মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী নিহত হওয়ার দুই মাসের ব্যবধানে নারায়ণগঞ্জে সন্ত্রাসীরা আবারও হামলার ঘটনা ঘটাল, যার শিকার হয়েছেন তারই চাচাতো ভাই অর্ণব ওয়াহিদ। শুক্রবার রাত সোয়া আটটার দিকে শহরের খানপুরে অবস্থিত বিআরটিসি বাস ডিপোর সামনে দুর্বৃত্তরা অর্ণবকে লক্ষ্য করে গুলি করলে তিনি আহত হন। ত্বকী হত্যার পর চাষাঢ়া এলাকা নিরাপদ না মনে করে অর্ণব মহল্লার ভেতরের রাস্তা দিয়ে চলাফেরা করতেন। কিন্তু দুর্বৃত্তদের রোষ থেকে তিনি রেহাই পাননি। হাতে গুলিবিদ্ধ অর্ণব বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আইনের শাসন কায়েমে দৃঢ়প্রতিজ্ঞ বলে দাবিদার বর্তমান সরকারের আমলে নারায়ণগঞ্জে একের পর এক হত্যা-হামলার ঘটনা ঘটলেও অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না। ফলে তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। ত্বকী ও অর্ণবের ঘটনার যোগসূত্র থাকাও অস্বাভাবিক নয়। ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেছেন, ‘অর্ণবকে গুলি করা নারায়ণগঞ্জে ধারাবাহিক খুনের ঘটনারই অংশ।’ স্বভাবতই প্রশ্ন আসে, দুই মাসেও কেন ত্বকী হত্যার তদন্তে অগ্রগতি নেই? কেন সব আসামি গ্রেপ্তার হলো না? এর মাধ্যমে নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন জনগণকে কী বার্তা দিতে চায়? অর্ণবের ওপর হামলার ঘটনা তদন্ত করার কথা জানিয়েছে তারা। এই তদন্ত কত দিন চলবে, কবে শেষ হবে? ত্বকী হত্যার সঙ্গে জড়িত হিসেবে অভিযুক্তরা যেখানে প্রকাশ্যে বিচারপ্রার্থীদের হুমকি দিয়ে বেড়াচ্ছে, সেখানে পুলিশের তাদের খুঁজে না পাওয়া রহস্যজনক। নারায়ণগঞ্জের অপরাধ ও অপরাধীদের শিকড় নিশ্চয়ই তাদের অজানা নয়। দলমত-নির্বিশেষে সব অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে নারায়ণগঞ্জ সন্ত্রাসের জনপদই থেকে যাবে। আমরা আর তদন্ত-তদন্ত খেলা দেখতে চাই না। চাই ত্বকী হত্যার সুষ্ঠু তদন্ত এবং আসামিদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তি। কেবল হত্যার বিচারই পারে পরবর্তী হত্যাকাণ্ড থেকে নারায়ণগঞ্জের নিরীহ মানুষকে রক্ষা করতে। অবিলম্বে অর্ণবের ওপর হামলাকারীদের খুঁজে বের করা হোক। আর ত্বকী হত্যার বিচারের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী ‘আইন নিজস্ব গতিতে চলবে’ বলে যে ওয়াদা করেছিলেন, তার ব্যত্যয় ঘটবে না বলেই আমাদের প্রত্যাশা।