চরম প্রতিকূল পরিবেশের মধ্যে কাজ করেও নারায়ণগঞ্জের বিসিক হোসিয়ারি শিল্পনগরীর কারখানাগুলো যে বছরে গড়ে আড়াই হাজার কোটি টাকার পণ্য রপ্তানি করছে, সে জন্য তাদের সাধুবাদ জানাই।
বুধবার প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, নারায়ণগঞ্জের পঞ্চবটী এলাকায় এই শিল্পনগরীর সামনের সড়ক ও ভেতরের মূল দুই সড়কই বেহাল। পিচ উঠে ইট বের হয়ে গেছে, জায়গায় জায়গায় গর্ত। ভাঙাচোরা সড়কের কারণে প্রতিদিন ভোগান্তিতে পড়েন চার শতাধিক কারখানার প্রায় সোয়া দুই লাখ শ্রমিক। একটু বৃষ্টি হলেই সড়কে জমে যায় হাঁটুপানি। অনেক কারখানায় পানি ঢুকে নষ্ট হয় মূল্যবান জিনিসপত্র। নালাগুলো অপ্রশস্ত এবং অনেক জায়গা ভরাট হয়ে শিল্পনগরীর পেছনের খালের বড় অংশ দখল হয়ে গেছে। ফলে ভারী বৃষ্টি হলেই পুরো এলাকায় পানি জমে যায়। তখন শ্রমিকেরা অনুপস্থিত থাকেন। ফলে উৎপাদন বিঘ্নিত হয়।
কিন্তু কেন এমন হবে? আমরা জানি, ছোট-বড় যেকোনো শিল্পকারখানা স্থাপন করার আগে ও পরে কর্তৃপক্ষ পারিপার্শ্বিক পরিবেশ তথা যাতায়াতব্যবস্থার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে। এতে কারখানায় পণ্যের উৎপাদন এবং মালিক, শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত নির্বিঘ্ন হয়, বজায় থাকে শিল্প উপযোগী কর্মপরিবেশ। যে শিল্পনগরী থেকে বছরে আড়াই হাজার টাকার পণ্য রপ্তানি হয়, সেখানকার রাস্তাসহ সামগ্রিক পরিবেশ এতটা শোচনীয় হয় কীভাবে, তা আমরা বুঝতে অক্ষম।
বিসিক শিল্প মালিক সমিতির দেওয়া তথ্য অনুযায়ী, এসব সমস্যার কথা বিসিক কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু কোনো প্রতিকার মেলেনি। বিসিক কর্তৃপক্ষ বলেছে, যথেষ্ট টাকা বরাদ্দ না পাওয়ায় এসব ঠিক করা সম্ভব হচ্ছে না। সরকারি বরাদ্দ পাওয়া গেলে এই সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু প্রশ্ন হচ্ছে এই সরকারি বরাদ্দ পাওয়ার ব্যাপারে কি বিসিক যথেষ্ট পদক্ষেপ নিয়েছে? সরকারকে তারা কি কোনো তাগিদ দিয়েছে? তাদের এই উদাসীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিসিক শিল্পনগরীর শিল্পকারখানায় উৎপাদনপ্রক্রিয়া সচল রাখার দায়িত্ব যেমন বিসিক কর্তৃপক্ষের ওপর বর্তায়, তেমনি ওই এলাকার যাতায়াত এবং কর্ম উপযোগী পরিবেশ নিশ্চিত করার দায়দায়িত্বও কিন্তু তাদেরই। সময়ের কাজ সময়মতো না করলে যা হওয়ার কথা এই ক্ষেত্রেও ঠিক তা–ই হয়েছে। বিসিক কর্তৃপক্ষ যথাসময়ে উদ্যোগী হলে এই শিল্পনগরীর অবস্থা এত খারাপ হতো না।
আমরা চাই নারায়ণগঞ্জের বিসিক হোসিয়ারি শিল্পনগরীর এই দুর্দশার দ্রুত অবসান ঘটুক। এখান থেকে লাখ লাখ কোটি টাকার পণ্য বিদেশে রপ্তানি হোক। সরকারের শিল্প মন্ত্রণালয়কেও এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে।