানা চত্বরেই পরিচয় প্রকাশ না করে এক লোক আটক কিশোর-তরুণদের অভিভাবকদের বলেন, জনপ্রতি ৫০ হাজার টাকা দিলে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হবে। কিন্তু অভিভাবকেরা তাতে সম্মত হন না।
ফলে আটক কিশোর-তরুণেরা থানায় নির্মম নির্যাতনের শিকার হন। উপরন্তু এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহের একটি মারামারির মামলার আসামি হিসেবে তাঁদের তালিকাভুক্ত করে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
শনিবার প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনের এই বিবরণ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর একশ্রেণির সদস্যের জন্য নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। সারা দেশেই এ ধরনের ঘটনার খবর প্রায়ই সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। পুলিশের সদস্যদের কোনো জবাবদিহি নেই। সংবাদমাধ্যমে প্রকাশিত অভিযোগ তাঁরা সম্পূর্ণভাবে অস্বীকার করেন। কিন্তু এটা দেশের আইন প্রয়োগব্যবস্থার জন্য ভীষণ ক্ষতিকর হচ্ছে, পুলিশ বাহিনীর ওপর মানুষের আস্থা নিঃশেষিত হতে চলেছে। পুলিশের ঊর্ধ্বতন মহল ও সরকারের উচিত এখনই এগুলো বন্ধ করার কার্যকর উদ্যোগ নেওয়া, নইলে একটা সময়ে এ দেশে আইনের শাসন বলে কিছুই অবশিষ্ট থাকবে না।