নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমত, বর্তমান নির্বাচন কমিশনের ভাবমূর্তি সন্তোষজনক নয়। সর্বশেষ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের দৃঢ়তা ও নিরপেক্ষতার প্রকট অভাবের বিস্তর অভিযোগ পাওয়া গেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের ব্যর্থতা জাতিকে হতাশ করেছে। দেশের দ্বিতীয় বৃহত্তম দল বিএনপি ও তার শরিক দলগুলো নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে আসছে। তারা এমন কথাও একাধিকবার বলেছে যে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না বলে তারা মনে করে। তবে তারপরেও স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচনে তাদের সমর্থিত প্রার্থীরা অংশ নিয়েছেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনেও বিএনপির সমর্থিত প্রার্থী অংশ নিচ্ছেন; তিনিই এ নির্বাচনে সরকারি দল-সমর্থিত প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী। সিইসির সঙ্গে মতবিনিময়ের সময় বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিভিন্ন এলাকায় তাঁর কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি কয়েকটি বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন, কিন্তু কোনো প্রতিকার পাননি। তিনি আরও বলেন, তিনি যখন নির্বাচনী গণসংযোগ করেন, তখন লোকজন তাঁকে জিজ্ঞাসা করেন তাঁরা নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারবেন কি না, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কি না। তিনি নির্বাচনকালে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন।

সরকারদলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভীও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে নিশ্চিত নন। বরং তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে নির্বাচনকালে তৃতীয় কোনো পক্ষ ‘অঘটন’ ঘটাতে পারে।

প্রার্থীদের এসব আশঙ্কার অবসান ঘটাতে সিইসির মৌখিক আশ্বাস যথেষ্ট নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইতিমধ্যে শতাধিক অভিযোগ জমা পড়ার পরও কমিশন কোনো উদ্যোগ না নেওয়ায় সংশয় থেকেই যায়। শুধু প্রার্থীদের আশ্বস্ত করাও যথেষ্ট নয়, নির্বাচনের সার্বিক পরিবেশ এমন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ভয়ভীতিমুক্ত হতে হবে, যাতে সব ভোটার নির্ভয়ে ও নিরাপদে নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

সিইসি বলেছেন, তাঁরা এই নির্বাচনকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। জনগণ তাঁদের এই গুরুত্বদানের সুফল দেখতে চায়।