আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচন। প্রথমবারের মতো দলীয় প্রতীকে এ নির্বাচন হতে যাচ্ছে। ফলে এই নির্বাচনের প্রতি স্থানীয় ও জাতীয় রাজনীতির কুশীলবদেরও আগ্রহ লক্ষ করা যাচ্ছে। নির্বাচন কেমন হবে, তা অনেকাংশে নির্ভর করছে নির্বাচন কমিশন (ইসি), নির্বাচনের কাজে নিয়োজিত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার ওপর।
নিকট অতীতে বর্তমান ইসি যেসব নির্বাচন পরিচালনা করেছে, তাতে তাদের ব্যর্থতা ও ভীরুতা ধরা পড়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসি নিজের ক্ষমতা খুব কম ক্ষেত্রেই প্রয়োগ করেছে। এতে ইসি ও নির্বাচনীব্যবস্থার প্রতি জনগণ আস্থা হারিয়েছে। এখন তাদের প্রথম ও প্রধান কর্তব্য হবে সেই আস্থা পুনরুদ্ধার। উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারি মাসে বর্তমান ইসির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সে ক্ষেত্রে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনই সম্ভবত তাদের শেষ পরীক্ষা।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপিসহ বিভিন্ন দলের প্রার্থীরা অংশ নেওয়ায় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনটি যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে হলে ইসিকে সম্পূর্ণ সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কারও মুখের দিকে না তাকিয়ে স্বাধীনভাবে সব সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও দলগুলোর সঙ্গে আলোচনা করে ইসি একটি সনদ বা সমঝোতাপত্র তৈরি করতে পারে, যা সংশ্লিষ্ট সবাই মেনে চলতে বাধ্য থাকবেন।
ইতিমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা হয়ে গেছে। প্রার্থিতা বাছাই ও প্রত্যাহারের পর আনুষ্ঠানিক প্রচার হবে। এরপর ভোট গ্রহণ। পুরো নির্বাচনী প্রক্রিয়ায় সব দল ও প্রার্থীর জন্য মাঠ সমতল করতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। ইসি থেকে এই বার্তা দিতে হবে যে আইন সবার প্রতি সমান, আচরণবিধি লঙ্ঘন করে কেউ পার পাবেন না।
নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী, পক্ষ ও দলের প্রতি আমাদের আহ্বান থাকবে, নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। ভোটারদের ওপর যে তাঁদের আস্থা আছে, সেটি প্রমাণ করতে হবে কাজের মধ্য দিয়েই।